বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যেসব বিদেশি নাগরিক ও সংগঠন সহায়ক ভূমিকা পালন করেছিলেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাঁদের আনুষ্ঠানিক সম্মাননা জানানোর উদ্যোগটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ ছিল। কিন্তু সেই সম্মাননার সঙ্গে তাঁদেরকে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার যে তথ্য উদ্ঘাটিত হয়েছে, তা গোটা জাতির জন্য যারপরনাই লজ্জাজনক। এই লজ্জা কীভাবে মোচন হতে পারে, তা আমাদের জানা নেই; তবে এই অকল্পনীয় অনৈতিক কর্মের জন্য যাঁরা দায়ী, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হলে অপরাধের আইনি প্রতিকারের পাশাপাশি এই জাতীয় লজ্জা অন্তত কিছুটা লাঘব হতে পারে। বিষয়টি তদন্তের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি গঠনের খবর সে কারণেই গুরুত্বপূর্ণ।
গত রোববার প্রথম আলোয় এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদেশি বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টের প্রতিটিতে এক ভরি স্বর্ণের জায়গায় রয়েছে সোয়া তিন আনা স্বর্ণ, আর ৩০ ভরি রুপার জায়গায় রয়েছে পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু। সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষা থেকেই এ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনটি প্রকাশের পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ঢাকা বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার খবর থেকে ধারণা করা যায়, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন।
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোর কাছে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাতেও স্পষ্ট হয় যে সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছে। মন্ত্রী বলেছেন, এমন স্পর্শকাতর বিষয়, যেখানে দেশের ভাবমূর্তি জড়িত, যেখানে মুক্তিযুদ্ধ জড়িত, সে বিষয়ে এমন অনিয়ম অবিশ্বাস্য। আমরা বলব, এ ক্ষেত্রে ‘অনিয়ম’ একটি কোমল শব্দ, যা হয়েছে তা লজ্জাজনক অপরাধ। উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই ৩৩৮টি ক্রেস্ট কেনা হয়েছে। ৬০টি ক্রেস্ট কোন প্রতিষ্ঠান সরবরাহ করেছে, তা মন্ত্রণালয় থেকে জানা যায়নি। অবশিষ্ট সব ক্রেস্ট সরবরাহ করেছে এমিকন নামের একটি প্রতিষ্ঠান। কী পরিচয় এ প্রতিষ্ঠানের? কী করে সেটি এই কাজ পেয়েছিল? প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে পাঁচ শ ভরি স্বর্ণ কোথা থেকে পেল, সে ব্যাপারেও রাখঢাক করছে। শুধু তা-ই নয়, ক্রেস্টের ওজনেও জালিয়াতি করে সরকারের কাছ থেকে বেশি দাম আদায় করেছে প্রতিষ্ঠানটি।
এমন প্রতারণা শুধু ওই জালিয়াত প্রতিষ্ঠানের একার ‘কৃতিত্বেই’ ঘটেনি; সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তার যোগসাজশ
এবং তাঁদেরও নেপথ্যে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাজ করে থাকতে পারে। গঠিত তদন্ত কমিটির দায়িত্ব বিষয়টির পুরো রহস্য উদ্ঘাটন করা এবং অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আমরা বিশ্বাস করতে চাই, তদন্ত কমিটি গঠন ও মন্ত্রীর ক্ষোভ প্রকাশ লোক দেখানো নয়। দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা হলেই কেবল এ ব্যাপারে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার প্রকাশ ঘটবে।