স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহরণ মানেই যেন আর খোঁজ না মেলা। গত সাত বছরে অপহূত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজনেরই কোনো খোঁজ মেলেনি। ব্যবসায়ী বা রাজনীতিবিদেরাই এসব অপহরণের শিকার। গত মঙ্গলবার থেকে নিখোঁজ আছেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। এই নিখোঁজ বা অপহরণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন জড়িত বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠায় বিষয়টিকে খুবই গুরুতর হিসেবে বিবেচনা করতে হচ্ছে।
অপহূত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, র‌্যাবের বিরুদ্ধে মামলা করায় তারাই তাঁর স্বামীকে নিয়ে গেছে। এই অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় না নিয়ে উপায় নেই। কারণ, গত বছরের অক্টোবরে র‌্যাব-২-এর এক মেজরের বিরুদ্ধে তিনি ৮০ ভরি স্বর্ণ কেড়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা করেন। বর্তমান অপহরণের ঘটনার সঙ্গে যে অতীতের এই মামলার সম্পর্ক নেই, সেটা প্রমাণ করার দায়িত্ব এখন র‌্যাবের। যে র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে স্বর্ণ কেড়ে নেওয়া ও পরবর্তী সময়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তার বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া জরুরি।
মৃদুল চৌধুরীর পরিবারের অভিযোগ অনুযায়ী এই নিখোঁজ বা অপহরণের পেছনে র‌্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাজশ আছে বা নেই, তা তদন্তসাপেক্ষ বিষয়। কিন্তু তিনি যে নিখোঁজ রয়েছেন, সেটা বাস্তবতা। তাঁর স্ত্রী স্বামীকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন। আমরা মনে করি, যে বা যারাই মৃদুল চৌধুরীকে অপহরণ করে থাকুক, তাঁকে সুস্থ ও জীবিত উদ্ধার করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
একজন ব্যবসায়ী বাসা থেকে বের হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় দিনদুপুরে অপহরণের শিকার হবেন বা র‌্যাব-ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে এবং এরপর তার কোনো খোঁজ মিলবে না—এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা প্রমাণ করছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে তো ব্যর্থ হচ্ছেই, উল্টো এ ধরনের অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠছে।
আমরা আশা করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেবে ও তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাকে বিশ্বাসযোগ্যভাবে অসত্য প্রমাণে সক্ষম হবে। তা করতে না পারলে এর পুরো দায় তাদেরও চূড়ান্ত বিচারে বহন করতে হবে।