স্বাগত ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টীয় বর্ষ ২০১৩ বিদায় নিয়ে ২০১৪ সমাগত। বিদায়ী বছরটিতে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের জাতীয় জীবনে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করি। রানা প্লাজার দুর্ঘটনার পর আটকে পড়া নর-নারীদের উদ্ধারে গণমানুষের কাছ থেকে যে অভাবনীয় সাড়া ও সহযোগিতা পাওয়া গেছে, তা অনন্য নজির হিসেবে থাকবে। একইভাবে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা তরুণ প্রজন্মের গণজাগরণওসোনালি ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এ বছরই বাংলাদেশের ক্রিকেট দল বড় সাফল্য বয়ে এনেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণ্ন রাখা সম্ভব হয়েছে।
কিন্তু বছরটিতেই এমন কিছু অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যা এড়ানো সম্ভব ছিল। এ বছর যদি ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক নেতৃত্ব সমঝোতার ভিত্তিতে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সম্মত হতে পারত, সেটাই হতো নতুন বছরে জনগণের জন্য শ্রেষ্ঠ উপহার। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের তীব্র বিভাজন এবং বৈরিতার কারণে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচন, যাতে প্রধান বিরোধী দলসহ অধিকাংশ দলই অংশ নিচ্ছে না। নির্বাচন যদি গণরায়ের প্রতিফলন হয়ে থাকে, তাহলে এতগুলো দলকে বাইরে রেখে তা কখনোই সম্ভব নয়। এই নিয়মরক্ষার নির্বাচন যেমন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না, তেমনি এর মাধ্যমে গঠিত সরকারের নৈতিক অবস্থানও হবে অত্যন্ত দুর্বল। তদুপরি গণতান্ত্রিক ব্যবস্থার যে অন্যতম শর্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সেই নিশ্চয়তাও এই একপেশে নির্বাচন দিতে পারবে না।
বিরোধী দল কেবল নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয়নি, তারা নির্বাচন প্রতিহত করতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এর পরিণতি কী হতে পারে, তা জানার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এক পক্ষ যেকোনো উপায়ে নির্বাচন করতে চাইছে, আরেক পক্ষ সেই নির্বাচন প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগ করছে। বলতে গেলে বাংলাদেশের মানুষ ২০১৩ সালটি সেই তিক্ত ও রক্তাক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করেছে। নতুন এই বছরটিতেও যদি এর পুনরাবৃত্তি ঘটে, তাহলে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এত দিন বাংলাদেশ যা অর্জন করেছে, তা ম্লান হয়ে যাবে।
আমরা আশা করি, রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে যাতে সংঘাত-সংঘর্ষ বন্ধ হয়, মানুষের উদ্যম ও উন্নয়নের পথের বাধাগুলো অপসারিত হয়, তারা সেই প্রয়াস নেবে। এ ক্ষেত্রে ক্ষমতাসীনদের দায় বেশি হলেও বিরোধী দলও তাদের দায়িত্বের ব্যাপারে উদাসীন থাকতে পারে না। সরকার যেমন বিরোধী দলের সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে না, তেমনি বিরোধী দলের উচিত হবে না আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতাকে প্রশ্রয় দেওয়া।
২০১৪ সালে বাংলাদেশের সব মানুষের শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক। তার চেয়েও আমাদের বেশি চাওয়া, রাজনৈতিক নেতৃত্বের সুমতি হোক।