রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চলতি অর্থবছরে স্থলবন্দরগুলোর আয় বৃদ্ধি নিঃসন্দেহে সুসংবাদ৷ কিন্তু এই সুসংবাদের পেছনে যে দুঃসংবাদটি লুকিয়ে আছে তা হলো, দেশের স্থলবন্দরগুলো অব্যবস্থাপনা, অদক্ষতা ও দুর্নীতির জাল থেকে বেরিয়ে আসতে পারেনি৷ সরকারি ব্যবস্থাপনার দুর্নীতি বন্ধে যে পঁাচটি স্থলবন্দরের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল, সেগুলোও এসব থেকে মুক্ত নয়৷ বেসরকারি অপারেটরদের বিরুদ্ধে পণ্য পরিবহনের হিসাবে শুভঙ্করের ফঁাকির অভিযোগ আছে৷ এ ছাড়া, বন্দরগুলোর অবকাঠামোগত দুর্বলতার কারণে পণ্য পরিবহনে বিলম্ব ঘটে, শেষবিচারে যার দায় বহন করতে হয় ভোক্তাদেরই৷
দেশে বর্তমানে কাগজে-কলমে ২১টি স্থলবন্দর থাকলেও মাত্র নয়টি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে৷ অন্য ১২টি শুল্কস্টেশন হিসেবে চালু আছে৷ নয়টি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আয় হয়েছে ৩৬ কোটি ৯৭ লাখ টাকা; গত বছরে যার পরিমাণ ছিল ২৭ কোটি ৮১ লাখ টাকা৷ এবারে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ তুলনা করলে এই বৃদ্ধি সন্তোষজনক বলা যাবে না৷ বিশেষ করে, বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও আখাউড়ার আয় কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক৷ স্থলবন্দরগুলোর আয় বাড়াতে হলে এগুলোর দক্ষতা যেমন বাড়াতে হবে, তেমনি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার বিকল্প নেই৷ সমস্যাটি দ্বিমুখী৷ স্থলবন্দরগুলোর দক্ষতা না বাড়ালে আয় বাড়ানো যাবে না, আবার আয় না বাড়লে অবকাঠামোগত উন্নয়নও কঠিন হবে বৈকি৷ বর্তমানে স্থলবন্দর ছাড়া বিভিন্ন শুল্কস্টেশন দিয়েও পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে৷ এসব শুল্কস্টেশনের ব্যয় আয়ের চেয়ে অনেক বেশি৷ সে ক্ষেত্রে সব পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার বাধ্যতামূলক করলে আয় অবশ্যই বাড়বে৷
একসময় বাংলাদেশের সমুদ্রবন্দরের মাধ্যমে ভূমিবেষ্টিত দেশ নেপালে পণ্য আনা-নেওয়ার জন্য বাংলাবান্ধা স্থলবন্দরটি সাড়ম্বরে চালু করা হয়েছিল৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগানো যায়নি প্রতিবেশী ভারতের অসহযোগিতা ও অনাগ্রহের কারণে৷ আঞ্চলিক ট্রানজিটের ধারণাটি তখনই কার্যকর হবে, যখন সংশ্লিষ্ট সব দেশে এর থেকে সুবিধা পাবে৷