স্বাধীনতা প্রাণীকুলের জন্মগত ও বৈশিষ্ট্যগত অধিকার। এটি কেউ হরণ করলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, উদ্বেগ ও উৎকণ্ঠা। খাঁচাবন্দী একটি পাখিকে যতই আপ্যায়ন করা হোক না কেন, সে সব সময় ছটফট করতে থাকে, উড়াল দিতে চায় মুক্ত আকাশে। কোনো বন্য পাখিকে যদি বেঁধে রাখা যায়, তবে দেখা যায় তার ছুটে পালানোর প্রবণতা। পানির মাছকে ডাঙায় তুললে শুরু হয় তার ক্ষীপ্র ছটফটানি। মানুষের জন্য বিষয়টি আরও বেশি সংবেদনশীল। কারণ, তার রয়েছে বিবেক ও চিন্তাশীলতা।
আমাদের এ প্রিয় জন্মভূমি শত শত বছর ধরে পরাধীন ছিল। শাসন-শোষণ করেছে মোগল, ব্রিটিশ ও পাকিস্তানিরা। কিন্তু সব আমলেই বীর বাঙালিরা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। অবশেষে একাত্তরের ১৬ ডিসেম্বর। লাখ লাখ শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। আহা! নয় মাস জুড়ে সেকি ভয়াবহ নির্যাতন! তোমরা ভুলে গেছ, কিন্তু আমরা ভুলিনি; যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ ও তার সহযোগিতা করেছি।
অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলের দুর্বলতা খোঁজেন, কিন্তু তিনি দায়িত্ব নিয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ এবং যুদ্ধাহত জাতির। সবকিছুতে বিশৃঙ্খলা, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, সশস্ত্র বিদ্রোহ, দলীয় একাংশের দুর্নীতি, বিদেশি শক্তিগুলোর বিভিন্নমুখী চাপ ইত্যাদি বিরূপ পরিবেশের শিকার। অতঃপর তাঁর নির্মম হত্যাকাণ্ডের পর অস্থিতিশীল রাষ্ট্রব্যবস্থায় পাল্টাপাল্টি হত্যাকাণ্ড চলতে থাকে। আশির দশকের স্বৈরশাসনের পর নব্বইয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা। এ ধারায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধারাবাহিকভাবে ক্ষমতা বদল হয়েছে, কিন্তু জনগণ স্বাধীনতার স্বাদ পায়নি। ক্ষমতাসীন দল বিরোধী দলের ওপর চালিয়েছে দমন অভিযান আর রাষ্ট্রীয় তথা জনগণের সম্পদের লুটপাট। তাতে রাষ্ট্রীয় সব সেক্টরে ঢুকে পড়েছে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, আইনশৃঙ্খলার অবনতি; বেড়েছে হত্যা, গুম, ধর্ষণসহ জনদুর্ভোগ। যে কারণে গত নির্বাচনে চারদলীয় জোটের ভরাডুবি হয়েছিল, মহাজোট সরকার ক্ষমতায় এসে সে কাজগুলোই সোল্লাসে সম্পাদন করেছে। আর তাতে জরিপ অনুযায়ী তাদের জনসমর্থনে মন্দাভাব সৃষ্টি হয়েছে।
সংবিধান সংশোধন হয় জনগণের স্বার্থে, দলীয় স্বার্থে নয়। বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল নিঃসন্দেহে জনস্বার্থবিরোধী হয়েছে। এতে তাদের ভোটের অধিকার ও প্রতিফলন বিঘ্নিত হতে পারে। তাতে বিনষ্ট হবে গণতন্ত্র আর প্রলম্বিত হবে বিস্বাদ স্বাধীনতা।
বিরোধী দলের সঙ্গে সমঝোতা ছাড়া একদলীয় নির্বাচন করতে গেলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। জনস্বার্থে ওই বিশৃঙ্খলা প্রশমনে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে সেটাকে তৃতীয় শক্তির উদ্ভব বলা যাবে না; আর যদি তারা ক্ষমতাসীন দলের পক্ষ নেয়, তাহলে আওয়ামী লীগের জনসমর্থন হ্রাস পাবে। এ ছাড়া সেনাবাহিনীকে চুপচাপ রেখে বিজিবি, পুলিশ-র্যাব দিয়ে বিরোধী দল দমন সম্ভব নাও হতে পারে। কারণ, তারা সরকারি চাকরিজীবী, কোনো দলীয় ক্যাডার নয়।
আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তাদের হাতে গণতন্ত্র এবং জনগণের স্বাধীনতার স্বাদ ভূলুণ্ঠিত হবে, এটা কখনো আশা করা যায় না। বিএনপি জোট ক্ষমতায় গেলে আওয়ামী লীগের খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। কারণ, তাদের নেতা-কর্মীদের কোনো প্রকার আত্মশুদ্ধি (ভুল থেকে শিক্ষা) ঘটেছে বলে মনে হয় না। এ ছাড়া নিরপেক্ষ সরকারব্যবস্থায় নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখযোগ্য আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই বহু কষ্টে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রের মান বজায় রাখতে একগুঁয়েমি মনোভাব ত্যাগ ও বিশৃঙ্খলার পথ পরিহার করে বিরোধী জোটের সঙ্গে সমঝোতায় আসা অতি জরুরি। নির্বাচনকালীন সরকারের রূপ এমন হতে পারে যে রাষ্ট্রপতির হাতে সব ক্ষমতা অর্পণ করে উভয় জোট থেকে সমানসংখ্যক সাংসদ নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যেতে পারে। বন্ধু তোমার বুক ভরা লোভ, চোখে স্বার্থের ঠুলি; তাই বলে কষ্টার্জিত স্বাধীনতা আর গণতন্ত্রের কথা কভু যেয়ো না ভুলি। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর নিয়ন্ত্রিত সরকারের অধীনে নির্বাচন আর বিরোধীদলীয় নেত্রী বললেন নির্দলীয় সরকারব্যবস্থার কথা। এ দুয়ের মাঝামাঝি আমার প্রস্তাবটি গ্রহণযোগ্য হতে পারে সবার জন্য।
মো. আব্দুল্লাহ আল্ আমিন
বগুড়া।