মানবজাতি ও তার একমাত্র আবাসস্থল এই পৃথিবীর অস্তিত্বের জন্য পারমাণবিক অস্ত্র যে বিরাট হুমকি; মানুষ ও পৃথিবীর অস্তিত্ব রক্ষার জন্যই যে পৃথিবী থেকে সব পারমাণবিক অস্ত্রের বিলোপ ঘটানো জরুরি—বিশ্বসভায় এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী সংবাদ শিরোনাম হয়েছেন। কিন্তু আমাদের স্বদেশ, ১৬ কোটি মানুষের ছোট্ট বাংলাদেশের সমস্যা আশু মনোযোগ ও পদক্ষেপ দাবি করে। আমরা কেমন বাংলাদেশ গড়ে তুলেছি আর কেমন বাংলাদেশ আমাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য রেখে যেতে চাই—এই প্রশ্নটি আগে আসে। তারও আগে, এই মুহূর্তে বাংলাদেশ যে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে, তা দূর করার উদ্যোগ নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী, তাঁর সরকার ও দল সংবিধানের অজুহাতে সংসদ বজায় রেখে দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যে অনড় অবস্থান ব্যক্ত করে চলেছেন, সেটাই সংকটের মূল। কারণ, এই প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিক দলগুলো শুধু অসম্মতই নয়, তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ফলে যে সংঘাতময় পরিস্থিতি দেখা দিয়েছে, তা সরকার যেন আমলেই নিতে চাইছে না। অথচ এই পরিস্থিতি দেশের অর্থনীতি, শিক্ষা, জননিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের পথে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। হুমকির মুখে পড়তে পারে গণতান্ত্রিক ব্যবস্থা।
উভয় পক্ষের অনড় অবস্থানের পরিণতি কখনো ভালো হতে পারে না। উদ্ভূত সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের সঙ্গে যেকোনো সময়, যেকোনো স্থানে সংলাপে বসতে প্রস্তুত। কিন্তু উদ্যোগটা নিতে হবে সরকারপক্ষকেই। অন্যদিকে সরকারপক্ষ থেকে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলা হচ্ছে, তাদের বক্তব্য তারা যেন সংসদেই উপস্থাপন করে। বিরোধী দলের সংসদে যোগ দেওয়া অবশ্যকর্তব্য বটে, এবং তারা তা না করে জনগণের দেওয়া দায়িত্ব অবহেলা করছে। তাদের অবশ্যই সংসদে যাওয়া উচিত। তবে উভয় পক্ষের ইতিবাচক মনোভাব না থাকলে বিরোধী দলের সংসদে যাওয়াও সংকট নিরসনে ফলপ্রসূ হবে না।
প্রধানমন্ত্রী ও তাঁর দল যদি ছোট্ট এই দেশের ভেতরেই সবাইকে আস্থায় নিয়ে সবার গ্রহণযোগ্য পন্থায় একটি নির্বাচনের আয়োজন করতে না পারেন, তাহলে বৈশ্বিক পরিসরে উচ্চাভিলাষী সুবচনের কী অর্থ থাকে?্র