সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী শুল্ক-সংক্রান্ত যৌথ দলের বৈঠকে দেশের ১৬টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন খোলা ও বন্ধ রাখার ব্যাপারে সমন্বয় সাধন করার যে সিদ্ধান্ত হয়েছে, তা অত্যন্ত সময়োচিত ও বাস্তবমুখী বলেই ধারণা করি। তবে সিদ্ধান্তের সুফল দুই দেশের ব্যবসায়ীরা তখনই পাবেন, যখন এর যথাযথ বাস্তবায়ন হবে।
বৈঠকে আগামী ১ জানুয়ারি থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিন পণ্য আনা-নেওয়া করার যে সিদ্ধান্ত হয়েছে, তাতে আমদানিকারক ও রপ্তানিকারকেরা লাভবান হবে আশা করা যায়। বর্তমানে এ দুটি বন্দর শুক্রবার বন্ধ থাকে। অন্যদিকে, ভারতের পেট্রাপোল ও আগরতলা বন্দর রোববার বন্ধ থাকে। ফলে সপ্তাহে দুই দিনই কার্যত আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে যে আমদানি ও রপ্তানি হয়, তার ৯০ শতাংশেরও বেশি হয় স্থলসীমান্ত দিয়ে। সেখানে সপ্তাহে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ীদের মহা ভোগান্তিতে পড়তে হয়। এই বন্দর দিয়ে ফলমূল, মাছসহ অনেক পচনশীল পণ্য আমদানি ও রপ্তানি হয়। এসব পণ্য এক দিন আটকে থাকলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের যৌথ শুল্কসংক্রান্ত যৌথ দলের সিদ্ধান্ত সম্ভব হলে জানুয়ারির আগেই বাস্তবায়ন করা হোক।
আগামী নভেম্বর থেকে যে তারা আখাউড়া-আগরতলা সীমান্তে সমন্বিত চেকপোস্ট (আইসিপি) চালুর সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানাই। কিন্তু বেনাপোল-পেট্রাপোল ও তামাবিল-ডাউকি সীমান্তে একই কার্যক্রম চালু করতে যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এ রকম একটি অত্যাবশ্যকীয় কাজের জন্য এই বিলম্বের কোনো যুক্তি থাকতে পারে না।
একই সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্তের সব স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বন্দরসংলগ্ন সড়কগুলো আরও প্রশস্ত করা জরুরি। বিশেষ করে বেনাপোল সীমান্তের ওপারের পেট্রাপোল-কলকাতা সড়কটি খুবই নাজুক ও অপ্রশস্ত হওয়ায় অত্যন্ত ঝুঁকির মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আনতে হবে।