স্বাস্থ্যসেবার হতাশাজনক চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তিন হাজার ২৯৭ জন মানুষের জন্য একজন চিকিৎসক স্বাস্থ্য খাতের ঘাটতিকে প্রকট করে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনের এই তথ্য সাফল্যের বড়াইয়ের তলার দুর্বল ভিতকেই উন্মোচন করে।
সাড়ে ১৬ কোটি জনসংখ্যার দেশে চিকিৎসকের সংখ্যা মাত্র ৪৬ হাজার ৯৫১ জন! সেই অনুপাতে প্রতি একজন চিকিৎসকের ওপর নির্ভরশীল প্রায় তিন হাজার ৩০০ মানুষ। এটি শহর ও গ্রামের গড় অনুপাত। বাস্তবতা হচ্ছে, শহরাঞ্চলে বিশেষত রাজধানীসহ বিভাগীয় শহরগুলোয় চিকিৎসকেরা মৌচাকের মৌমাছির মতো ভিড় করে আছেন। গ্রামাঞ্চলে চিকিৎসকপ্রতি নির্ভরশীল মানুষের সংখ্যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে পরিস্থিতি গ্রামে বেশি খারাপ।
এই অসম বিন্যাসের প্রতিফলনই ঘটে গ্রামে শিশুমৃত্যুর অধিক হারে। অন্যদিকে শহরের বস্তিবাসীদের জন্যও চিকিৎসা-সুবিধা খুবই অপ্রতুল; এ কারণে সেখানেও মৃত্যু ও রোগদুর্ভোগের হার বেশি। বুলেটিনে বলা হয়েছে, শিশুমৃত্যুর প্রধান কারণ হলো নবজাতকের শ্বাসকষ্ট (৩২ শতাংশ)। একটি জরিপভিত্তিক গবেষণার ফল জানিয়েছে, জন্মের দুই দিনের মধ্যে স্বাস্থ্যসেবা দিয়ে শিশুমৃত্যুর হার তিন ভাগের দুই ভাগই কমিয়ে আনা সম্ভব। কেবল স্বাস্থ্যকর্মীর পরামর্শেই অজস্র নবজাতকের জীবন রক্ষা হতে পারে। চিকিৎসক তো দূরের কথা, অনেক ক্ষেত্রে এটুকু মামুলি সহযোগিতাও অনেক ক্ষেত্রে না মেলা দুর্ভাগ্যজনক।
আমাদের স্বাস্থ্যব্যবস্থার বিষফোড়া হয়ে উঠেছে গ্রামাঞ্চলে চিকিৎসকদের থাকতে না চাওয়া। এর কারণটি অনাকাঙ্ক্ষিত হলেও বোধগম্য। এর সহজ সমাধান হতে পারত, গ্রামে একটা নির্দিষ্ট সময় চিকিৎসকদের দায়িত্ব পালনকে পেশাগতভাবে লাভজনক করে তোলা। তার জন্য তাঁদের পদোন্নতি বা অন্য কোনো উপায়ে পুরস্কৃত করার ব্যবস্থা থাকলে চিকিৎসকদের মধ্যে গ্রামে অবস্থানে উৎসাহ জোগানো সম্ভব।
অধিকাংশ মানুষের নুন আনতে পান্তা ফুরায়, সেখানে শক্তিশালী সরকারি চিকিৎসাব্যবস্থার বিকল্প নেই। তাই রাষ্ট্রীয় খাত, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা এবং বেসরকারি উদ্যোগকে সমন্বিত করা দরকার। দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, চিকিৎসা-শিক্ষার মান বাড়ানো এবং স্বাস্থ্য প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠার দিকে সচেষ্ট হওয়া দরকার।