স্থানীয় সরকারে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পদে পদেই যেখানে দুর্নীতি, সেখানে বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা এর বাইরে থাকে কী করে? স্থানীয় সরকারব্যবস্থার মাধ্যমে যাঁরা কাজকর্ম করেন, তাঁরা দুর্নীতির নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। ফলে বিষয়টি অজানা নয়। দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গবেষণা করে এই দুর্নীতির একটি হিসাব-নিকাশ বের করেছে, কিছু তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। আর এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই ব্যবস্থার ওপর থেকে িনচে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে ক্ষমতাসীন দল বা জোটের নেতা-কর্মী—সব পর্যায়েই রয়েছে ঘুষের লেনদেন।
টিআইবির গবেষণা প্রতিবেদন বলছে, স্থানীয় সরকার পর্যায়ে প্রকল্প এবং বিশেষ বরাদ্দ পাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ঘুষ দিতে হয় প্রকল্পভেদে ১০ শতাংশ পর্যন্ত। আর উন্নয়নকাজের কার্যাদেশ পেতে সরকারি দল বা জোটের স্থানীয় নেতা-কর্মীদের দিতে হয় বরাদ্দের ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত। ঘুষের লেনদেনের মাধ্যমে যদি প্রকল্প ও বিশেষ বরাদ্দ দেওয়া হয়, তার মানে দাঁড়াচ্ছে, অনেক ক্ষেত্রেই জনগণের কাছে তার সুফল পেঁৗছাচ্ছে না। ঘুষ নির্ধারণ করে দিচ্ছে কোন প্রকল্পে বরাদ্দ হবে বা কোথায় বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
একইভাবে কার্যাদেশ পাওয়ার জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের যদি ঠিকাদারদের বরাদ্দের নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয় আর কাজ চলাকালে ও বিল উত্তোলনের সময় যদি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সাড়ে ৮ থেকে সাড়ে ১০ শতাংশ—এর প্রভাবটি গিয়ে পড়ে সংশ্লিষ্ট উন্নয়নকাজে; তা ব্রিজ, রাস্তাঘাট বা ভবন তৈরি—যে ক্ষেত্রেই হোক না কেন, নির্ধারিত মান বজায় রাখা অসম্ভব। স্থানীয় সরকার পর্যায়ের এই দুর্নীতির সরাসরি শিকার হচ্ছে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড।
টিআইবির গবেষণা প্রতিবেদনে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতির নানা খুঁটিনাটি রয়েছে। ফলে স্থানীয় সরকার পর্যায়ে দুর্নীতি কমাতে কার্যকর কিছু করতে চাইলে এসব তথ্য কাজে লাগবে। তবে প্রশ্ন হচ্ছে, সরকার এ ধরনের গবেষণা প্রতিবেদন আদৌ বিবেচনায় নেবে কি না। পৌরসভা মেয়রদের সম্মানী বৃদ্ধির জন্য স্থানীয় সরকার বিভাগে ২০ লাখ টাকা ঘুষ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে টিআইবির প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশন কি অভিযোগটি খতিয়ে দেখবে? কুম্ভকর্ণের ঘুম ভাঙবে কবে?
দুর্নীতি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অধিকাংশ দেশেরই বড় সমস্যা। কিন্তু দুর্নীতি কমাতে নানা ফাঁকেফাকর দূর করতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদারে বাংলাদেশের সরকারগুলোর দৃশ্যমান অনীহার বিষয়টিই সবচেয়ে দুর্ভাগ্যজনক। দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে আরও স্বাধীন ও শক্তিশালী করার পরিবর্তে একে দুর্বল করার চেষ্টাই সরকারের কর্মকাণ্ডে পরিষ্কার। টিআইবির প্রতিবেদনে দুর্নীতির অনেক তথ্য–উপাত্ত তুলে ধরার পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ে দুর্নীতি দূর করতে কিছু সুপারিশও করা হয়েছে। সরকার এ ব্যাপারে কী উদ্যোগ নেয়, সেটাই এখন দেখার বিষয়।