স্বল্পোন্নত দেশের কলঙ্কতিলক আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন:তুলি
কার্টুন:তুলি

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইউএনইকোসক) বিশ্বের ৪৯টি দেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আফ্রিকার ৩৪টি, এশিয়া-ওশেনিয়ার ১৪টি এবং ক্যারিবীয় একটি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ এ তালিকায় রয়েছে ১৯৭৫ সাল থেকে। ১৯৭১ সাল থেকে এ তালিকাভুক্তি শুরুর পর থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪২ বছরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে পেরেছে মাত্র তিনটি দেশ: ১৯৯৪ সালে বতসোয়ানা, ২০০৭ সালে কেপভার্দে ও ২০১১ সালে মালদ্বীপ। নতুন কয়েকটি দেশ গত কয়েক বছর এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইউএনইকোসকের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) তিন বছরে কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক সূচকের পরিবর্তনের ভিত্তিতে নির্ধারণ করে কোন দেশ এ তালিকায় যুক্ত হবে, কোন দেশ তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে।
তিন ধরনের অক্ষমতা, ঘাটতি, দুর্বলতা ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির বিবেচনায় কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকার অন্তর্ভুক্ত করা হয়। প্রথমটি হলো দারিদ্র্য, মাথাপিছু মোট জাতীয় আয় দিয়ে যার নিম্ন সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তিন বছর পর পর এই সীমারেখাটি বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ৯৯২ ডলারের স্তরে সীমারেখাটি নির্দিষ্ট থাকলেও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য ২০১২ সালে ১১৯০ ডলারের টার্গেট দেওয়া হয়েছিল। ২০১৫ সালে ওই টার্গেট আরও কয়েক শ ডলার বেড়ে যাবে। দ্বিতীয়ত, মানবসম্পদ সম্পর্কিত চারটি ক্ষেত্র: পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও বয়স্ক সাক্ষরতা। এই চারটি বিষয়ে দুর্বলতা পরিমাপের জন্য মানবসম্পদ সূচক প্রস্তুত করা হয়ে থাকে, যার ভিত্তিতে বিভিন্ন দেশের ওসব বিষয়ে সাফল্য কিংবা ব্যর্থতার খতিয়ান বিবেচনা করা হয়। তৃতীয় বিষয়টি অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকি বিবেচনার জন্য ব্যবহূত হয়ে থাকে। এ সম্পর্কে ধারণা লাভের জন্য বিষয়গুলো বিবেচিত হয়: ১. কৃষি উৎপাদনের স্থিতিশীলতার অভাব; ২. দ্রব্য ও সেবা রপ্তানির স্থিতিহীনতা; ৩. ম্যানুফ্যাকচারিং ও আধুনিক সেবা খাতের বিকাশের সীমাবদ্ধতা ও বিকাশ; ৪. রপ্তানি পণ্যের সংখ্যাল্পতা এবং কয়েকটি মাত্র পণ্য রপ্তানির ওপর অতিনির্ভরশীলতা; ৫. অতি ছোট অর্থনীতির প্রতিবন্ধকতাসমূহ; ৬. প্রাকৃতিক দুর্যোগের দ্বারা বাস্তুচ্যুত জনসংখ্যার অনুপাত।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের করে আনার জন্য সুনির্দিষ্ট কর্মপ্রয়াস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনার অবকাশ থাকলেও আমি মন্ত্রিসভার সদস্যদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য অভিনন্দন জানাতে চাই। কারণ, বাংলাদেশকে যথাশিগগির এই ‘বিশ্ব সম্প্রদায়ের দয়া-দাক্ষিণ্য প্রার্থী মিসকিনদের ক্লাব’ থেকে বের করে আনা সম্ভব হলে আমরা একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ১৬ কোটি মানুষের কোনো দেশ স্বল্পোন্নত দেশের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়। সাড়ে সাত কোটি জনসংখ্যাও নেই অন্য কোনো স্বল্পোন্নত দেশের। চরম দারিদ্র্য, অতিনিম্ন মাথাপিছু আয়, প্রকট খাদ্যঘাটতি এবং শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি ইত্যাদি ক্ষেত্রে দুর্দশার কারণে ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত করা হয়েছিল। অতি সহজ শর্তে বৈদেশিক ঋণ ও অনুদান পাওয়ার লোভে তদানীন্তন সরকার এই ভিক্ষুক পরিচয়ের ‘জাতীয় বেইজ্জতি’ বিনা প্রতিবাদে হজম করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে জাতির এহেন অপমান সইতে পারতেন না নিশ্চয়ই। কিন্তু ‘মানি ইজ নো প্রবলেম’ বলে যাঁরা বড়াই করেন, তাঁদের পক্ষেই বৈদেশিক ঋণ/অনুদানের প্রবাহ বৃদ্ধির এহেন মওকাকে পুঁজি-লুণ্ঠন ও দুর্নীতির স্বর্ণ-সুযোগ হিসেবে দেখা স্বাভাবিক। এ দেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণে বৈদেশিক ঋণ/অনুদানের অর্থ লুটপাটের ব্যবস্থাই প্রধান ভূমিকা পালন করে চলেছে। ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থান-পরবর্তী সামরিক শাসকেরা স্বল্পোন্নত দেশের খয়রাত-নির্ভরতার অর্থনীতি গড়ে তুলেছেন।
তাই বৈদেশিক ঋণ ও অনুদান সংগ্রহের বিশেষ পারঙ্গমতা ও দক্ষতাকেই জিয়া ও এরশাদ অর্থমন্ত্রী ও অর্থনীতিসংক্রান্ত উচ্চতম পদমর্যাদার আমলাদের মেধার পরিচায়ক মনে করতেন। দুর্ভাগ্য, গত ২২ বছরের ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতাসীন সরকারগুলোও সেই নীতি অনুসরণ করে চলেছে। দীর্ঘতম মেয়াদের দায়িত্ব পালনকারী অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান এ বিষয়ে প্রায়ই গর্ব করে বলতেন, ‘যদ্দিন সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকব, তদ্দিন এ দেশের টাকার অভাব হবে না।’ মহাজোট সরকারের অর্থমন্ত্রীও বড়গলায় বলে থাকেন যে বৈদেশিক ঋণপ্রবাহে মোটেও ভাটার টান নেই। কিন্তু অর্থমন্ত্রীকে বলব, গত ৪২ বছরে বাংলাদেশের অর্থনীতি যে নিজের পায়ে দাঁড়ানোর অবস্থানে উন্নীত হয়েছে, এই সত্য উচ্চারণ করার সময় এসেছে। অতএব, বৈদেশিক ঋণ ও অনুদানের মোহ পরিত্যাগ করুন।
অধ্যাপক রেহমান সোবহান তাঁর বিশ্বখ্যাত গ্রন্থ দ্য ক্রাইসিস অব এক্সটার্নাল ডিপেনডেন্স-এ হিসাব করে দেখিয়েছেন, ১৯৮১-৮২ অর্থবছরে জিডিপির অনুপাতের হিসাবে বৈদেশিক ঋণ/অনুদান ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। গত ২০১২-১৩ অর্থবছরে ওই অনুপাত নেমে এসেছে জিডিপির ২ শতাংশেরও নিচে। সুদাসলে বৈদেশিক ঋণ পরিশোধ বাদ দিলে নিট বৈদেশিক ঋণ/অনুদানের ছাড়করণ কয়েক বছর ধরে জিডিপির ১ শতাংশের নিচেই থাকছে। তাই, এখন বুক ফুলিয়ে বলার সময় এসে গেছে যে বাংলাদেশ আর খয়রাতনির্ভর অর্থনীতির দেশ নয়, সে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে। ১৯৮০-৮১ অর্থবছরে আমদানি বিলের মাত্র ৩১ শতাংশ মেটানো যেত এ দেশের রপ্তানি আয় দিয়ে। কিন্তু আট বছর ধরে বাংলাদেশের ব্যালান্স অব পেমেন্টসের চলতি হিসাবে প্রতিবছর উদ্বৃত্ত থাকছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে এ মাসে (আগস্ট ২০১৩) ১৬ বিলিয়ন ডলার অতিক্রম করে গেছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রার মজুত ভারতের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। এখনো আমাদের বাণিজ্য-ভারসাম্যে ঘাটতি রয়েছে, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ ওই ঘাটতি পূরণ করে বৈদেশিক মুদ্রার মজুত দ্রুত স্ফীত করে তুলছে।
পুরো সত্তর ও আশির দশকের প্রথম দিকে মোট বৈদেশিক সাহায্যের ২৯ দশমিক ৪ শতাংশ থাকত খাদ্যসাহায্য, ৪০ দশমিক ৮ শতাংশ থাকত পণ্যসাহায্য আর মাত্র ২৯ দশমিক ৮ শতাংশ থাকত প্রকল্প ঋণ/অনুদান। গত কয়েক বছরে বাংলাদেশ আর পণ্যসাহায্য নেয় না। খাদ্যসাহায্যও কমতে কমতে গত ২০১২-১৩ অর্থবছরে মোট বৈদেশিক ঋণ/অনুদানের ২ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে। বাকি ৯৮ শতাংশ বৈদেশিক ঋণ/অনুদান এখন নেওয়া হচ্ছে প্রকল্প ঋণ/অনুদান হিসেবে। এসব প্রকল্পের সুলুকসন্ধান করলে সহজেই বোঝা যাবে, প্রায় প্রতিটি প্রকল্পেই পুঁজি-লুণ্ঠনের মওকা সৃষ্টি করার জন্য প্রচুর পরিমাণ ‘মেদ’ যোগ করা হয়ে থাকে মন্ত্রী-আমলা, ব্যবসায়ী-ঠিকাদার ও সাহায্য-পাইপলাইনের ঘাটে ঘাটে জেঁকে বসা পুঁজি-লুটেরা ‘চাটার দলের’ জন্য। এমন পুঁজি-লুটেরা মার্জিন-শিকারি রাজনৈতিক নেতা-কর্মী, আমলা, ব্যবসায়ী, ঠিকাদার, মাস্তান-চাঁদাবাজদের খাই মেটানোর তাগিতেই প্রকল্প ঋণ/অনুদান গ্রহণের বদখাসলতটা ছাড়তে পারছে না এ দেশের পূর্বাপর সরকারগুলো।
দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জনের পর অনেক উন্নয়ন-তাত্ত্বিক বাংলাদেশ সরকারকে ‘চোর-বাটপার ও লুটেরা-দুর্নীতিবাজদের সরকার’ কিংবা ‘চৌর্যতন্ত্র’ হিসেবে অভিহিত করে আসছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে ৪২ বছর ধরে প্রধানতম বাধা হিসেবে দাঁড়িয়ে আছে রাষ্ট্রব্যবস্থার এই চৌর্যতান্ত্রিক বৈশিষ্ট্য। দুটো দল বা জোটই দুই মেয়াদে সরকার পরিচালনার সুযোগ পেলেও তারা দুর্নীতি ও পুঁজি-লুণ্ঠনের ক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফলে প্রতিবারই ক্ষমতাসীন দল বা জোট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এবারও মহাজোট সরকার চার বছর সাত মাস পার করার পর প্রত্যাখ্যানের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বলা যায়। পদ্মা সেতু, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, শেয়ারবাজারে ধস, ডেসটিনি গ্রুপ ও অন্যান্য তথাকথিত এমএলএম কোম্পানির গণপ্রতারণা, ব্যাংকঋণ নিয়ে নয়ছয়, ঋণখেলাপিদের দোর্দণ্ড প্রতাপ, ব্যাংকের লাইসেন্স নিয়ে দলবাজি, আত্মীয়-তোষণ ইত্যাদি জনগণের জন্য হজম করা দুঃসাধ্য বলেই মনে করি। এর ফলে জনগণ যদি বিএনপি-জামায়াত জোটের অসহনীয় দুর্নীতি-লুটপাট-দুঃশাসন ও তালেবানি তাণ্ডব ভুলে যায়, তাহলে তাদের দোষ দেওয়া যাবে কি? অবশ্য আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটকে জিতিয়ে আনা হবে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার শামিল। সম্ভাব্য বিজয়ীরা জাতিকে সুশাসন দেবেন বলে যে গলাবাজি শুরু করেছেন, তা কতটুকু বিশ্বাসযোগ্য? তাঁরা কি অতীতের দুষ্কর্মের জন্য ক্ষমা চেয়েছেন? চাননি। বরং ধারণা করি, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে বের করে আনার বিরুদ্ধেই অবস্থান নেবে বিএনপি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের মতো ‘দাতাদের’ সঙ্গে সম্পর্ককে দহরম-মহরমের পথে নিয়ে যেতেই বেশি সচেষ্ট হবে তারা।
তাই, ওপরে বর্ণিত শর্তগুলো পূরণের দ্বারপ্রান্তে উপনীত হওয়া সত্ত্বেও ২০১৫ সালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসার সম্ভাবনা ক্ষীণ। কারণ, এ দেশের রাষ্ট্রচরিত্র এখনো এ জন্য প্রস্তুত নয়। বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফের কথিত ‘সফট লোনের’ লোভ সামলানোর মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। ক্ষমতাসীন ও ক্ষমতাধর গোষ্ঠীগুলোর পুঁজি-লুণ্ঠনের ক্ষুধার অনল সহজে প্রশমিত হবে না।
অথচ বলা চলে প্রায় প্রতিটি শর্তপূরণ এখন বাংলাদেশের নাগালের মধ্যে। মাথাপিছু আয়ের চৌকাঠ টপকানোই বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন হবে। কিন্তু দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী বাংলাদেশের জনসংখ্যার অনুপাত ২৭ শতাংশের নিচে নেমে এসেছে। হুন্ডিসহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে দেশে আসা রেমিট্যান্স বিবেচনায় নিলে বাংলাদেশের মাথাপিছু আয় ইতিমধ্যেই ৯৯২ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। মানবসম্পদ সূচকে পুষ্টির ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে, বাকিগুলোতে সমস্যা হওয়ার কথা নয়। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জিত হয়েছে। রপ্তানির প্রবৃদ্ধিও আশাপ্রদ। বাংলাদেশের অর্থনীতি মোটেও ছোট নয়। বাংলাদেশকে পরবর্তী উত্থানশীল ১১টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারঙ্গমতার ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের জন্য ‘মডেল’ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশের ‘কলঙ্কতিলক’ বাংলাদেশকে কিছুতেই মানায় না।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।