গত কয়েক বছরে দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের লোকজন, বিশেষ করে চাকরিজীবীরা সংসার চালনায় হিমশিম খাচ্ছেন।
দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। বাংলাদেশে শিক্ষকদের বেতন-ভাতা বিশ্বের অন্যান্য দেশ, এমনকি পার্শ্ববর্তী ভারত থেকে অনেক কম। শিক্ষকদের মাসিক বাড়িভাড়া ৫০০ টাকা। সারা জীবনে একটি টাইম স্কেল, একবার ইনক্রিমেন্ট ব্যতীত যিনি যে পদে আছেন সে পদে অবসর নেওয়া পর্যন্ত বেতন বৃদ্ধির কোনো ব্যবস্থা নেই। অথচ সময়ের সঙ্গে শিক্ষকের ছেলেমেয়েরা বড় হয়, শিক্ষায় ব্যয়সহ পারিবারিক ব্যয় বৃদ্ধি পায়। এ কারণে তারা সামাজিক মর্যাদা বজায় রেখে চলতে পারে না, ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চায় না। মেধাবী শিক্ষক না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়ন না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
মাননীয় শিক্ষামন্ত্রী বারবার শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর কথা বলেছেন।
সরকারের মেয়াদ প্রায় শেষ হতে চলল কিন্তু তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মানসিক দিক বিবেচনায় ও শিক্ষার মানোন্নয়নে বেসরকারি শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি, সম্মানজনক বাড়িভাড়া, আসন্ন বাজেট অধিবেশনে মহার্ঘ ভাতা ও স্বতন্ত্র বেতন স্কেলের ব্যবস্থা করা হোক।
মো. ইয়াছিন মজুমদার
অধ্যক্ষ, ফুলগাঁও কামিল (ডিগ্রি) মাদ্রাসা
লাকসাম, কুমিল্লা।