স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়ানো জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবদুল হামিদ

আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে এক-তৃতীয়াংশই ঘাটতি বাজেট। আমাদের মতো দেশে ঘাটতি বাজেটই করা হয়। ঘাটতি বাজেট মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। দেখা যাচ্ছে, বাজেটের তৃতীয় বৃহৎ অংশ চলে যায় সুদ পরিশোধ বাবদ। অথচ বরাদ্দের দিক থেকে স্বাস্থ্য খাতের অবস্থান অষ্টম।

বাজেটে যেভাবে সুদ পরিশোধে বড় একটা অংশ চলে যায়, এতে আশঙ্কা করা হচ্ছে, একসময় সুদই হয়ে যাবে বাজেটের অংশ। একটা জাতির জন্য এটা ভালো লক্ষণ নয়। আমরা ঘাটতি বাজেট করব। কিন্তু সেটা যদি বড় হয়ে যায়, সেটা বিপজ্জনক। প্রস্তাবিত বাজেটে পরিবর্তনের কোনো সুর দেখিনি। গতানুগতিক ধারায় বাজেট দেওয়া হয়েছে। আমরা যে করোনার দুঃসময় পার করছি, বাজেট দেখে তা মনে হয়নি।

আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করছি। টিকা আমদানির জন্যও টাকাটা কিন্তু ঋণ করেই নিচ্ছি। রাজস্ব খাত থেকে টাকা দিতে পারছি না। অভ্যন্তরীণ উৎস থেকেও জোগান দেওয়া দরকার।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়। এটা উচিত নয়। কারণ, পেনশনের সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই। পেনশনকে বাজেটের অংশ না রেখে স্থায়ী একটা কাঠামো বের করা দরকার। সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে যে টাকা খরচ হচ্ছে, পেনশনের টাকা সেখান থেকে দেওয়া হচ্ছে। এটা কেন হবে?

এবার বাজেটে স্বাস্থ্য খাতের বিষয়টি নিয়ে কথা বলি। বাজেটকে আমরা দুই অংশে ভাগ করি। একটা হলো কোভিড ব্যবস্থাপনা। করোনা প্রতিরোধে গত বছর তেমন টাকা লাগেনি। কারণ, তখনো সারা বিশ্বে টিকা উৎপাদন হয়নি। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ টিকা উৎপাদন করে ফেলেছে, আমরা অন্যদের সঙ্গে টিকার চুক্তিও করেছি। এখন টাকা লাগবে। সরকার এই টাকা বাজেটে রেখেছে। এই টাকা রাজস্ব বাজেট থেকে আসবে না। আসবে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ থেকে।

দ্বিতীয় বিষয় হলো টাকা খরচ করা। টিকা কেনার সময় যতটা সম্ভব দক্ষতার সঙ্গে খরচ করা উচিত। যাতে অনিয়ম না হয়। টিকা কেনার সময় আমাদের অবশ্যই দর-কষাকষি করা উচিত। সরকার যে টিকা ১০ ডলারে কিনছে, আফ্রিকার দেশগুলো সেই টিকা ৩ বা ৫ ডলারে কিনছে। এখানে আমাদের আরও বেশি দর-কষাকষি করতে হবে। টিকার বাইরে অন্য কেনাকাটায় যেখানে দুর্নীতি ও সিন্ডিকেট হচ্ছে, সেখানে লাগাম টানতে হবে। টিকার নিবন্ধন মানুষের আরও দোরগোড়ায় নিতে হবে। যে পরিমাণ টিকা দিতে পারব, সেই পরিমাণ টিকাই আনা উচিত। একসঙ্গে অনেক টিকা এনে রেখে দিলেন, কিন্তু ব্যবহার হলো না। এটা ঠিক হবে না।

স্বাস্থ্য খাতে টাকা খরচ না হওয়ার মূল কারণ অদক্ষতা। টাকা অব্যাহত থাকার কারণ হলো উন্নয়ন বাজেটের টাকা খরচ করতে পারে না মন্ত্রণালয়। তাই স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়ানো জরুরি।