
সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেকেই চিনতাম না। এমনকি তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হওয়ার পরও তাঁর খোঁজ নিইনি। পরিচয় জানতে চেষ্টা করিনি। কিন্তু ঘাতকের হাতে জীবন দিয়েই তিনি বিখ্যাত হলেন। সারা বিশ্বে তাঁর নাম ছড়িয়ে পড়ল। জীবনের চেয়ে মৃত্যু অনেক বেশি মহীয়ান করেছে এই বাঙালি নারীকে।
কলকাতার মেয়ে সুস্মিতা বিয়ে করেছিলেন সুদের ব্যবসায়ী জানবাজ খানকে, আমরা যাঁকে কাবুলিওয়ালা বলি। একসময় বাংলাদেশেও কাবুলিওয়ালারা সুদের ব্যবসা করতেন। স্বাধীনতার পর এখানে সেই ব্যবসা বন্ধ হলেও ভারতে বন্ধ হয়নি, এ ঘটনা তারই প্রমাণ।
সুস্মিতার জন্ম কলকাতায়, ১৯৫৬ সালে। শৈশব থেকেই স্বাধীনচেতা। বাবা-মায়ের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিনি নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিকার হিসেবে নাম কুড়িয়েছেন। ১৯৮৪ সালে বন্ধু রুমার মাধ্যমে পরিচয় হয় সুদর্শন আফগান যুবক জানবাজের সঙ্গে। তারপর প্রেম ও চার বছরের মাথায় বিয়ে। এই বিয়েতে বাড়ির কেউই রাজি ছিলেন না। কিন্তু সুস্মিতা তাঁর সিদ্ধান্তে ছিলেন অটল।
বিয়ের এক বছরের মাথায় জানবাজ তাঁকে বেড়ানোর কথা বলে আফগানিস্তানে নিয়ে যান। সুস্মিতা সেখানে গিয়ে দেখেন, জানবাজ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ঘরে তাঁর আরেক বউ আছে। সেই থেকে শুরু সুস্মিতার দুর্বিষহ জীবন। একদিকে স্বামীর প্রতারণা, অন্যদিকে স্বামীর চাচা ও ভাইদের পীড়ন। আফগানিস্তানে স্বামীর অনুপস্থিতিতে ভাইয়েরাই স্ত্রীর অভিভাবক। তাঁদের অনুমতি ছাড়া এক পা-ও নড়া যাবে না। সুস্মিতাকে না জানিয়েই বছর দুই পর জানবাজ আবার কলকাতায় ফিরে আসেন। সুস্মিতা দমলেন না। এলাকার মেয়েদের চিকিৎসার জন্য একটি ক্লিনিক খুললেন। রোগীদের সেবা দিতে থাকলেন। কিন্তু মুজাহিদ ও তালেবান তা মেনে নিতে পারল না। তারা সুস্মিতাকে মেরে ফেলার হুমকি দিল। কিন্তু শিক্ষিত বাঙালি মেয়ে সুস্মিতা তা মানবেন কেন? একবার জোটবদ্ধ হয়ে কয়েকজন তালেবান তাঁকে মারতে এলে সুস্মিতা কালাসনিকভ রাইফেল তাক করে বলেছিলেন, ‘আমি তোমাদের হাতে মরব না। এই রাইফেল দিয়ে আগে তোমাদের মারব। তারপর আমিও মরব।’
আফগানিস্তানে মেয়েরা বড় অসহায়। তালেবানরাজ কায়েম হওয়ার পর তো মেয়েদের স্কুলে-বাজারে যাওয়া, হাসপাতালে চিকিৎসা নেওয়া—সব বন্ধ। একা ঘরের বাইরে বের হওয়া নিষেধ। সুস্মিতা তাঁর বই কাবুলিওয়ালার বাঙালি বউ-এ লিখেছেন, ‘এখানে মেয়েদের পরিচয় শুধু শয্যাসঙ্গিনী, রাঁধুনি আর সন্তান উৎপাদনের মেশিন। মানে থ্রি ইন ওয়ান। সংসারের সবাইকে সেবাযত্ন করে নতুন কিছু সৃষ্টি তাঁকে করতেই হবে। অর্থাৎ, সন্তানের জন্ম দিতে হবে। যদি কোনো কারণে কেউ সন্তান জন্ম দিতে অক্ষম হন, তবে তাঁর ঘরে সতিন আসবেই। এই নিয়ম শিথিল হওয়ার নয়।’
সুস্মিতা বন্দিদশা থেকে মুক্ত হওয়ার চেষ্টা বহুবার করেছেন। দেশে যাওয়ার জন্য একবার পালিয়ে পাকিস্তানে পর্যন্ত এসেছিলেন। কিন্তু জানবাজের আত্মীয়রা তাঁকে পাকড়াও করে বাড়িতে নিয়ে যায়। আবার বন্দিজীবন। আবার তাঁর ওপর অমানুষিক পীড়ন।
আমরা রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ গল্পে আফগানদের যে মানবিক চেহারা পাই, সুস্মিতার দেখা কাবুলিওয়ালারা তার পুরোপুরি বিপরীত। সেখানে সত্য, ন্যায় ও মানবতা বলে কিছু নেই। সেখানে শিক্ষা, জ্ঞান ও সভ্যতার আলো পৌঁছায়নি। সর্বত্র অন্ধকার। নিজের অভিজ্ঞতার আলোকে সেই অন্ধকারের ছবি এঁকেছেন সুস্মিতা। অনেক সময়ই তিনি অন্যায়ের প্রতিবাদ করে লাঞ্ছিত ও প্রহূত হয়েছেন। সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। টানা আট বছর নরকবাসের পর ১৯৯৪ সালে সুস্মিতা প্রিয় জন্মভূমি ভারতে ফিরে আসেন। আবার নতুন করে জানবাজের সঙ্গে জীবন শুরু করেন।
১৯৯৮ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক বই কাবুলিওয়ালার বাঙালি বউ। এরপর মোল্লা ওমর আমি ও তালিবান। এখানেই থেমে থাকেননি সুস্মিতা। তিনি কলকাতায় বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে যুক্ত হন। তাদের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেন। এভাবে কলকাতায় ভালোই চলছিল তাঁর জীবন। কিন্তু মৃত্যু তাঁকে আবার আফগানিস্তানে টেনে নিয়ে যায়। জানবাজের প্ররোচনায় আবারও আফগানিস্তানে যান এবং ৪ সেপ্টেম্বর একদল ঘাতকের নিশানা হন। পরদিন বাড়ির সামনে তাঁর লাশ পাওয়া যায়।
মৃত্যুই তাঁকে টেনে নিয়ে যায় আফগানিস্তানে।
সুস্মিতা তাঁর বইয়ে আফগান সমাজে নারীর প্রতি যেসব নিষ্ঠুর নির্যাতন করা হয়, তার মর্মস্পর্শী বিবরণ দিয়েছেন নানা ঘটনা ও চরিত্র উল্লেখ করে। আছে সেই পশ্চাৎপদ সমাজের অমানবিক প্রথা ও কুসংস্কারের কথাও।
১৯৮৯ সালে সুস্মিতা যখন আফগানিস্তানে যান, তখন দেশটি শাসন করছিল সোভিয়েত-সমর্থিত নজিবুল্লাহ সরকার। কিন্তু গুটি কয়েক শহরেই তাদের নিয়ন্ত্রণ ছিল। বিশাল গ্রামাঞ্চল ছিল মুজাহিদ বাহিনীর দখলে। দুই পক্ষের লড়াইয়ে হাজার হাজার নিরীহ মানুষ জীবন দিয়েছে, শত শত জনপদ বিরান হয়ে গেছে। সোভিয়েত সেনারা যুবকদের সন্দেহ করত। গ্রামে গ্রামে গিয়ে তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করত। আবার মুজাহিদরা এই খবর শুনে সেসব গ্রাম জ্বালিয়ে দিত। ফলে বহু গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। ১৯৮৯ সালে নজিবুল্লাহর পতন ঘটলে মুজাহিদদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়। একদিকে গুলবুদ্দিন হেকমতিয়ার, আরেকদিকে রাব্বানি। সুস্মিতা লিখেছেন, ‘আবার নতুন করে জনগণের রক্ত দিয়ে ইতিহাসের পাতা লাল হতে লাগল।...কাবুলের রাস্তায় লাশের পাহাড়। নরনারী-শিশুর ছিন্নবিচ্ছিন্ন দেহ রাস্তায় মাটির সঙ্গে মিশে যেতে লাগল।’
১৯৯৪ সালে দেশে ফিরে আসার ১৭ বছর পর যখন সুস্মিতা আবার আফগানিস্তানে ফিরে যান, তখন অনেকেই অবাক হয়েছিলেন। তিনি যুক্তি দেখিয়েছিলেন, আফগানিস্তানের ওপর আরও কিছু বই লিখবেন এবং সে জন্য তাঁর তথ্য সংগ্রহ করতে যাওয়া দরকার।
আট বছরের বন্দিজীবনের কাহিনি বিবৃত হয়েছে সুস্মিতার বই কাবুলিওয়ালার বাঙালি বউ-এ। কিন্তু তার পরের কাহিনি আরও মর্মান্তিক, আরও নৃশংস। এবারে ঘাতকেরা তাঁকে পৃথিবী থেকেই সরিয়ে দিল।
প্রথমে ধারণা করা হয়েছিল, তালেবানই তাঁকে হত্যা করেছে। কিন্তু পরে অনুসন্ধানে জানা যায়, তালেবান বা পাকিস্তানি চরমপন্থী গ্রুপ হাক্কানি নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দুই সদস্য ধরাও পড়েছে। অন্যদিকে সুস্মিতার পরিবারের সন্দেহ, তাঁর স্বামী জানবাজ ও তাঁর পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সুস্মিতার ভাই গোপাল বন্দ্যোপাধ্যায়, যিনি জানবাজের সঙ্গে সুস্মিতার বিয়েকে সমর্থন করেছিলেন, বলেছেন, ‘প্রথমে আমি অবাক হয়েছি, জানবাজ আমাদের কাউকে ফোন করেননি। আমরা গণমাধ্যমে খবরটি শুনে তাঁকে টেলিফোন করি। কিন্তু ফোন বন্ধ পাই। এরপর আমরা যখন কাবুলে ভারতীয় দূতাবাসে টেলিফোন করে জানতে চাই, সুস্মিতার মৃত্যুর খবরটি আমাদের জানানো হলো না কেন? জবাবে দূতাবাসের কর্মকর্তারা বললেন, জানবাজ তাঁদের জানিয়েছেন, তাঁর কাছে আমাদের কোনো ফোন নম্বর নেই।’ (আউটলুক, ২৩ সেপ্টেম্বর ২০১৩)
জানবাজের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে গোপাল বলেন, ‘গত জুলাইয়ের ফোনের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, তিনি বহুবার টেলিফোন করেছেন। যখন সুস্মিতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তখন তিনি আমাকে ফোন করেছেন। জানবাজের টেলিফোন সুস্মিতা না ধরলে তিনি আমাকে ফোন করে বলেন, “পাগলিকে দাও।”’
গোপাল আরও বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম, ওঁদের সম্পর্কটি শেষ হয়ে গেছে। কেননা জানবাজের যে ভাই কলকাতায় খুন হয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর (জানবাজ) নতুন করে সম্পর্ক হয়েছে। তার পরও সুস্মিতাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কী উদ্দেশ্য থাকতে পারে?’
মৃত্যুর আগের দিন ফেসবুকে বন্ধু শৈলিনীকে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন। কাল কাবুল, তারপর দিন ভারত...।’
তাহলে কি জানবাজ এই পরিকল্পনা আঁচ করতে পেরেই সুস্মিতাকে খুন করেছেন? এভাবেই কি দেশে-বিদেশে সুস্মিতারা জীবন দেবেন? কে সুস্মিতার ঘাতক, তা হয়তো কোনো দিনই জানা যাবে না। কেননা তিনি যেই দেশটিতে খুন হয়েছেন, সেই দেশটিতে সরকার থাকলেও তা কার্যকর নয়। আইন থাকলেও তার প্রয়োগ নেই। সেখানে মানবতা নেই, আছে তালেবানের দৌরাত্ম্য।
ভবিষ্যতে যাতে আর কাউকে সুস্মিতার ভাগ্য বরণ করতে না হয়, সে জন্যই ঘাতককে চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্বের সর্বত্রই নারী বঞ্চিত ও পীড়িত। কিন্তু সুস্মিতার ভাষ্য অনুযায়ী আফগান নারীদের বঞ্চনা ও বেদনা তুলনারহিত। সেখানে নারীকে মানুষ হিসেবেই গণ্য করা হয় না, দেখা হয় পণ্য হিসেবে। একজন নারীকে যখন মোটা টাকা দিয়ে ঘরের বউ করে আনা হয়, তখন সেই নারীর কোনো মানবিক ও সামাজিক অধিকারই থাকে না। তাঁর একমাত্র কাজ স্বামীর সংসারের সমস্ত দায় নিজের কাঁধে বয়ে নেওয়া এবং সন্তান উৎপাদন। সুস্মিতা লিখেছেন, ‘আফগানিস্তান একটা আতঙ্কের দেশ।...নারীদের প্রতি লাঞ্ছনা, শিশুদের প্রতি অবহেলা, বৃদ্ধদের অবজ্ঞা—এসব যাঁরা আমার মতো না জানবেন, তাঁদের কিছুই জানা হবে না।
সুস্মিতার বইয়ের পাতায় পাতায় আছে অশ্রু, বেদনা ও হাহাকার। আছে প্রতিবাদের সাহসী উচ্চারণ।
দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যার দায়ে অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। বারাসতের ডিরোজিও কলেজের ছাত্রী অপরাজিতার ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠেছে। গত সপ্তাহে আমরা যখন কলকাতায়, নিউমার্কেট, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিটসহ বিভিন্ন স্থানে মানবাধিকার ও নারী সংগঠনগুলোর উদ্যোগে সমাবেশ হতে দেখেছি।
কিন্তু কলকাতারই আরেকটি মেয়ে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের হত্যার কি বিচার হবে না?
প্রতিটি খুনের রং লাল। প্রতিটি হত্যাই মানবতার অপমান।
সুস্মিতা, আমাদের ক্ষমা কোরো।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]