স্বাধীনতা দিবসে গণতন্ত্রের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সব সময় সব বিরোধী রাজনৈতিক দল বলে, দেশে গণতন্ত্র নেই। এখন এ কথা বলছে বিএনপি ও তার মিত্র দলগুলো। এর আগে, যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, তখন গণতন্ত্রহীনতার অভিযোগ করত বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু যখনই যে বিরোধী দল রাষ্ট্রক্ষমতা হাতে পায়, তখন বলে দেশে গণতন্ত্রের অভাব নেই। এখন এই কথা শোনা যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখে। বাংলাদেশে অবাধ গণতন্ত্র চলছে—এমন কথা আওয়ামী লীগ বলার সুযোগ পেয়েছে উপর্যুপরি দ্বিতীয় মেয়াদে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে তারা বলছে, বাংলাদেশে অবশ্যই গণতন্ত্র আছে। কারণ, দেশকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ধারায় ঠেলে দেওয়ার ষড়যন্ত্র নস্যাৎ করে গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের অভিলাষ পূরণ হয় তাদের ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু জনগণের মনে গণতন্ত্রের অভাববোধ একটা স্থায়ী অতৃপ্তি হিসেবে ক্রিয়াশীল থেকে যায়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাতবদল হওয়ার পরেও জনগণের এই অতৃপ্তি দূর হয় না, কারণ নতুন ক্ষমতাসীনেরাও পূর্বতন ক্ষমতাসীনদের পথ অনুসরণ করে। এমনকি, অগণতান্ত্রিক কলাকৌশল অবলম্বন, জবরদস্তিমূলক আচরণ এবং শুধু নিজেদের ভাগ্য পরিবর্তনে তারা পূর্বতন ক্ষমতাসীনদেরও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর যদি এমন হয়, যেনতেন প্রকারে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, যেটিতে প্রধান বিরোধী দলসহ জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো অংশ নিল না এবং তার
ফলে ক্ষমতার হাতবদল ঘটল না, তাহলে গণতন্ত্রকামী মানুষের হতাশার সীমা থাকে না। নতুন সরকার আইনগত বিবেচনায় বৈধ হলেও জনগণ তাকে মন থেকে গ্রহণ করে না; সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাবে সেই সরকারকে জবরদস্তিমূলক বলে মনে করা হয়।
স্বাধীনতা দিবস উদ্যাপনের বিপুল-বিশাল আয়োজনের এই মুহূর্তে এসব কথা উত্থাপন এ জন্য যে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনার দিকেই ফিরে তাকানো দরকার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি ফিরে আসার যেকোনো উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা’ এক প্রবল প্রশ্ন হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আর সম্প্রতি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার রায় ঘোষণা শুরুর পর থেকে ‘মুক্তিযুদ্ধের চেতনা’ই বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত শব্দবন্ধ। একে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। বলা হচ্ছে, যুদ্ধ শেষ হয়নি, বন্ধ হয়নি বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র। স্বাধীন বাংলাদেশের আকাশে-বাতাসে পাকিস্তানের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাই ২০০৮ সালে নির্বাচিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদ ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে যখন নতুন নির্বাচনের প্রশ্ন চলে এল, তখন যেকোনো পন্থায় সেই নির্বাচনে জয়ী হওয়ার চ্যালেঞ্জ হয়ে উঠল সবচেয়ে বড় অগ্রাধিকার। শুধু এভাবেই রক্ষা পেতে পারে মুক্তিযুদ্ধের চেতনা। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া উচিত, সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত—এসব যুক্তির বিপরীতে দাঁড়িয়ে গেল এই যুক্তি: মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন, এখন গণতন্ত্রের সময় নয়। গণতান্ত্রিক বিধিবিধান অনুসারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধপক্ষ জয়ী হতে পারে—এই আশঙ্কা থেকে আমরা গণতন্ত্রকে দাঁড় করালাম ‘মুক্তিযুদ্ধের চেতনা’র বিপরীতে।
কিন্তু আসলে কি তা করা যায়? আমরা কি গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিযুক্ত করতে পারি? নাকি গণতন্ত্রই ছিল মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার? বস্তুত আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতেই পাকিস্তানের সামরিক স্বৈরশাসকেরা আমাদের ওপর যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তারা অস্বীকৃতি জানিয়েছিল। গণতান্ত্রিক উপায়ে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পরেও আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না বলে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, পাকিস্তানের বর্বর সেনাশাসকদের অবিমৃশ্যতার কারণে সেটাই রূপান্তরিত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে। মূলত গণতান্ত্রিক অধিকারবোধ থেকে উৎসারিত সেই যুদ্ধ এক সর্বাত্মক জনযুদ্ধের রূপ লাভ করেছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে; কারণ পরাধীন থেকে গণতান্ত্রিক অধিকার ভোগের কোনো সুযোগ যে ছিল না, তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে। সেই যুদ্ধে আমাদের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানে কারান্তরালে থেকে মুক্তিযোদ্ধাদের অফুরন্ত প্রেরণা জুগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪৩ বছর পর সেই আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার স্বার্থে এমন কৌশলে একটি নির্বাচন অনুষ্ঠান করতে হয়েছে, যে নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে দেশের প্রধান বিরোধী দল। ৫ জানুয়ারির সেই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কাগজে-কলমে বৈধ হলেও গণতান্ত্রিক রাজনীতির রীতিনৈতিক বিবেচনায় এর যে গ্রহণযোগ্যতার ঘাটতি রয়েছে, সেটা তারা মুখে স্বীকার না করলেও অন্তরে উপলব্ধি করে বলে বিশ্বাস করি। গ্রহণযোগ্যতার এই ঘাটতি কাটিয়ে ওঠার উপায় যে একদম নেই, তা বলা যায় না। জনগণ নিরুপায় হয়ে হলেও সম্ভবত মেনে নিয়েছে যে একটা নির্বাচন যখন হয়েই গেছে, তখন সেটা তো আর উল্টানো যাবে না। এখন দেশটা ভালোভাবে চললেই হয়।
সুশাসন, দুর্নীতি-অনিয়ম পরিহার ও দমন, সব রাজনৈতিক দলের সঙ্গে গণতান্ত্রিক আচরণ, সরকারি দলের মতলববাজ অংশের নানামুখী নেতিবাচক তৎপরতা নিয়ন্ত্রণ, আইনের সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ ইত্যাদি সদাচরণের মাধ্যমে সরকারের গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ আছে। উপজেলা নির্বাচনে প্রভাব খাটানোর লক্ষ্যে সহিংস ও কারসাজিমূলক বিভিন্ন কৌশল অবলম্বনের পরিবর্তে ক্ষমতাসীন দল ও সরকার যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠানে গঠনমূলক ভূমিকায় থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করত, তাহলে তাদের সমর্থিত প্রার্থীরা কম সংখ্যায় জয়ী হলেও জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়ত। কিন্তু প্রতিপক্ষ দলগুলোর সমর্থিত প্রার্থীদের আরও অধিক সংখ্যায় বিজয়ী হওয়া ঠেকাতে গিয়ে ক্ষমতাসীন দলের লোকজন পর্যায়ক্রমে সহিংসতা ও কারচুপির মাত্রা বাড়িয়ে দিয়ে বস্তুত সরকারেরই ক্ষতি করছে। এভাবে সরকারের গ্রহণযোগ্যতার ঘাটতি পূরণের সম্ভাবনা নষ্ট হচ্ছে।
স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কতটা রক্ষা পাবে জানা নেই। কিন্তু এটা নিশ্চিত জানা কথা যে, সব অর্থে পরিপূর্ণ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও আচরণের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সেই স্বাধীন সোনার বাংলা, যার জন্য প্রাণ উৎসর্গ করেছেন ৩০ লাখ মানুষ।

মশিউল আলম: সাংবাদিক।