সোনা চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সোনা চোরাচালানকারীদের জন্য অত্যন্ত লাভজনক ও অপেক্ষাকৃত নিরাপদ রুটে পরিণত হয়েছে বাংলাদেশ। কিছুদিন পরপর দু-একটি করে চালান ধরা পড়ছে বটে, কিন্তু তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোর কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, তবে তা চোরাচালানকারী চক্রগুলোরই প্রাপ্য। শত্রুতাবশত একটি চক্র যখন অন্য চক্রের চালান সম্পর্কে গোয়েন্দাদের জানিয়ে দেয়, তখনই সোনা আটকের ঘটনা ঘটে। বরং এসব আটকের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যও যে ফায়দা লোটেন, এমন অভিযোগও তাদের সূত্রেই পাওয়া গেছে।
এতে কোনো সন্দেহ নেই যে চোরাচালানের সোনা আটকের ঘটনাগুলো হিমশৈলের ওপরের সামান্য অংশ। নিচের যে অংশটি দেখা যাচ্ছে না, তা বিশাল। গত ১৬ মাসে আটক হয়েছে দুই হাজার ২৭ কেজি সোনা! এ থেকেই অনুমান করা যায়, আটক হয়নি এমন সোনার পরিমাণ কত বিপুল হতে পারে। লক্ষণীয় বিষয় হলো, কাগজে-কলমে এক ভরি সোনাও গত পাঁচ বছরে বাংলাদেশে আমদানি হয়নি। এর মানে হলো, এই দেশে সোনার বাজারের পুরোটাই কালোবাজার। শুধুই বাজার নয়, প্রতিবেশী দেশে সোনা পাচারের অত্যন্ত সুগম পথও বটে।
বাংলাদেশ কেন ও কীভাবে সোনা চোরাচালানের সুগম স্বর্ণপথ হয়ে উঠল, তা একটা গভীর অনুসন্ধানের বিষয় হতে পারে। তবে সোনা আটকের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দাদের যেসব বক্তব্য সংবাদমাধ্যমে পাওয়া গেছে, তা থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে।
প্রথমত, প্রতিবেশী দেশে সোনা পাচারের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত লাভজনক একটি পথ হয়ে উঠেছে। এই লাভের ভাগ পেতে চোরাচালান-প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছেন রাষ্ট্রীয় সংস্থাগুলোর একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। বিদেশ থেকে সোনা পাচার হয়ে আসছে ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে; আসছে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে করে। উড়োজাহাজের টয়লেটসহ যত্রতত্র সোনা ধরা পড়ছে। অর্থাৎ, সোনা চোরাচালানকারীদের সঙ্গে যোগসাজশের বিষয়টি পরিষ্কার।
দ্বিতীয়ত, এসব সোনা বিমানবন্দর থেকে বেরিয়ে দেশের ভূখণ্ডের মধ্য দিয়েই প্রতিবেশী দেশে পাচার হয়ে যাচ্ছে; কিন্তু যেতে পারছে কী করে? আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর চোখ-কান খোলা থাকলে, তারা সোনা চোরাচালান দমনে তৎপর থাকলে কি এসব সম্ভব ছিল? চোরাচালান চক্রগুলোর অন্তর্দ্বন্দ্বের সুবাদে খবর পেয়ে দু-একটি চালান আটক করার মধ্য দিয়ে তাদের তৎপরতা প্রমাণিত হয় না। একটি ঘটনায় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যোগসাজশের আলামতই পাওয়া যায়: পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রামপুরা থানার তৎকালীন ওসিকে আটক দুই সোনা চোরাচালানকারীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন বলে জিডি করেছিলেন সেই ওসি।
সহজ-সাধারণ যুক্তি হলো, আইন প্রয়োগকারী ও গোয়েন্দারা সোনা চোরাচালান দমনে যথেষ্ট তৎপর থাকলে বাংলাদেশ সোনা চোরাচালানকারীদের এমন স্বর্গরাজ্য হয়ে উঠতে পারত না। এখন তাদের তৎপর হওয়া অত্যন্ত জরুরি।