তাঁদের পাশে কেউ ছিল না। এক দল ভোট চায়, অন্য দল ভোট ঠেকাতে চায়। নির্বাচন নিয়ে দ্বন্দ্ব কেবল ভোটকেন্দ্র বা রাজপথে আটকে থাকেনি; যশোর, দিনাজপুরসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ঘরবাড়ির ওপর হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। শুধু সাম্প্রদায়িক তাণ্ডব বললে একে কম বলা হয়। বাংলাদেশের গরিব-দুঃখী ও প্রান্তিক মানুষের এই মর্মান্তিক অবস্থা অমানবিকতার চরম উদাহরণ।
রামুতে বৌদ্ধপল্লি আক্রমণের ঘটনার পরও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলছে একের পর এক আক্রমণ। মন্দির ভাঙচুর, তাদের খেতখামার-বসতভিটা জ্বালিয়ে দেওয়া, শারীরিকভাবে নিপীড়ন করার ঘটনা ঘটেই চলেছে। বেশির ভাগ ক্ষেত্রেই জড়িতদের রাজনৈতিক পরিচয় জামায়াত-শিবির। কিছু কিছু ক্ষেত্রে বিএনপিও জড়িত বলে দেখা গেছে। এমনকি সরকারি দলের
কর্মী-সমর্থকদেরও সাম্প্রদায়িক পীড়নে হাত লাগাতে দেখা গেছে। এই নিকৃষ্ট সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার ফলে সংখ্যালঘু সম্প্রদায় স্বদেশে পরবাসী জীবন যাপন করছেন।
যশোরের অভয়নগর ও দিনাজপুরে নির্বাচনের দিন ১৮-দলীয় জোটের কর্মী-সমর্থকেরা হামলা চালান। দুটি ক্ষেত্রেই অসহায় শত শত নারী-পুরুষ-শিশু হয় নদীতে, নয় বনেবাদাড়ে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। এবং দুটি ক্ষেত্রেই সংখ্যালঘু ভোটারদের আওয়ামী লীগের স্থানীয় নেতারা ভোটদানে উৎসাহ দিলেও বিপদের সময় এগিয়ে আসেনি। পুলিশ প্রশাসনের সহায়তা চাইলেও সময়মতো তারা আসেনি। কিছুদিন আগে পাবনার সাঁথিয়ায়ও একই পরিস্থিতিতে প্রশাসনিক নিষ্ক্রিয়তা দেখা গেছে।
দুর্ভাগ্যজনক হলেও নির্বাচনী রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়কে দলবিশেষের ভোটব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়। ফলে যাঁরা সংখ্যালঘু ভোটারদের শাস্তি দিয়ে আওয়ামী লীগকে একহাত দেখে নিতে চান, তাঁদের মনে রাখা উচিত, যে দলই বাংলাদেশে নির্বাচিত হোক না কেন, তাদের মূল সমর্থক সংখ্যাগুরু জনগোষ্ঠীই। অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মীরা সন্ত্রাস-নাশকতার পাশাপাশি সাম্প্রদায়িক তাণ্ডবে জড়িত বলে অভিযোগ করেই সরকার এর দায় এড়াতে পারে না। ২০০১ সালে বিএনপি জামায়াতকে ভোট না দেওয়ায় সংখ্যালঘু সম্প্রদায় যেমন নির্মম হামলার শিকার হয়েছিল, এবারও তাদের নির্বাচন বর্জনের আহ্বানে সাড়া না দেওয়ায় একই পরিণতি ঘটল।
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার কুশীলবদের বিচারের আওতায় না আনার রেওয়াজ রয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেদের অসাম্প্রদায়িক বললেও এ আমলে কোনো সাম্প্রদায়িক হামলার অপরাধীদের শাস্তি পেতে দেখা যায়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক।
বাংলাদেশের প্রান্তিক ধর্ম-সম্প্রদায়-জাতি ও গোষ্ঠীরা হলো নিপীড়িতদের মধ্যে নিপীড়িত। দিনের শেষে দেখা যায়, তারা সর্বৈবভাবেই একা। বাংলাদেশে ‘সাম্প্রদায়িকতা’ প্রকাশ্যভাবে ঘৃণিত ব্যাপার হলেও সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় রাজনৈতিক সমাজ, সুশীল সমাজ, এমনকি জনসমাজে কার্যকর কৌশল দেখা যায় না।
৫ ও ৬ জানুয়ারি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। অপরাধীরা শাস্তি পাক। অপরাধীদের শাস্তিই পারে এ ধরনের ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার অবসান ঘটাতে।