সোনার তরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহামানবেরা ভবিষ্যতের অনেকটা দূর পর্যন্ত দেখতে পান। কবিগুরুর মতো মহামানবও বুঝতে পেরেছিলেন, শ খানেক বছর পরে বাংলাদেশে দুটি বস্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি নৌকা, অন্যটি ধানের শিষ। সব দেশের মানুষ নৌকা বানায় কাঠ দিয়ে; কিন্তু ভবিষ্যদ্দ্রষ্টা কবি তাঁর কল্পনার চোখে দেখতে পেয়েছিলেন বাংলার মাটিতে সোনা দিয়েও নৌকা বানানো হবে। তাই তিনি তাঁর কাব্যের নাম দিয়েছিলেন ‘সোনার তরী’।
একই কবিতায় তরি ও ধানকে মেশানো চাট্টিখানি দূরদর্শিতা নয়। বাংলার মাটিতে একই সময় সোনা দিয়ে বানানো হয় তরি, অন্যদিকে রাজনীতির অথই কূলে একা বসে থাকেন কেউ। চেয়ে চেয়ে দেখেন আপাতত দু-এক বছরের মধ্যে ‘নাহি ভরসা’। তিনি দেখতে পাচ্ছেন, ‘চারি দিকে বাঁকা জল করিছে খেলা’। মনে মনে বলছেন, ‘আমার সোনার ধান’, ‘যাহা ছিল নিয়ে গেল সোনার তরী’।
সামন্ততন্ত্রে রাজরাজড়ারা তাঁদের প্রজাকুলের মধ্যে তাঁদের সুখ-দুঃখ দেখতে পেতেন হাতির পিঠে চড়ে। তাঁদের আগমনবার্তা জানানো হতো কাড়া-নাকাড়া বাজিয়ে। গণতন্ত্রের রাজারা তাঁদের প্রজাদের মধ্যে যান কোটি কোটি টাকা দামের গাড়ির পেটের ভেতরে বসে। বাইরে যদি হাড়কাঁপানো শীত থাকে, তাঁদের গাড়ির ভেতরটা তখন আরামদায়ক গরম। বাইরে যখন কাঠফাটা রোদ ও প্রচণ্ড গরম, তখন তাঁদের গাড়ির ভেতরটা শীতল।
বঙ্গীয় গণতন্ত্রের ভোটাররা তাঁদের ভোটটা দিয়েই খালাস নন। ভোট দিয়ে যে বিজয়ীকে বানিয়েছেন রাজা, তাঁকে সংবর্ধনাও দিতে হবে। সেই সংবর্ধনা সভায় গলায় গামছা দিয়ে শুধু ভোটারদের নেওয়া হবে না, তাঁদের ছেলেমেয়েদেরও যেতে হবে। তাদের স্কুল-মাদ্রাসা-কলেজ ফেলে দিয়ে তিন থেকে চার ঘণ্টা ঠায় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হবে। গণতন্ত্রের মহামান্য রাজা তাদের ভেতর দিয়ে গাড়িতে বসে যাবেন সংবর্ধনা প্যান্ডেলে।
এলাকার মাটিতে গণতন্ত্রের রাজা পদধূলি দেবেন, সে জন্য শ খানেক মাইক্রোবাস ও তিন হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা হতেই পারে। লাখ লাখ টাকা খরচ করে অসংখ্য তোরণ যদি তৈরি হয়, তাতেই বা কার কী বলার আছে। মাননীয়কে তো কাঠের বা মাটির তৈরি নৌকা উপঢৌকন দেওয়া যায় না। দিলে দিতে হয় সোনা দিয়ে তৈরি নৌকা: সোনার তরি। কাগজের লোকেরা হাহাকার করে উঠলেন সমস্বরে: এত টাকা দিয়ে সোনার তরি দেওয়ার কী দরকার ছিল? বলা হলো: আরে, ওটা সোনার নয়, রুপার। ওপরের প্রলেপটা শুধু সোনার। সেটাও তো একরকম মাঝারি ধরনের প্রতারণা।
মাননীয়দের যে এত অনুরাগী-সমর্থক, তা ৫ জানুয়ারি পর্যন্ত আমরা জানতে পারিনি। শুধু এই গাড়িওয়ালা হোন্ডাওয়ালারাই যদি ৫ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত থাকতেন, তাহলে তাঁকে দুই দিন দেরি করতে হতো না, ওই দিনই রাতে সিইসি নির্দ্বিধায় বলতে পারতেন, ৩৮ নয় ৬৮ শতাংশ ভোট পড়েছে। ৫ জানুয়ারি এত লোক কোথায় ছিলেন? হোন্ডাওয়ালাদের সংখ্যা এত বেশি যে দলে, সেখানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর হয় কীভাবে?
মাননীয়দের অভিবাদন জানাতে এক এলাকাতেই দেড় শ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ছেলেমেয়েদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে তিন থেকে চার ঘণ্টা। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় সংগ্রাম চলছে। বাংলাদেশে এখন করতে হবে ছাত্রাধিকার রক্ষায় আন্দোলন। ছাত্রছাত্রীদেরই তা করতে হবে। এখন ওরা রাস্তায় দাঁড়িয়েছে অভ্যর্থনা জানাতে, এরপর দাঁড়াতে হবে মানববন্ধনে। সেটি হবে ছাত্রাধিকারবিরোধী তৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন।
বিরোধী দলের হরতাল-অবরোধ শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয়েছে, তা কে অস্বীকার করবে? তবে এখন তারা ঘরে বসে পড়াটা মুখস্থ করতে পেরেছে। সারা দিন সংবর্ধনার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলে পড়বেটা কখন? অবশ্য শিক্ষা বিভাগ বলবে নম্বর বাড়িয়ে বেশি বেশি জিপিএ-৫ পাইয়ে দিলেই তো হলো!
শিশু অধিকার লঙ্ঘিত করে এভাবে ছেলেমেয়েদের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে তাদের অসুস্থ করে দেওয়া খুবই নির্মমতা। আমার পরামর্শ, সামনে মন্ত্রী-সাংসদকে এ-জাতীয় সংবর্ধনা দিলে শিশুদের না নিয়ে ৭০ বছরের বেশি বয়স্ক বুড়োদের, যাঁদের কাজকাম বিশেষ নেই, রাস্তায় সার বেঁধে দাঁড় করিয়ে রাখা যেতে পারে। বঙ্গীয় বুড়োদের অধিকার কিছু খর্ব হলে ক্ষতি নেই। তবু শিশুদের ক্ষমা করুন।
তোরণ ও সোনার তরি তৈরিতে যে টাকা ব্যয় হয়েছে, তা দিয়ে গরিব হিন্দুদের বিধ্বস্ত বাড়িঘর মেরামত করে দিলে তাঁরা উপকৃত হতেন। বিনা ভোটে নির্বাচিত হয়েও ভাগ্যের জোরে তাঁরা কিনবেন কোটি কোটি টাকার শুল্কমুক্ত গাড়ি। যত জমিজমাই থাক, পাবেন ‘নির্বাচিত জনপ্রতিনিধি’ হিসেবে পুরস্কার উত্তরা-পূর্বাচলে প্লট। আরও কত কিছু। সুতরাং সংবর্ধনা একটু ছোট আকারে নিলে ক্ষতি কী?
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।