স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মানুষ বোমা বিস্ফোরণের শিকার হলে কিংবা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ককটেল বা পটকা ফেটে মানুষ জখম হলে গুরুতর উদ্বেগের কারণ ঘটে। ২৬ মার্চ দেশের দুটি স্থানে এমন মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনাই ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পটকা-জাতীয় বিস্ফোরকের আঘাতে আহত হয়েছে পাঁচ কিশোরী শিক্ষার্থী।
শিবগঞ্জের ঘটনাটি গুরুতর; রাত ১২টার দিকে শহীদ মিনারে হাতে তৈরি দুটি বোমা বিস্ফোরিত হয়। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ এ জন্য পরস্পরকে দোষারোপ করেছে। নিহত ব্যক্তি ছাত্রদলের স্থানীয় নেতা। বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগকে দোষারোপ করে তাদের কার্যালয় ভাঙচুর করেছেন। স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের যিনি নিহত হয়েছেন, তিনি নিজেই বোমা বহন করছিলেন; সেটি ফেটে গিয়ে তিনি প্রথমে আহত হন, পরে হাসপাতালে মারা যান। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। তাই ঘটনাটি তদন্ত করা উচিত। এই গুরুতর অপরাধের ঘটনাটি রাজনীতির সঙ্গে না জড়িয়ে আইনশৃঙ্খলার বিষয় হিসেবে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা একান্ত জরুরি। যারাই এ কাজ করে থাকুক না কেন, তাদের আইনানুগভাবে বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি নিশ্চিত করা দরকার।
স্বাধীনতা দিবসে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে শহীদ মিনারে যায়। রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, পাড়ার ক্লাব এবং সাধারণ ব্যক্তি-নাগরিক—সবারই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে ফুল দেওয়ার অধিকার আছে। শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ভঙ্গ হলে মানুষের স্বতঃস্ফূর্তভাবে শহীদ মিনারে যাওয়া বাধাগ্রস্ত হতে বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাধীনতা দিবসে যে সহিংস ঘটনা ঘটেছে, ভবিষ্যতে দেশের কোথাও আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না।