সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর অভিযানে ব্যাপক লুটপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ছিল মামুলি ব্যাপার
সেনাবাহিনীর অভিযানে ব্যাপক লুটপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ছিল মামুলি ব্যাপার
>

মিয়ানমার নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন

জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গত বছর একটি তথ্যানুসন্ধানী মিশন গঠন করে। এক বছরের বেশি সময় অনুসন্ধানের পর গত ২৭ আগস্ট মিশন এই সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে রোহিঙ্গাসহ অন্য জাতিগুলোর ওপর চালানো অপরাধ, সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের ভূমিকা, অপরাধের মাত্রা ও বিচার নিয়ে বিশদ বলা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মানবাধিকার পরিষদে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রথম আলোর পাঠকদের জন্য সংক্ষিপ্ত প্রতিবেদনটি অনুবাদ করে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো তৃতীয় পর্ব


এগারো. সেনাবাহিনী
‘আমার গ্রামে বিদ্রোহের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু সেনাবাহিনীর লোকেরা এসে সাধারণ মানুষকে আক্রমণ করেছে।’
মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর পরিচালিত অভিযানকে বেসামরিক নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে চালানো পরিকল্পিত হামলা হিসেবে আখ্যায়িত করা যায়। হামলা চালানো হয়েছে কোনো বাছবিচার না করে, অধিকাংশই বেসামরিক লোক-অধ্যুষিত আবাসিক এলাকায়। এ ক্ষেত্রে দৃশ্যত সামরিক কোনো উদ্দেশ্য ছিল না। অভিযানে ভীষণভাবে উপেক্ষা করা হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা এবং বেসামরিক লোকজনের ভালোমন্দের বিষয়টি। সেনাসদস্যরা পলায়নপর বা আশ্রয়ের সন্ধানে ছোটা বেসামরিক লোকজনের ওপর সরাসরি গুলি চালিয়েছে এবং গোলা ছুড়েছে। হামলায় নিয়মিতভাবে বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ব্যাপক লুটপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ছিল মামুলি ব্যাপার। হামলার এ চিত্র উত্তরাঞ্চলীয় মিয়ানমারের সংঘাতকবলিত অধিকাংশ এলাকার, বিশেষত ইএওর নিয়ন্ত্রণাধীন এলাকার ভেতরের ও আশপাশের।

এ কর্মকাণ্ড সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনায় অনুঘটক হিসেবে কাজ করেছে। বেসামরিক লোকজনকে হামলার নিশানা বানানোর কারণ, তারা একই জাতিগোষ্ঠীর সদস্য বা তাদের ‘যুদ্ধে সক্ষম বয়সী’ হিসেবে বিবেচনা করা। দৃশ্যত চেষ্টা ছিল, জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর (ইএও) সঙ্গে বেসামরিক লোকজনের সংশ্লিষ্টতার অবসান ঘটানোরও। অভিযানে মানুষের জীবনধারণের অধিকার লঙ্ঘনের একটা ধাঁচ উদ্ঘাটনে এ মিশন সক্ষম হয়েছে। ধাঁচটি হলো বহু মানুষকে আইনবহির্ভূতভাবে হত্যা করা, যার অধিকাংশই করা হয় সামরিক অভিযানের প্রেক্ষাপটে। এই ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নির্বিচারে হামলা, বেসামরিক মানুষকে নিশানা করে হামলা বা সেনা হেফাজতে লোকজন হত্যা কিংবা বিচারবহির্ভূত হত্যার ফলাফল হিসেবে। বৈরিতার সঙ্গে তাৎক্ষণিক বা আপাত কোনো ধরনের সংযোগ ছাড়া অন্যান্য প্রেক্ষাপটেও বেআইনি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। উদাহরণ হিসেবে বলপ্রয়োগ করে লোকজনকে শ্রমে যুক্ত করার প্রেক্ষাপট উল্লেখ করা যায়।

নারী, পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন বা অন্যান্য ধরনের অসদাচরণের ঘটনাতেও মানবাধিকার লঙ্ঘনের একই রকম ধাঁচ লক্ষ করা গেছে। এ নির্যাতন চালানো হয়েছে ইএওর কার্যক্রম নিয়ে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় বা তথ্য সংগ্রহের জন্য বা সেনাবাহিনীর বিরোধীদের প্রতি তাঁরা সহানুভূতিশীল-এমন অনুমানের ভিত্তিতে শাস্তি হিসেবে। জোর করে শ্রমে বাধ্য করতেও নির্যাতনের আশ্রয় নেওয়া হয়। বন্দীশিবিরে তাদের এমন পরিস্থিতিতে রাখা হয়েছে, যা অসদাচরণের শামিল। বেসামরিক লোকজনকে সংঘাতকবলিত এলাকায় সেনাবাহিনীর টহলে সহায়তা করতেও বাধ্য করা হয়েছে। এ সময় কখনো কখনো তাঁদের সামরিক বাহিনীর পোশাক পরানো হয়। এসব ঘটনায় বেসামরিক লোকেরা হামলা ও হতাহতের শিকার হয়েছে।

নারীদের ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার শিকার বানানো হয়েছে। তাঁদের কাউকে কাউকে সেনাসদস্যরা অপহরণের পর হত্যার আগে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছে। জোর করে বিয়ে করার জন্যও নারী ও কিশোরীদের বাছাই করা হয়েছে। পরে নিজেদের বাসাবাড়িতে তাদের যৌন সহিংসতার শিকার বানানো হয়েছে। অনেক ঘটনায় যৌন সহিংসতার সঙ্গে ছিল দুর্ব্যবহার; যার মধ্যে ছিল ঠাট্টা-তামাশা করা, থুতু ছোড়া ইত্যাদি। এ অবস্থা থেকে কোনো নারী পালাতে সক্ষম হলে সেনাসদস্যরা তাঁদের হন্যে হয়ে খোঁজার চেষ্টা চালিয়ে গেছে। তাঁদের পরিবারের সদস্যদের তারা হুমকি দিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তাঁদের সম্পদ ধ্বংস বা চুরি করেছে। নির্যাতন করার এবং বন্দীদের কাছ থেকে তথ্য বা স্বীকারোক্তি আদায়ের উপায় হিসেবেও পুরুষদের ওপর যৌন সহিংসতা চালানো হয়েছে।

নির্বিচারে গ্রেপ্তার ও মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করার সঙ্গে যুক্ত ছিল সেনাবাহিনী। অনেক ঘটনায় মানুষকে তারা জোরপূর্বক গুম করেছে। নারী ও পুরুষ এবং ক্ষেত্রবিশেষে শিশুদের গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়ার পর জোর করে কাজে লাগাতে বা ইএওর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটকে রাখা হয়েছে। বিভিন্ন নির্জন বন্দীশিবিরে অনানুষ্ঠানিকভাবে এক দিন থেকে দুই বছর পর্যন্ত রাখা হয়েছে ভুক্তভোগীদের। তাঁদের অধিকাংশকে গ্রেপ্তার করার কারণ জানানো হয়নি। হাজির করা হয়নি কোনো বিচারকের সামনে। শান রাজ্যের মোনেকোয়ে এলাকায় ২০১৬ সালের নভেম্বর মাসে একটি ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হয়।

মিয়ানমারের অন্যান্য স্থানের মতো উত্তরাঞ্চলীয় মিয়ানমারে অনেকের জীবনেই জোরপূর্বক শ্রমে খাটা এক সাধারণ ঘটনা। সাধারণ মানুষকে জোরপূর্বক শ্রমে খাটানোর ক্ষেত্রে সেনাবাহিনীর নেওয়া পদ্ধতিগত ছাঁচ যাচাই করে দেখেছে মিশন। এর মধ্যে কুলি, পরিখা খনন পথপ্রদর্শক বা বাবুর্চির কাজও ছিল। সেনারা নিয়মিতভাবে গ্রামগুলোতে এসেছে কোনো সতর্কবার্তা ছাড়াই। প্রতিবারই তারা লোকজনকে বাধ্যতামূলক শ্রমের কাজে লাগাতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময়ের জন্য ধরে নিয়ে গেছে। কাউকে কাউকে নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনীর হয়ে লড়াই করার কাজে। প্রতিবেদন তৈরির পুরো সময়জুড়েও সেনাবাহিনী শিশুদের নিয়োগ করেছে। যদিও বিষয়টি বিবেচনায় নিতে তারা কিছু প্রচেষ্টা চালিয়েছে।

উত্তরাঞ্চলীয় মিয়ানমারে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে প্রায়ই শাস্তি দেওয়ার অভিপ্রায়ে। ভীষণ রকমের জাতিগত বা ধর্মীয় বৈষম্যের ভিত্তি ছিল এর প্রেক্ষাপট। উদাহরণ হিসেবে বলা যায়, সামরিক অভিযানকালে বিভিন্ন গির্জা ও ধর্মীয় স্থাপনা বা বস্তু ধ্বংস কিংবা তছনছ করার মধ্য দিয়ে এটি প্রকাশ হয়ে পড়েছে (কখনো কখনো এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জের ধরে পরে বৌদ্ধমন্দির গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে)। এসব কর্মকাণ্ড ঘটানোর সময় অপমানজনক ভাষাও ব্যবহার করা হয়েছে।

বারো. ‘জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর’ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন
‘২০১৬ সালে আমার ছেলেকে জোর করে ধরে নিয়ে গেল। আর কখনো আমি ওর গলার আওয়াজ শুনতে শুনিনি। সারাক্ষণ আমি ফেসবুক দেখি, বেঁচে থাক বা না থাক, যদি কারও পোস্টে ওকে দেখতে পাই।’

ইএও আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে। এর অনেকগুলো ঘটেছে এসএসএ-এস এবং টিএনএলএর মধ্যে বৈরিতাকে কেন্দ্র করে। এ আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কয়েকটি অপহরণ, ধরে নিয়ে যাওয়া, দুর্ব্যবহার এবং বেসামরিক লোকজনের জমি ও সম্পত্তি নষ্ট বা আত্মসাৎ করা। কেআইএ এবং এমএনডিএএসহ এসব গোষ্ঠীর বিরুদ্ধে এমন দৃষ্টান্ত আছে যে তারা হামলা থেকে বেসামরিক লোকজনকে সুরক্ষা দিতে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং জোরপূর্বক প্রাপ্তবয়স্ক ও শিশুদের নিয়োগ করেছে। নির্বিচারে ‘ট্যাক্স’ আদায় করে গোষ্ঠীগুলোর কোনো কোনোটি সাধারণ নাগরিকদের ওপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। যে মাত্রায় ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আরও তদন্তের দাবি রাখে।

ইএওর মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো নিয়ে এই মিশনের তথ্য প্রতিনিধিত্বশীল যদি না-ও হয় তারপরও পরিসংখ্যানটি এ ইঙ্গিত দেয় যে এসব ঘটনা ঘটেছে হরহামেশা, সাধারণভাবে তা পদ্ধতিগত ছিল না। এটি আরও জোরালো তদন্তের দাবি রাখে।

বিপর্যয়কর মানবিক প্রভাব
কাচিন ও শান প্রদেশে দারিদ্র্যের হার বেশি। মিয়ানমারের উত্তরাঞ্চলে বৈরিতা এই মানবিক পরিস্থিতিকে প্রকট করেছে। সংঘাতকবলিত এলাকাগুলোতে আটকে পড়া লোকজনকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। অন্যরা বাড়িঘরে ফিরতে পারেনি; কারণ সেগুলো লুট ও ধ্বংস করা হয়েছে। অব্যাহত লড়াই, ভূমিমাইনের উপস্থিতি বা পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িঘর দখল হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। এতে জড়িত ছিল সেনাবাহিনী ও তাদের সহযোগীরা। ফলে অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে।

কাচিন ও শান রাজ্যে ২০১১ সাল থেকে আনুমানিক ১ লাখ লোক উদ্বাস্তু শিবির বা শিবিরের মতো পরিস্থিতিতে বসবাস করছে। তারা অপরিসর স্থানে ঠাসাঠাসি করে থাকছে। সেখানে খাবার ও স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত ও দীর্ঘস্থায়ী অপুষ্টি জাতীয় গড়ের চেয়ে বেশি। সংক্রামক রোগব্যাধি সেখানে ব্যাপক বলে খবরে জানা যায়। সর্বস্তরের শিক্ষার সুযোগও অপর্যাপ্ত। এ ছাড়া রাজ্য দুটিতে সাময়িকভাবে বাস্তুচ্যুতির চক্র অব্যাহতভাবে বিরাজমান। যারা বাস্তুচ্যুতির শিকার হয়নি, তাদেরও শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ প্রায়ই লড়াইয়ের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

মানবিক সহায়তা কার্যক্রমকে ঘন ঘন ও ইচ্ছেমাফিক বাধাগ্রস্ত করা হয়েছে। স্পষ্ট প্রয়োজনীয়তা থাকার পরও দীর্ঘদিন ধরে সীমাবদ্ধ রাখা হয়েছে ত্রাণকর্মীদের চলাচল। তাঁদের প্রবেশের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয় ২০১৬ সালের জুন থেকে। এ সময়ে বাস্তুচ্যুত লোকজনের সংখ্যাগরিষ্ঠ অংশের চাহিদা বা তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মানবিক সহায়তা কর্মীরা মূল্যায়ন করতে সমর্থ হননি। এতে পরিস্থিতির ভয়াবহতা আরও বেড়েছে। স্থানীয় সংগঠনগুলোকেও ক্রমবর্ধমান বাধার সম্মুখীন হতে হয়েছে।

তেরো. মৌলিক স্বাধীনতা
‘বাঙালি জনগোষ্ঠী বিস্ফোরিত হয়েছিল। বহিরাগতরা স্থানীয় অধিবাসীদের ভূমি দখল করে নিতে চেয়েছিল। [...] একটি জনগোষ্ঠীকে ভূমি গ্রাস করে নিতে পারে না, তা পারে কেবল আরেকটি জাতি। নিজেদের কর্তব্যপালনের মাধ্যমে সবাইকে রাষ্ট্রের প্রতি অনুগত হতে হবে, যাতে আর কোনো দিন এমন ঘটনা না ঘটে।’
-জেনারেল মিন অং হ্লাইং
বর্তমান মিশন গণতান্ত্রিক চর্চা, মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের সুযোগের বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করেছে। বিশেষত ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে মিয়ানমার এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও হতাশাজনক প্রবণতা দেখা গেছে। মিয়ানমার কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নীরবতা কাচিন, রাখাইন, শান রাজ্যসহ অন্যান্য স্থানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনকে উসকে দিয়েছে। একই সময়ে তাঁরা ঘৃণাত্মক বক্তব্য-বিবৃতি ছড়িয়ে অপরাধীদের উৎসাহ জুগিয়েছেন।

মিয়ানমারের কর্তৃপক্ষ, বিশেষত সেনাবাহিনী কোনো তদন্ত বা সমালোচনা সহ্য করে না। যাঁরা গুরুত্বপূর্ণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকেন, নাগরিক সমাজের সেসব কর্মী, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ব্যক্তিদের গ্রেপ্তার, আটক বা হয়রানি করতে সেনাবাহিনী বিভিন্ন আইন প্রয়োগ করে। রাখাইনের ইন দিন গ্রামে সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে অনুসন্ধানী কাজ করার জন্য রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার এবং ইয়াঙ্গুনসহ উত্তরাঞ্চলীয় মিয়ানমারের সংঘাত নিয়ে যাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের বিচারের ঘটনা এর সাম্প্রতিকতম উদাহরণ। মিশন যাচাই করে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য প্রতিশোধ নিতে এবং বিক্ষোভ ঠেকাতে অতিরিক্ত বলপ্রয়োগের সত্যতা খুঁজে পেয়েছে।

বিদ্বেষমূলক বক্তব্য রোধের লক্ষ্যে সরকারের সাড়া ছিল অপর্যাপ্ত। অফলাইন ও অনলাইনে এ ধরনের বক্তব্যের ব্যাপ্তিতে বর্তমান মিশন গভীর অস্বস্তিতে পড়েছে। প্রায়ই জাতীয়, জাতিগত বা ধর্মীয় বিষয়াদি নিয়ে এসব বক্তব্য বৈষম্য, বৈরিতা বা সহিংসতায় উসকানি দিয়েছে। এসব বিশেষত রাখাইন রাজ্যে সহিংসতা ছড়াতে অনুষঙ্গের ভূমিকা পালন করে। রোহিঙ্গা জনগোষ্ঠী ও সাধারণভাবে মুসলমানদের বিরুদ্ধে অমানবিক ও অপবাদপূর্ণ ভাষার ব্যবহারের বিষয়টি অনেক বছর ধরে মাথাব্যথার মতো উগ্রপন্থী বৌদ্ধ গোষ্ঠীগুলোর নেতৃত্বে ‘বর্ণ ও ধর্ম রক্ষা করো’ প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। ঘৃণার বিষয়বস্তুগুলো একই রকমের। মিয়ানমার কর্তৃপক্ষ এসব উপেক্ষা করেছে। তারা সাধারণভাবে কম উসকানিমূলক ভাষা ব্যবহার করলেও তাদের বাগাড়ম্বর এসব বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রতিফলিত ও সমর্থন করেছে।

মিয়ানমারে ‘রোহিঙ্গাদের’ স্থান নেই বা তারা এখানকার বাসিন্দা নয় ইত্যাদি বক্তব্যের কথা এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়। এমনকি রোহিঙ্গাদের ক্ষেত্রে ‘রোহিঙ্গা’ শব্দের ব্যবহারও তারা অস্বীকার করেছে। বাগাড়ম্বরের মধ্যে আরও ছিল রোহিঙ্গাদের দুর্দশাকে অস্বীকার করা, সন্ত্রাসবাদের সঙ্গে তাদের পরিচয়কে যুক্ত করা, বারবার তাদের অবৈধ অভিবাসী বলে আখ্যায়িত করা এবং তাদের অনিয়ন্ত্রিত জন্মহারের কথা প্রচার করা। এসব বাগাড়ম্বরের ফলাফলের সঙ্গে যুক্ত হয়েছে মিথ্যা ও অসম্পূর্ণ তথ্যের প্রবাহ এবং দেশপ্রেমসুলভ পদক্ষেপ গ্রহণের পরিষ্কার আহ্বান (যেমন: ‘প্রত্যেক নাগরিকের দায়িত্ব তার ধর্ম, বর্ণ, সাংস্কৃতিক পরিচয় ও জাতীয় স্বার্থ রক্ষা করা’)। সরকার, সেনাবাহিনীসহ মিয়ানমার কর্তৃপক্ষ এমন এক পরিবেশ লালন করেছে, যেখানে বিদ্বেষপূর্ণ বক্তব্য উসকে উঠেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৈধতা পেয়েছে, বৈষম্য মাথাচাড়া দিয়েছে এবং সহিংসতা গতি পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা ঘৃণা ছড়াতে চেয়েছে, তাদের জন্য ফেসবুক এক কার্যকর উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি এমন এক প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে অধিকাংশ ব্যবহারকারীর জন্য ফেসবুকই হলো ইন্টারনেট। সাম্প্রতিক মাসগুলোতে এ অবস্থার উন্নতি হলেও ফেসবুক কর্তৃপক্ষের সাড়া ছিল ধীরগতির ও অকার্যকর। যে ক্ষেত্রে ফেসবুকের পোস্ট ও বার্তা প্রকৃতই বৈশ্বিক বৈষম্য ও সহিংসতায় নেতৃত্ব দেয়, সেগুলোর অবশ্যই স্বাধীন ও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা দরকার। বর্তমান মিশন বেদনার সঙ্গে বলছে যে, ফেসবুক তার প্ল্যাটফর্মে ঘৃণাত্মক বক্তব্য ছড়ানো সম্পর্কে নির্দিষ্ট দেশভিত্তিক উপাত্ত সরবরাহে ব্যর্থ হয়েছে, যা তার সাড়ার অপর্যাপ্ততার বিষয়টি মূল্যায়নে জরুরি ছিল।

চৌদ্দ. সেনাবাহিনীর অভিযানের স্বরূপ
কাচিন, রাখাইন ও শান রাজ্যে সেনাবাহিনীর অভিযানের প্রধান চারটি অভিন্ন বৈশিষ্ট্য বর্তমান মিশন বিশেষভাবে চিহ্নিত করেছে।
ক. বেসামরিক লোকজনকে নিশানা বানানো
আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের মূলনীতি ‘পার্থক্য, সমতা ও সতর্কতা’র প্রতি শ্রদ্ধা দেখাতে সেনাবাহিনী অব্যাহতভাবে ব্যর্থতা দেখিয়েছে। বেসামরিক মানুষকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি দশকের পর দশক ধরে সেনাবাহিনীর নীতি, কৌশল ও আচরণের অংশ হয়ে উঠেছে। সেনাবাহিনী বিদ্রোহ দমনে ১৯৬০-এর দশকে ‘ফোর কাটস’ নীতি প্রবর্তন করে। এখনো তা কার্যকর। এই নীতিতে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে খাবার, অর্থ, তথ্য ও নিয়োগ-এই চারটি বিষয়ে স্থানীয় জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। এটি কার্যকর করা হয় ‘নির্মূল অভিযানের’ মাধ্যমে। অভিযানে গৃহীত পোড়ামাটি নীতিতে বেসামরিক লোকজনকে হত্যা এবং পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া হয়েছে। গণ-বাস্তুচ্যুতির এটিই কারণ।

এসব নীতি ও কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে মিয়ানমারের দায়বদ্ধতার লঙ্ঘন। আর তার অর্থ হলো এসব অপরাধমূলক আচরণ। এসবের কোনো অনুমোদন নেই। সামরিক প্রয়োজন কখনোই নির্বিচারে হত্যা, নারীদের গণধর্ষণের শিকার করা, শিশুদের ওপর হামলা এবং পুরো গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়ার বৈধতা হতে পারে না। সেনাবাহিনী যে কৌশল নিয়েছে তা অব্যাহত ও সর্বতোভাবে প্রকৃত নিরাপত্তা হুমকির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ; বিশেষত রাখাইন রাজ্যে, তবে মিয়ানমারের উত্তরাঞ্চলেও।

এই প্রতিবেদনে কাচিন, রাখাইন ও শান রাজ্যে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতার রূপরেখা তুলে ধরা হলেও মানুষের জীবন, সংহতি ও স্বাধীনতা এবং সাধারণভাবে আন্তর্জাতিক আইনের প্রতি সেনাবাহিনীর অবজ্ঞা পুরো জনগোষ্ঠীর জন্যই চিন্তার কারণ হওয়া উচিত। এ তিন রাজ্যের বাইরের শরণার্থীদের সংখ্যা মিয়ানমারের অন্যান্য স্থানে একই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অস্তিত্ব প্রতিপন্ন করে।

খ. যৌন সহিংসতা
রাখাইন, কাচিন ও শান রাজ্যে ২০১১ সাল থেকে বেসামরিক লোকজনকে নিশানা করার ক্ষেত্রে বিশেষত ধর্ষণ ও যৌন সহিংসতা গুরুতর ও পুনরাবৃত্তিময় বৈশিষ্ট্য হয়ে রয়েছে। ধর্ষণ ও যৌন সহিংসতার একই রকম ছাঁচের খবর অন্তত তিন দশক ধরে পাওয়া যাচ্ছে। ধর্ষণ, গণধর্ষণ, যৌন দাসত্ব, নগ্ন হতে বাধ্য করা, যৌন নিপীড়ন ও অঙ্গহানির পর ভুক্তভোগীদের প্রায়ই হত্যা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ব্যাপকতা, নিষ্ঠুরতা ও পদ্ধতিগত প্রকৃতি এই ইঙ্গিত দেয় যে ধর্ষণ ও যৌন সহিংসতা হলো বেসামরিক জনগণকে ভয়ভীতি দেখানো, বাধ্য করা বা শাস্তিদানের উদ্দেশ্যমূলক কৌশলের একটি অংশ। এটিকে যুদ্ধকৌশল হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এসব ঘটনা সহনীয় বা স্বাভাবিক হয়ে যাওয়াটা তখনই সম্ভব, যখন দীর্ঘমেয়াদি দায়মুক্তির পরিবেশ বিরাজ করে।

গ. মিথ্যা বাগাড়ম্বর
মিয়ানমার সেনাবাহিনী ঐতিহাসিকভাবে নিজেদের ‘জাতিগত বৈচিত্র্যের প্রেক্ষাপটে জাতীয় ঐক্য’ সংরক্ষণের মাধ্যমে জাতির রক্ষক বলে দাবি করে আসছে। কার্যত অগ্রাধিকার দিচ্ছে দেশটির বৌদ্ধ পরিচিতি ও স্বার্থকে। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে দশকের পর দশক ধরে চালানো বৈষম্যের ঘটনাগুলো ভালোভাবেই নথিভুক্ত করা আছে। সামরিক অভিযানকালে প্রায়ই জাতিগত ও ধর্মীয় বিষয়ে অত্যন্ত অপমানজনক ভাষার ব্যবহার ও সরাসরি হুমকির আশ্রয় নেওয়া হয়।

রোহিঙ্গাদের ক্ষেত্রে দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কলঙ্ক লেপন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ১৯৬০-এর দশক থেকে মিয়ানমারের জাতি হিসেবে তাদের ক্রমে বেশি করে বাদ দেওয়া হয়েছে। এতে তাদের নিয়ে বৈষম্যও বেড়েছে। এটি তাদের রাষ্ট্রহীনতার পথে ও দেশের বড় অংশের মানুষের কাছে নিন্দিত-সমালোচিত হতে কার্যত নেতৃত্ব দিয়েছে। সেনাবাহিনী যেটা লালন করেছে সেই নির্জলা মিথ্যা ও অপমানজনক বাগাড়ম্বর মিয়ানমারের সমাজে স্বাভাবিকভাবে গ্রহণ করার বিষয়টি বর্তমান মিশনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। ‘জাতীয় নৃতাত্ত্বিক গোষ্ঠী’র মর্যাদার আওতায় যেখানে নিতান্ত তাত্ত্বিকভাবে হলেও বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর গ্রহণযোগ্যতা আছে, সেখানে রোহিঙ্গাদের মর্যাদা ঘাটতি তাদের নাটকীয়ভাবে এক দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। এটি তাদের বিরুদ্ধে চরম মাত্রায় ও ব্যাপক সহিংসতা চালানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

ঘ. দায়মুক্তি
সেনাবাহিনী পূর্ণ দায়মুক্তির সঙ্গে কাজ চালাচ্ছে এবং তাদের কখনো জবাবদিহির আওতায় আনা হয়নি। কোনো বিষয়ে তাদের মানসম্পন্ন সাড়াদানের পদ্ধতি হলো অস্বীকার করা, উড়িয়ে দেওয়া এবং বাধা দেওয়া। তারা জনসমক্ষে সেনাসদস্যদের শৃঙ্খলা এবং ‘আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে’ কোনো অভিযান সম্পন্ন হওয়ার ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করে থাকে। তারা অপরাধীদের উৎসাহিত করেছে। কোনো বিষয়ে অকাট্য প্রমাণ হাজির হওয়ার প্রেক্ষাপটে জনগণের মুখোমুখি হয়ে পড়লে তারা কখনো কখনো লোক দেখানো তদন্ত করে। দায়দায়িত্ব প্রদর্শনে তারা অব্যাহতভাবে ব্যর্থতার প্রমাণ রাখছে। কোনো পরিণতির মুখে যাতে না পড়তে হয়, সে জন্য তারা নিজেদের সদস্যসংখ্যা বাড়াচ্ছে। তাদের এমন বৈশিষ্ট্য দেশটির রাজনৈতিক ও আইনি কাঠামোর ফল, যেখানে সেনাবাহিনীকে সব ধরনের বেসামরিক নজরদারি থেকে সরিয়ে রাখা হয়েছে। তাদের ভালোমন্দ নির্ণয়ের অধিকার সাংবিধানিকভাবে তাদের নিজেদেরই ওপর ন্যস্ত করা হয়েছে। সামরিক বিচার-সালিসে সেনাপ্রধান ‘চূড়ান্ত ও অকাট্য’ সিদ্ধান্ত নেন। সেনাবাহিনীর অপরাধের নথিভুক্ত ইতিহাস তাদের দায়িত্বশীল কমান্ড ও অপরাধ প্রতিরোধ বা দমনে ব্যবস্থা গ্রহণের অনুপস্থিতিই তুলে ধরে।

আগামীকাল পড়ুন: গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে