হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রতিবেদনটি অতিশয় পক্ষপাতদুষ্ট। বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে জনগণের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায় থেকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের অব্যাহতি দিয়ে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানটি স্পষ্টত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লোপাটের এই দৃষ্টান্ত লুটেরাদের আরও উৎসাহিত করবে, যা আইনের শাসনভিত্তিক কোনো দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
দেড় হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটে নেওয়া হয়েছে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে। হল-মার্ক গ্রুপ অস্তিত্বহীন, ভুয়া কতকগুলো প্রতিষ্ঠানের নামে এই অর্থ নিতে পেরেছে কীভাবে? দুদকের তদন্তে এই মৌলিক প্রশ্নটিই এড়িয়ে যাওয়া হয়েছে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের কোনো দায় নেই, তাঁরা নির্দোষ—এমন ছাড়পত্র দেওয়ার আগে দুদকের নিজেকেই প্রশ্ন করা উচিত ছিল, একটি রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বগুলো কী? পর্ষদের সদস্যরা সেসব দায়িত্ব যথাযথভাবে পালন করলে কি হল-মার্ক গ্রুপ ব্যাংকটি থেকে এত বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করতে সক্ষম হতো? দুদকের তদন্তকারীরা কি ভুলে গেছেন যে হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য সাইমুম সরোয়ার কমলকে তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন?
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে হল-মার্কের মালিক-কর্মকর্তাদের অনৈতিক যোগসাজশের ফলে জনগণের এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বটে, কিন্তু বিচার সম্পন্ন করে শাস্তি দেওয়ার উদ্যোগে কতটা সততা ও আন্তরিকতা আছে, তা প্রশ্নাতীত নয়। ঘটনাটি অতি উচ্চমাত্রার রাজনৈতিক প্রভাবদুষ্ট। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ক্ষমতাসীন দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাঁরা পর্ষদের সদস্য হয়েছেন শুধুই সরকারের রাজনৈতিক বিবেচনা থেকে। তা ছাড়া, এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের হোসেনের সম্পৃক্ততাও যথেষ্ট আলোচিত বিষয়।
পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করে নিজেদের নির্দোষ দাবি করেছেন, আর দুদকও একই সুরে তাঁদের দায়মুক্তি দিয়ে প্রতিবেদন দাখিল করেছে। এ থেকে এই পর্ষদের প্রভাবের কিছুটা আভাস মেলে। যেকোনো ব্যাংকের মতোই সোনালী ব্যাংকের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাঁরাই, তাঁদের চূড়ান্ত অনুমোদন ছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনোভাবে এত বিপুল অঙ্কের অর্থ কাউকে দিতে পারে না, দেয়ও না। কিন্তু তাঁদের প্রভাব এমনই প্রবল যে এত বড় অনিয়ম, এমন চাঞ্চল্যকর কেলেঙ্কারির সব দায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাঁরা নিজেরা ধোয়া তুলসীপাতার ছাত্র পেয়ে গেলেন দুদক নামের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কাছে। এই ঘটনা দুদকের ভাবমূর্তির জন্য ভীষণভাবে ক্ষতিকর হবে। অতঃপর আমাদের প্রশ্ন হবে, দুর্নীতি দমন কমিশন কি ক্ষমতাধর ও রাজনৈতিক প্রভাবশালীদের দুর্নীতির বিচারের বাইরে রাখার দায়িত্ব নিয়েছে?