মাত্র মাস দেড়েক আগে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় যেভাবে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে দুর্বৃত্তরা ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করেছিল, শনিবার বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় তার পুনরাবৃত্তি ঘটল। ভল্ট থেকে লুট হয়েছে প্রায় সাড়ে ৩২ লাখ টাকা, এর মধ্যে অবশ্য সুড়ঙ্গে পড়ে থাকা প্রায় পৌনে নয় লাখ টাকা পাওয়া গেছে। কিন্তু বারবার এভাবে টাকা লুট হতে থাকলে সোনালী ব্যাংক কি তার গ্রাহকদের আস্থা ধরে রাখতে পারবে?
সোনালী ব্যাংকের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পুরোনো ও ঐতিহ্যবাহী ব্যাংকের কাছে সঞ্চয় সব সময় নিরাপদ বলেই মানুষ মনে করে। কিন্তু হল-মার্ক কেলেঙ্কারি ও কিশোরগঞ্জে ভল্ট ভেঙে লুটের পর আবার বগুড়ার ঘটনায় বোঝা যায়, ব্যাংকের ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি রয়েছে। এদিকে নজর দিতে হবে।
প্রহরী নিয়োগ-প্রক্রিয়া ও তাদের ব্যবস্থাপনার পুরো বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার। কারণ, প্রহরীর কাজে গাফিলতি বা দুর্বলতা না থাকলে এ ধরনের সিঁধ কেটে ও ভল্ট ভেঙে টাকা লুট করা কঠিন।
দেশে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। উপজেলা পর্যায়েও বেশ টাকা লেনদেন হয়। ব্যাংকের প্রতিটি শাখার ভল্টে কী পরিমাণ টাকা রাখা যাবে, সে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। আগে উপজেলা পর্যায়ে কোনো ব্যাংকে টাকা জমা থাকত কম, তাই ভল্টের নিরাপত্তাও সে অনুপাতে হয়তো নিম্ন পর্যায়ে ছিল। কিন্তু এখন লেনদেন বেশি, তাই ভল্টের নিরাপত্তা না বাড়ালে দুর্বৃত্তরা প্রলুব্ধ হতে পারে।
ব্যাংক খুব স্পর্শকাতর প্রতিষ্ঠান। সামান্য ঘটনায় বাজারে ভুল সংকেত যেতে পারে। গ্রাহকেরা উদ্বিগ্ন হয়ে পড়লে ব্যাংক-ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তাই বিমার ব্যবস্থা থাকলে গ্রাহকেরা মনে জোর পাবেন। সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ভল্ট বিমা করা ছিল না। সৌভাগ্যবশত ওই ঘটনায় চোর ধরা পড়েছে। র্যাব-পুলিশের তৎপরতায় আদমদীঘির টাকাও উদ্ধার হোক। সেই সঙ্গে চোরদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ ধরনের লুট বন্ধ করা সোনালী ব্যাংককে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।