কক্সবাজার সৈকতের পুলিশি ইতিহাসে এই প্রথম উত্ত্যক্ত করার অপরাধে দুই ব্যক্তির শাস্তি হলো। ঘটনাক্রমে উত্ত্যক্তকারী দুই যুবক এবং তাদের উগ্র ও অসম্মানকর আচরণের শিকার তরুণীরা সবাই পর্যটক। বাংলাদেশ বেড়ানোর জন্য নিরাপদ নয়, পর্যটন অনুকূল নয়, এমন ধরনের ধারণা অনেকের মধ্যে কাজ করে। উত্ত্যক্ত করা এবং ভ্রাম্যমাণ আদালতে তার তাৎক্ষণিক বিচার করার এই নজির একই সঙ্গে পর্যটনবান্ধব ও পর্যটনবৈরী উভয় ভাবমূর্তিকেই প্রতিষ্ঠিত করে।
সুন্দর ও বিরাট কোনো নৈসর্গিক স্থান মানুষকে আকর্ষণ করে কেবল তার মনমোহন রূপের জন্যই নয়, প্রকৃতির সান্নিধ্যে নিজেকে ছেড়ে দেওয়ার অবকাশের জন্যও। বিশেষত, কক্সবাজার সমুদ্রসৈকতের মতো অসাধারণ নৈসর্গিক দৃশ্য পর্যটকদের আপ্লুত করবেই। কিন্তু এসব জায়গাতেই দেখা যায় বেড়াতে আসা পর্যটক কিংবা স্থানীয় লোকদের কেউ কেউ অযাচিতভাবে অন্য একজনের প্রকৃতি উপভোগে বাধা দেন। পুরুষদের কেউ কেউ নারীদের স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করেন, উৎকট আগ্রহ প্রকাশ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে উত্ত্যক্ত করা বা যৌন হয়রানিমূলক আচরণ করেন। একেই বলে ফুলের বাগানে সাপ। বিশ্বের সুখ্যাত পর্যটনকেন্দ্রগুলো কেবল সেসবের নৈসর্গিক সৌন্দর্যের জন্যই লাখো মানুষকে টানে না, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগের সুযোগও সেসব স্থানকে প্রিয় করে তোলে। বলতে বাধা নেই, বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে এ দুটোরই বড় অভাব।
বেশির ভাগ ক্ষেত্রেই নারীদের উত্ত্যক্ত করা কিংবা নারী-পুরুষনির্বিশেষে পর্যটকদের হয়রানি-প্রতারণার ঘটনাগুলো চাপা পড়ে যায়। অনেকেই প্রতিবাদ করেন না বা পুলিশের সাহায্য চান না। কক্সবাজার সমুদ্রসৈকতের পর্যটন পুলিশকে ধন্যবাদ যে, অভিযোগ পাওয়া মাত্রই তারা ব্যবস্থা নিয়েছে। এসব স্থানের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে যেমন বেড়াতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তেমনি নিরাপত্তার নামে চলাফেরায় হস্তক্ষেপও করা যাবে না। এই দুইয়ের ভারসাম্য রক্ষাই হলো কাজ।
কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা পর্যটনকেন্দ্রে গিয়ে বেয়াড়া আচরণকেই ‘ফুর্তি’ বলে মনে করেন। এ ধরনের আচরণ কেবল অভব্যই নয়, অন্যের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের দোষে দুষ্ট। মনমানসিকতার বদল না ঘটলে এই ব্যাধি দূর করা কঠিন।