স্থায়ী ও নিয়মিত নজরদারির বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে অবৈধ দখলদার থেকে উদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করেছিল। এ বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের খবর সংবাদমাধ্যমে প্রায়ই প্রকাশিত হতো। নদী উদ্ধার অভিযানের প্রথম দিকে বেশ কিছু সাফল্যও দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা টেকসই হয়নি। নদী দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কিছুদিন পরই সেগুলো জবরদখল হয়েছে।

ঢাকার আশপাশের নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হচ্ছে না বলেই ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) একই এলাকায় একই রকমে উচ্ছেদ অভিযান চালাতে হয় বারবার। তারা গত বুধবার বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান শুরু করেছে, সেটিও শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় আছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এক দিনেই যে মোট ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সেগুলোর মধ্যে পাকা স্থাপনা ছিল ১২টি। নদীর তীর জবরদখল করে পাকা স্থাপনাগুলো যে এক দিনে নির্মিত হয়নি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বেশ ভালোভাবেই জানে। কিন্তু যখন সেগুলো নির্মাণ করা হয়, বাধা দেওয়ার কেউ থাকে না। তারপর হঠাৎ একদিন উচ্ছেদ অভিযান চালানো হয়। এটি একটি নিয়মিত অনুশীলনে পরিণত হয়েছে, যা শেষ বিচারে নিষ্ফল।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকার ঢাকার আশপাশে নদীগুলোসহ বিভিন্ন খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছিল। সে সরকারের পুরোটা মেয়াদে ওই সব স্থানে আর অবৈধ স্থাপনা গড়ে উঠতে পারেনি সরকারি কর্তৃপক্ষের কড়া নজরদারির কারণে। কিন্তু সে সরকার বিদায় নেওয়ার পর দখলমুক্ত খাল ও নদীতীরগুলো আবার দখল হয়েছে, এমনকি নতুন করে আরও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর প্রধান কারণ, নজরদারির অভাব। তাই বুড়িগঙ্গা তীরের এই উচ্ছেদ অভিযানকে ফলপ্রসূ করতে হলে নদীতীরের দখলমুক্ত জায়গাগুলো যেন দখলমুক্ত থাকে, আবার জবরদখল হয়ে না যায়, সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য স্থায়ী ও নিয়মিত নজরদারির বিকল্প নেই।