স্বদেশ নিরাপদ হবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।

এ দেশের অনেক অভিভাবক সন্তানদের বিদেশে পাঠানোর জন্য উদ্‌গ্রীব। ইংরেজি মাধ্যমের স্কুল এবং কোচিং সেন্টারের সংখ্যাও অনেক। ১৯৭৫ সালের পর সর্বস্তরে বাংলার জায়গায় ইংরেজির প্রচলন দ্রুত বাড়তে থাকে। ১৯৮০-এর দশকে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি ছাড়াও ভারতে যাওয়া বেড়ে যায়। সে সময়ে একবার আমাকে একটা কাজের জন্য ভারতের মুম্বাই শহরে অনেক দিন থাকতে হয়েছিল। আমার একটা আড্ডার জায়গা ছিল মুম্বাইয়ের বাংলাদেশ বিমান অফিস। বিমানের ফ্লাইট মুম্বাই পৌঁছাত রাত সাড়ে তিনটার দিকে। প্রতি রাতেই বিমানের ম্যানেজার সাহেবকে এয়ারপোর্টে ভিআইপি ডিউটি করতে যেতে হতো।

তখন সামরিক শাসন। আমার কৌতূহল হলো, এই ভিআইপি কারা? দেখলাম, ভিআইপিরা বিমান অফিসেও আসছেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম, তাঁরা সরকারের উপসচিব, সচিব থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত। উচ্চপদস্থ সামরিক অফিসাররাও আছেন। তাঁরা বিমান অফিসে যেতেন সাধারণত বিদেশি মুদ্রা ভাঙাতে। পরে আমি কানাডা ও আমেরিকায় এই সংখ্যার স্ফীতি দেখতে পাই। আমার ভাবনা হয়, এভাবে দেশের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে এবং দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে। সেই ধারা দিনে দিনে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক অভিভাবককে প্রশ্ন করে দেখেছি, তাঁরা বলেন: এই দেশের কি ভবিষ্যৎ আছে? নিজে এই দেশে প্রচুর বিত্তের অধিকারী হলেন, অথচ এ দেশের কোনো ভবিষ্যৎ তিনি খুঁজে পাচ্ছেন না!

ব্রিটিশ ও পাকিস্তান আমলে বিদেশে যাওয়ার সুযোগ খুবই কম ছিল। পাকিস্তান আমলেও কিছু চিকিৎসক ও আইনের ছাত্র বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই সুযোগ বেড়ে যায়। পরের দিকে শ্রমিক শ্রেণির মানুষ ব্যাপকভাবে বিদেশে গেছেন; কিন্তু বসতি স্থাপনের জন্য নয়, অর্থ উপার্জন করে দেশে পাঠানোর জন্য। কিন্তু মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা যান স্থায়ীভাবে বসবাস করার জন্য। অনেকে দেশের অর্থ নিয়ে গেছেন, সম্পদ পাচার করে বিদেশে স্থায়ী বসতি স্থাপন করেছেন।

এ কথা সত্যি, এখানে আইনের শাসনের দুর্বলতা আছে। যোগ্য ব্যক্তির যোগ্য স্থানে যাওয়ার সংকট আছে, রাজনৈতিক বিবেচনার কারণে মেধাবী লোকের কাজের সুযোগ সংকুচিত হতে হতে হতাশার পর্যায়ে এসে পড়ে। তবে এসবের মধ্যেও শিল্পায়ন হয়েছে, অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। কিন্তু নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি। প্রতিদিন সংবাদপত্রে এবং মিডিয়ায় ধর্ষণের সংবাদ, দুর্নীতির পাহাড়সমান কর্মকাণ্ড প্রকাশিত হয়ে চলেছে। মানবাধিকারও প্রতিদিন হুমকির মুখে। রাষ্ট্র পরিচালনায় যে কঠিন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল, তার অনুপস্থিতিও দেখতে পাওয়া যাচ্ছে। ঘটনাগুলো এক দিনে ঘটেনি। বারবার অপরাধ করেও শাস্তি না হওয়ায় দিনে দিনে এই অবস্থা হয়েছে।

সমাজ, রাষ্ট্র—সবকিছুকে অধিকার করে ফেলেছে সরকার। সরকারের কাছে দলের বাইরে কোনো বিবেচনা থাকে না। মেধা, দক্ষতা, যোগ্যতা—এসব বিবেচনা নেই। কয়েকজন শিল্পী আমার কাছে প্রায়ই আসেন, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত। তাঁদের সন্তানসন্ততিদের শিক্ষার জন্যই নাকি বিদেশে যাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই তাঁরা সন্তানদের ইংরেজি স্কুলে লেখাপড়া করিয়েছেন এবং বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি নিদেনপক্ষে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। তাঁরা লাখ লাখ টাকা খরচ করে সন্তানদের নিয়ে বিদেশে গেছেন, সন্তানদের স্কুল-কলেজে ভর্তি করিয়ে দিয়ে স্বদেশে ফিরে এসেছেন আবার অর্থ উপার্জনের জন্য। বাংলাদেশ তাঁদের কাছে নেহাতই জীবিকার জায়গা। সাম্প্রতিককালে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল, তা নেই। দেখা যাচ্ছে, স্বামীর সঙ্গে স্ত্রীর বাইরে যাওয়াটাও নিরাপদ নয়। অথচ বাংলাদেশের পুলিশের যে দক্ষতা আছে, তা কাজে লাগালে ধর্ষণের এই বাড়াবাড়ি বন্ধ হতো। সম্প্রতি দুর্নীতি ও নৃশংসতার ক্ষেত্রে ওসি প্রদীপ একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

মানুষ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে এবং নিরাপদ জায়গা খুঁজতে থাকে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে নিরাপত্তা খুঁজে পায়নি বলেই অনেকে বিদেশের কথা ভাবছে। কিন্তু বিদেশও কি সম্পূর্ণ নিরাপদ? বিদেশ যে তার সন্তানের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পারবে, সে নিশ্চয়তা কি আছে? তবুও সেখানে প্রতিদিন এসব ঘটছে না; ঘটলেও বিচার হয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে।

তবে নিউইয়র্কে নাইন-ইলেভেনের সময় আমার উপস্থিত থাকার দুর্ভাগ্য হয়েছিল, সাম্প্রদায়িকতার যে চেহারা আমি স্বচক্ষে দেখেছি, তা-ও নিরাপত্তাহীনতারই একটা উদাহরণ। সম্প্রতি জর্জ ফ্লয়েডের ওপর যে শ্বেতাঙ্গ নিপীড়ন হলো, তা-ও অশ্বেতাঙ্গদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরাও সে অংশেরই মানুষ। প্রবাসে হয়তো অনেক সুবিধা আছে, কিন্তু নাগরিক হিসেবেও সেখানে আমাদের অধিকার সংকুচিত। আমি যখন আমেরিকায় কোনো শ্বেতাঙ্গ বন্ধুর সঙ্গে ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকি, আমার বন্ধুটি চলে যায়, আমাকে দাঁড়িয়ে রাখা হয়। এই যে উপেক্ষা বয়ে বেড়াতে হয়।

একটা প্রশ্ন বারবার জাগে, আমরা স্বাধীন হয়েও কেন মেরুদণ্ডটাকে শক্ত করতে পারিনি? ক্রমাগত তা হয়ে পড়ছে দুর্বল। প্রতিবাদ করতে ভয় পাই, সামনে দাঁড়াতে ভয় পাই, বাস্তবতাকে এড়িয়ে চলতে ভালোবাসি। শুধু নিজের সন্তানের নিরাপত্তার কথা ভাবি। অগণিত শিশুর কথা ভাবতে পারি না। একবার এই শহরটাকে শিশু-কিশোরেরা অধিকার করে নিয়েছিল, সেটা ছিল একটা বড় ধরনের স্বস্তির জায়গা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, রাজনীতি সেটা বুঝল না। বিষণ্ন শিশু-কিশোরেরা অপমানিত হয়ে ঘরে ফিরে গেল।

আমার বন্ধুরা সন্তানসন্ততির জন্য এখন বিদেশে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু ক্ষমতাবানেরা বহু আগেই তাঁদের সন্তানদের প্রবাসে পাঠিয়ে নিরাপদ জীবনের কথা ভাবছেন। কারণ, তাঁরাও নিজের বিপদের সময় সন্তানের কাছে চলে যেতে পারবেন বলে ভাবছেন।

স্বদেশ যদি বাসযোগ্য না হয়, নিরাপদ না হয়, তাহলে কারোর জন্যই এ দেশ স্বস্তিদায়ক হবে না। আমরা কি যেমন–তেমনভাবে অর্জিত অর্থের পাহাড়ের মধ্যে বসে একটু ভাবতে পারি? বলতে পারি, এ দেশ বাসযোগ্য হবে? এই দেশের সংস্কৃতির মধ্যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়েই বাঁচব?

মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব