শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত যে কজনকে গ্রেপ্তার করেছে, তাঁদের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক এবং দুজন পুলিশ সদস্য রয়েছেন। এঁরা পুলিশের কলঙ্ক। এঁদের বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হলে পুলিশ সদস্যদের অপকর্ম বন্ধ হবে না।
পত্রিকার খবর অনুযায়ী ১৬টি সোনার বার এখনো উদ্ধার করা যায়নি। তার মানে, এঁরা হাত সাফাইয়ে ওস্তাদ। চিরুনি অভিযান চালানো দরকার। চোরাই সোনার চালান ব্যাপক হারে দেশে আসছে। মাত্র এক দিন আগেও, মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সোয়া সাত কেজি ওজনের ৬২টি চোরাই সোনার বার উদ্ধার এবং তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
রামপুরায় পুলিশ চোরের ওপর বাটপাড়ি করতে গিয়ে সৌভাগ্যবশত ধরা পড়েছে। কিন্তু আরও কত চালান যে চলে যাচ্ছে, তার খবর কে রাখে? দুই দিন আগে খবরটি প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হলে একজন পাঠক মন্তব্য করেন, ‘তাই তো বলি, এত সোনা ধরা পড়ে, তাও সোনার দাম কমে না কেন?’ চোরাই সোনা চোরের হাত থেকে পুলিশ নামধারী এক শ্রেণীর ‘চোরের’ হাতে চালান হয়ে গেলে সোনার বাজারে অস্থিরতা থামবে কীভাবে? রামপুরার আলোচ্য কেলেঙ্কারির হোতারা সোনার বারগুলো দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় এনেছিল ভারতে পাচার করার জন্য। তাহলে কি চট্টগ্রাম বিমানবন্দরকেই নিরাপদ রুট মনে করছে সোনা চোরাচালানিরা?
আটক অভিযুক্ত তিন পুলিশসহ আসল চোরাচালানিদের জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে, ওরা ঘাটে ঘাটে কাকে কত দিয়ে মুখ বন্ধ করেছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিলে হয়তো সোনার বার চোরাচালানি চক্রের বিস্তৃত জালের সন্ধান বের করা যাবে। শুধু তিন-চার পুলিশকে শাস্তি দিয়ে দায় সারা যাবে না।
বিভিন্ন বিমানবন্দরে প্রায়ই সোনার বার ধরা পড়ে। ওগুলো কোথায় যায়, তার একটা হিসাব থাকা দরকার। সরকারের পক্ষ থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করে জানানো হোক, এ পর্যন্ত কত সোনার বার আটক করা হয়েছে এবং সরকারের খাজাঞ্চিখানায় কত জমা পড়েছে। দুয়ের মধ্যে গরমিল থাকলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।
পুলিশের পদ-পদবি-বেতন-ভাতা বাড়ানো হয়েছে। এখন ঝাড়াই-বাছাই করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলতর করতে হবে। এটা খুবই সম্ভব। পুলিশের মধ্যে নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা আছেন বলে মাঝেমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়। এ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।