সৃজনশীল পদ্ধতি ও অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রকাশিত ‘উচ্চ পাস বনাম নিম্ন মান’ সম্পাদকীয়তে অভিভাবক ও শিক্ষার্থীদের মনের আকুলতা প্রকাশ পেয়েছে। অধিকসংখ্যক অভিভাবক শিক্ষামান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কার কথা কে শোনে। বর্তমান সময়ের অভিভাবকেরা ভুক্তভোগী। সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষা গ্রহণ করেও বাচ্চাদের কাছে আমরা আজ অসহায়। মা-বাবা-বড় ভাইবোন কেউ ছোটদের সাহায্য করতে পারছেন না। শিক্ষক আর গাইড বই ছাড়া শিক্ষার্থীরা অসহায়।
বাংলা, ইংরেজি, গণিত পরীক্ষা দিয়ে কিছুটা সন্তুষ্টি থাকলেও আসছে পরীক্ষায় সৃজনশীল ও নৈর্ব্যক্তিক পদ্ধতিতে শিক্ষার্থীরা আঁতকে ওঠে। দুটি বছর বইটি তন্নতন্ন করে শতবার করে পড়ে প্রতি লাইন সবুজ কালি, লাল কালি দিয়ে দাগ টেনে জরাজীর্ণ করে পড়েও পরীক্ষায় যখন জ্ঞান, প্রয়োগ, অনুধাবন ও উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা হলে বসে ঘেমে যায়, তখন অসহায় ভাগ্যবরণ করা ছাড়া উপায় কী?
২৬ ফেব্রুয়ারি এসএসসির জীববিজ্ঞান পরীক্ষায় অধিকসংখ্যক নৈর্ব্যক্তিক অনুধাবন আইটেম থাকায় বিপর্যয়ের আশঙ্কা হয়েছে বেশি। একই অনুধাবন প্রশ্ন একেকজন একেক উত্তর নির্দেশ করেছে। শিক্ষককে প্রশ্ন করা হলে তিনিও সঠিক উত্তরটি বলতে পারেননি। তাঁদের অবস্থা দেখে মনে হয়েছে, সবাই অন্ধকারে ঢিল ছুড়ছে। ভাগ্যক্রমে যার উত্তর সঠিক হবে, সেও না জেনে বৃত্ত ভরাট করেছে।
পাঠ্যবইয়ের এত প্রশ্ন করার উপাদান থাকলেও এমন সব সাংকেতিক চিহ্ন আকারে অনুধাবনবিষয়ক প্রশ্ন তৈরি করা হয়েছে, যা চিন্তা করতে করতে শিক্ষার্থীদের মাথা ঘেমে যায়। সরকার একদিকে গাইড বই নিষিদ্ধ করেছে, অন্যদিকে গাইড বই ছাপানো, টিভিতে বিজ্ঞাপন, বিলবোর্ডে প্রচার চলছে অবাধে। তাহলে আমরা ধরে নেব, গাইড বই ব্যবহারে সরকারের নীরব সমর্থন রয়েছে।
জানামতে, অধিকসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী গাইড বই অনুসরণ করে। তাদের বলা হয়ে থাকে, পাঠ্যবই ভালো করে পড়লে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। কিন্তু পাঠ্যবইয়ের সঙ্গে অধিকাংশ প্রশ্নের কোনো মিল না থাকায় সাধারণ শিক্ষার্থীদের পাস নম্বর তোলাও কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের প্রশ্ন, এ পদ্ধতি কাদের জন্য? ভালো শিক্ষার্থীদের জন্য, মধ্যম মানের শিক্ষার্থীদের জন্য, শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য, অভিভাবকদের খুশি করানোর জন্য, নাকি অন্য কিছু? বিজ্ঞান বিষয়ে, গণিতে সৃজনশীল হয় কীভাবে?
নতুন পদ্ধতি চালু করার জন্য সিলেবাস অবশ্যই সীমিত হওয়া উচিত ছিল। অন্যান্য বই যেভাবে শিক্ষার্থী তন্নতন্ন করে প্রতিটি লাইন পড়েছে, সেখানে ইংরেজি বই না পড়ার ভাগই বেশি। অথচ ইংরেজি বইয়ে এত তথ্য-উপাত্ত বিষয় সংযোজন করা হয়েছে যে বইটিতে এক ইঞ্চি জায়গাও খালি নেই। বিজ্ঞান শিক্ষার্থীদের সমাজ, মানবিকের শিক্ষার্থীদের বিজ্ঞান—একজন শিক্ষার্থী সব বিষয়ে এক্সপার্ট হয় কী করে? না হবে সে ভালো চিকিৎসক, ইঞ্জিনিয়ার, না হবে সে ভালো সাহিত্যিক, সমাজসেবক। আসুন, শুধু নীতিনির্ধারকেরাই নন, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ সমাজের বিদ্বান-বিদুষীদের সমন্বয়ে শিক্ষাপদ্ধতি নিয়ে সত্যিকার সুশিক্ষিত হওয়ার শিক্ষাব্যবস্থা নিই।
শামসুন নাহার, চাউলিয়াপট্টি, দিনাজপুর।