চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির সমস্যা, উৎপাদন ব্যয়, পরিবেশগত সমস্যা—আমাদের বিদ্যুৎ খাত নিয়ে তর্ক-বিতর্কের এগুলোই মূল দিক। পরিবেশ সহায়ক বা নবায়নযোগ্য জ্বালানি এখন দুনিয়াজোড়া আলোচিত ইস্যু। এর অন্যতম উৎস হচ্ছে সৌরবিদ্যুৎ। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের অগ্রগতি খুবই সামান্য। এ ধরনের ক্ষেত্রে সরকারের তরফে যে ধরনের প্রণোদনা প্রয়োজন পড়ে, তা যথাযথভাবে না হওয়ায় কাজের কাজ কিছুই হয়নি।
একটি ইংরেজি পাক্ষিকের আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এটা পরিষ্কার হয়েছে যে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করায় সরকারি উদ্যোগ বাস্তবসম্মত বা সুচিন্তাপ্রসূত ছিল না। বিদ্যুৎ-সংযোগ নেওয়ার ক্ষেত্রে সরকার সৌরবিদ্যুতের আংশিক ব্যবহার বাধ্যতামূলক করার যে নিয়ম করেছিল, তা সুফল দেয়নি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হচ্ছে, এতে বরং সৌরবিদ্যুৎ সম্পর্কে মানুষের ধারণা নেতিবাচক হয়েছে এবং শুধু নিয়মরক্ষার খাতিরেই অনেকে সৌরবিদ্যুতের প্যানেল বসিয়েছেন। এতে কিছু ব্যবসায়ী লাভবান হলেও সৌরবিদ্যুৎ ব্যবহার বা এর উৎপাদনে খুব প্রভাব ফেলতে পারেনি। বলা যায়, যান্ত্রিকভাবেই এই নিয়মটি পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই সমালোচনা পুরো গ্রহণ না করলেও একেবারে নাকচও করে দেননি। আমরা মনে করি, এই গোলটেবিল আলোচনায় সরকারের বর্তমান নীতির এবং গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যাপারে যে পর্যবেক্ষণ উঠে এসেছে, তা বিবেচনায় নিয়ে বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা প্রয়োজন। সরকারের পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুতের ৫ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করার কথা রয়েছে। সেটা যদি করতে হয়, তবে এ ক্ষেত্রে সরকারের প্রণোদনার বিষয়টি কার্যকর পথে হতে হবে, যান্ত্রিকভাবে নয়।
আমরা আশা করব, সরকার বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও আলাপ-আলোচনা করে দেশে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে যথাযথ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেবে।