স্থানীয় সরকার স্থানীয় বটে, কিন্তু কতটা ‘সরকার’ তা নিয়ে প্রশ্ন আছে। সরকারের একটা চেহারা হলো প্রশাসনিকতা, অন্যটি গণতান্ত্রিকতা। বাংলাদেশে স্থানীয় সরকার যতটা প্রশাসনিক অঙ্গ, ততটা গণতান্ত্রিক নয়। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মানেই গণতন্ত্র গতিশীল আছে, তা বলার কারণ নেই। কারণ, স্থানীয় সরকার এখনো কেন্দ্রীয় সরকারের শাসনে ক্ষমতাহীন। সিটি করপোরেশন নির্বাচনের মৌসুম চলছে। এ নির্বাচনকে ‘অরাজনৈতিক’ বলা হলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনে দলীয়ভাবেই ভূমিকা রাখছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের এত উৎসাহ যদি প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও স্বাবলম্বী করায়ও দেখা যেত, তাহলে স্থানীয় সরকার নিয়ে নাগরিকদের অরণ্যে রোদন করতে হতো না। তাহলেও স্থানীয় সরকারকে গণতান্ত্রিক ও কার্যকর করার আলোচনা খুবই প্রাসঙ্গিক। গত বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে সে আলোচনাই আবারও উঠেছে। বক্তারা বরাবরের মতো রাজনৈতিক দলগুলোকেই স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী না করার জন্য অভিযুক্ত করেছেন। বিশেষ করে সরকারের সদিচ্ছার অভাবকেই সমস্যার কারণ হিসেবে দেখা হয়। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকারকে আরও বেশি কেন্দ্রীভূত করতে চায়। স্থানীয় সরকারের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এলাকার উন্নয়নে তহবিল গঠন ও ব্যয়ের স্বাধীনতা এবং প্রশাসনিক খবরদারি থেকে মুক্ত হয়ে স্বতন্ত্রভাবে কাজ করার বাস্তবতা—কোনোটিই যথাযথভাবে নেই। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারকে জাতীয় রাজনীতির আনুগত্য করতে হয়। প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মী-মাস্তানদের দাপটে প্রতিষ্ঠানটি রুগ্ণ হয়ে থাকে। অথচ গণতান্ত্রিকতা ও স্থানীয় উন্নয়নের জন্য বিশেষজ্ঞরা বারবারই ওয়ার্ড বা ইউনিয়নভিত্তিক সরকার প্রবর্তনের ওপর জোর দিয়ে আসছেন। স্থানীয় সরকারের কাজে কেন্দ্রীয় সরকার বা আমলাতন্ত্রের অযাচিত হস্তক্ষেপ কমানো গেলে গণতন্ত্র ও উন্নয়নের সুবিধা তৃণমূল জনগোষ্ঠীর কাছে অনায়াসে পৌঁছানো সম্ভব হতো। এসবের জন্য স্থানীয় সরকার আইনের সংশোধন করা জরুরি। সরকারের উচিত নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে গণতন্ত্রকে বিকশিত করার স্বার্থে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও স্বাধীন ও কার্যকর করার উদ্যোগ নেওয়া।