স্থগিত জিএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তুত জিএসপি স্থগিত করার সিদ্ধান্তটি অকস্মাৎ কোনো ঘটনা নয়। এএফএল-সিআইওর আনুষ্ঠানিক আবেদনের পর থেকে গত ছয় বছরে নানাভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশকে তথা বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। শ্রমপরিবেশের উন্নতির জন্য আহ্বান জানানো হয়েছে। তাতে সরকারের দিক থেকে যথেষ্ট সক্রিয়তা পরিলক্ষিত হয়নি। বরং গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন এবং এ বছরের এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা দুটি পোশাকশিল্পের শ্রমিকদের করুণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিরই প্রতিফলন ঘটায়। অন্যদিকে ১৫ মাসেও শ্রমিক অধিকার সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও বিচার না করাসহ শ্রমিক অধিকার আদায়ে সক্রিয় ব্যক্তিদের ওপর নির্যাতনে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো ক্ষুব্ধ হয়েছে। এ রকম অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি নিয়ে আনুষ্ঠানিক শুনানিতে বাংলাদেশের বক্তব্য-ব্যাখ্যাও যে সন্তোষজনক বিবেচিত হয়নি, তা তো এখন বোঝা যাচ্ছে। মোট কথা, শ্রম অধিকার প্রতিষ্ঠা নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্র সরকারের কাছে অপর্যাপ্ত ও দায়সারা প্রতীয়মান হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আরও দুর্ভাগ্যজনক হলো জিএসপি স্থগিতের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কিছু মানুষের নেতিবাচক প্রচারণাকে দায়ী করা হয়েছে। এ ধরনের প্রতিক্রিয়া এককথায় অপরিপক্ব ও দায়িত্বজ্ঞানহীন। অন্যদিকে এ নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। বলা হচ্ছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জিএসপি স্থগিতের জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছিলেন। খালেদা জিয়া তা অস্বীকার করেছেন। কিন্তু এই চিঠির জন্যই ওবামা প্রশাসন বাংলাদেশের জিএসপি স্থগিত করবে, এমনটা যুক্তিগ্রাহ্য হতে পারে না। গুরুতর সমস্যা মোকাবিলার চেয়ে দায়-দোষ চাপানোর অপরিণত আচরণই যেন বেশি জোরালো হয়ে উঠছে।

এটা ঠিক যে জিএসপির আওতায় আমেরিকায় আমাদের মোট রপ্তানির ৩ শতাংশ পণ্যও যায় না। তাই বলে দীর্ঘ মেয়াদে রপ্তানিতে বড় আঘাত আসবে না, এমনটা ভাবা ঠিক নয়। বরং ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা যদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাবিত হয়, তাহলে এই দুই বড় বাজারে বিদ্যমান সুবিধা হুমকির মুখে পড়তে পারে। সেটা হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ গোটা রপ্তানি খাত মহাবিপর্যয়ে পড়বে। এই বাস্তবতায় সরকারের উচিত হবে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি ভিত্তিতে শ্রমমান উন্নয়নসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া। জিএসপি স্থগিত হয়েছে, বাতিল হয়নি—এই তুষ্টিতে ভুগলে বিপদ বাড়বে বৈ কমবে না।