স্পিকারের অবাক সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেট পাসের সময় পদ্মা সেতু ও বিদ্যুৎ নিয়ে আলোচনায় সরকারি ও বিরোধী দলের বিরল ঐকমত্য সত্ত্বেও স্পিকারের ‘সময়াভাব’-সংক্রান্ত সিদ্ধান্ত অনভিপ্রেত ও পীড়াদায়ক বলেই প্রতীয়মান হয়। বিষয় দুটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা দিনক্ষণ ফসকে গেছে বলে আলোচনার সুযোগ নেই, তা মনে করারও কারণ নেই। উভয় পক্ষের আন্তরিকতা থাকলে এ নিয়ে আলোচনার সুযোগ এখনো খোলা। সংসদের পরবর্তী অধিবেশনে দেশবাসী সেটাই দেখতে চায়।
স্পিকার যুক্তি দিয়েছেন, ‘পাঁচটি বিষয়ের প্রতিটির ওপর বিরোধী দলের ২০ জন করে সাংসদ বক্তব্য দিয়েছেন। ওই পাঁচটিতে কমসংখ্যক সাংসদ বক্তব্য দিলে ঠিক থাকত।’ স্পিকারের এই অবস্থানের প্রতি সরকারি দলের সোল্লাস সমর্থন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিরোধী দলকে সংসদে রাখার ব্যাপারে তাদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ‘সময় গড়িয়ে যাচ্ছে’ বলে গিলোটিন চালাতে সংসদীয় কার্যপ্রণালি বিধি স্পিকারের ওপর বাধ্যবাধকতা সৃষ্টি করেনি। বাজেট ৩০ জুন রাত ১২টার মধ্যে যেকোনো সময়ই অনুমোদন করা যেত। বিরোধী দলের সাংসদেরা সংসদ বর্জন করে কলঙ্কজনক নজির সৃষ্টি করেছেন। এ জন্য দেশে-বিদেশে তাঁরা সমালোচিতও হয়েছেন। কিন্তু এবারে বাজেট অধিবেশনের প্রায় পুরো সময়টা সংসদে থেকে তাঁরা আলোচনায় অংশ নিলেন, তখন স্পিকার তাঁদের প্রতি আরেকটু ঔদার্য দেখাতে পারতেন। সরকারি দলে যে সংখ্যাগরিষ্ঠতা আছে, তাতে বাজেট পাস না হওয়ার কোনো আশঙ্কা ছিল না। যদি প্রশ্ন করা হয়, গত সাড়ে চার বছরে সংসদের ভেতরে ও বাইরে উভয় দল কোন কোন বিষয়ে একমত হতে পেরেছে, তা চটজলদি যে কারও পক্ষে বলা কঠিন। আলোচনার ব্যাপারে দুই পক্ষ যখন ব্যতিক্রমী ঐকমত্যে পৌঁছাতে পেরেছিল, তখন জাতীয় সংসদের স্পিকারের কাছেও ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। অথচ তিনি সময়ের দোহাই দিয়ে একটি যান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিলেন, যাতে দুটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা থেকে দেশবাসী বঞ্চিত হলো। আশা করব, স্পিকার নিজের ভুল উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সচেষ্ট থাকবেন। বিরোধী দলের অভিযোগ, প্রধানমন্ত্রীর ইঙ্গিতেই স্পিকার উল্লিখিত বিষয়ে আলোচনা করতে দেননি। এই অভিযোগ সত্য হলে সেটি যেমন স্পিকার পদটির জন্য অগৌরবের, তেমনি সংসদীয় রীতিরও পরিপন্থী। স্পিকার একটি দল থেকে নির্বাচিত হন বটে, কিন্তু স্পিকার হওয়ার পর তিনি কোনো দলের থাকেন না। বিরোধী দল জাতীয় গুরুত্বপূর্ণ দুটি বিষয়—পদ্মা সেতু ও বিদ্যুতের ওপর আলোচনার প্রস্তাব দিয়েছিল, আমরা মনে করি স্পিকারের রুলিংয়ের পরও সেই সুযোগ শেষ হয়ে যায়নি। বাজেট পাস হয়েছে। এখন অধিবেশন শেষ হওয়ার আগেই স্পিকার মুলতবি প্রস্তাব আকারে হলেও উল্লিখিত বিষয়ে আলোচনার সুযোগ দিতে পারেন।