স্পেশাল বগি সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদযাত্রায় একটা নতুন জিনিসের মুখোমুখি হলাম। সেটা হলো ঈদ স্পেশাল বগি। উদয়ন ট্রেন চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বেলা পৌনে ১১টায়। সঙ্গে সঙ্গে হাজারো মানুষে পরিপূর্ণ হয়ে যায় ট্রেনটি। পকেটে টিকিট থাকা সত্ত্বেও সিটে বসা তো দূরে থাক, বগিতেই উঠতে পারলাম না। উদয়নের ১৪টি বগির সঙ্গে যুক্ত ছিল তিনটি স্পেশাল বগি। এই বগি তিনটি সংরক্ষিত ছিল কেবল রেলের কারখানার শ্রমিকদের জন্য। পুরো ট্রেনে যখন তিল ধারণের ঠাঁই ছিল না, তখন স্পেশাল বগির অর্ধেকের বেশি সিট ছিল যাত্রীশূন্য। শ্রমিকেরা যাত্রীদের বগিগুলোতে টাকার বিনিময়ে তুলে জমজমাট ব্যবসা করছিলেন। বাড়তি কিছু পয়সা দিয়ে উঠে পড়লাম স্পেশাল বগিতে। এই তিনটি বগি লাগানোর জন্য ট্রেনটি ছাড়তে সোয়া এক ঘণ্টার বেশি সময় নেয়। মজার ব্যাপার হলো, অর্ধেক পথ যেতে না-যেতেই তিনটি বগিতে রেলের কোনো কর্মচারী ছিলেন না।
ঈদের সময় বগির স্বল্পতায় ভোগা বাংলাদেশ রেলওয়ে যাত্রীসাধারণের চাপ সামলাতে হিমশিম খায়। সেই সময় গুটি কয়েক রেলশ্রমিকের জন্য এভাবে তিনটি বগি ছেড়ে দেওয়া কতটা নৈতিক? রেলের কর্মচারীদের জন্য এমনিতেই টিকিটের একটা অংশ সংরক্ষিত থাকে। কিছু কিছু রুটে রেলের শ্রমিক-কর্মচারীদের পরিবহনের জন্য স্পেশাল ট্রেনও দেওয়া হয়। তার ওপর এভাবে আন্তনগর ট্রেনে স্পেশাল বগি লাগানোর কী যুক্তি? রেলের কর্মচারীরা ফ্রি ভ্রমণের জন্য পাস পান। সেই পাসের বিপরীতে যদি স্পেশাল বগি বরাদ্দ দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই তিনটি বগির প্রয়োজন হতো না। অন্য কোনো ট্রেন আরও এক-দুটি অতিরিক্ত বগি পেত। এতে রেলের রাজস্ব আয় হতো।
এভাবে নিয়মনীতি না করে স্পেশাল বগি বরাদ্দ দেওয়া মানে রেলের কর্মচারীদের অবৈধ আয়ের সুযোগ করে দেওয়া। এটি চলতে পারে না।
জয়দীপ দে
দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।