স্বীকৃতি আছে, স্বাধীনতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রকৃতির লীলাভূমি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি বৃহত্তর জেলার অসমন্বয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। প্রতিবছর এপ্রিল মাসজুড়ে পার্বত্য চট্টগ্রামের আনাচকানাচে ছড়িয়ে পড়ে উৎসবের রঙিন আমেজ।
বৈসাবি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিসত্তাগুলোর সবচেয়ে বড় উৎসব, যা মূলত ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত পালিত হয়ে আসছে। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু এবং তঞ্চঙ্গ্যাদের বিহু—এদের প্রথম আদ্যক্ষর নিয়ে বৈসাবি শব্দটির উৎপত্তি। আদিবাসী জাতিগোষ্ঠীগুলো চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খুমি, পাংখোয়া, বম, ম্রো, মুরং, চাক, লুসাই, উসাই এবং খিয়াং জাতিগত বৈচিত্র্য, সংস্কৃতি, ভাষা ও ধর্ম ভিন্ন হলেও বৈসাবি উৎসবে এরা সবাই এক ও অভিন্ন। এই উৎসব পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের একাত্ততার প্রতীক, তাতে কোনো দ্বিমত থাকতে পারে না।
সারা বছর পরম আগ্রহের সঙ্গে প্রতিটি আদিবাসী এই উৎসবের অপেক্ষায় দিন গুনে। অথচ যতই দিনটি কাছে আসতে থাকে একধরনের অনিশ্চয়তাও এসে ভর করে মনে। ‘এ বছর উৎসবে পরিবার ও আপনজনদের সান্নিধ্য পাওয়া যাবে তো!’ বৈসাবি উৎসব সর্বজনস্বীকৃত হলেও নেই এটি উদ্যাপনের সুবিধা তথা বাধ্যতামূলক সরকারি ছুটির বিধান। অথচ পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল এক দিন সরকারি ছুটির বিধান রয়েছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মস্থলে ১৩ তারিখে এক দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা থাকলেও অন্যত্র নেই।
বর্তমানে চাকরি সূত্রে অনেক আদিবাসী বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। বিশেষ করে, আদিবাসী অনেক শিক্ষার্থী পার্বত্য চট্টগ্রামের বাইরে অবস্থান করছেন। অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সময় সেমিস্টার বা ইয়ার ফাইনাল পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। যার কারণে ইচ্ছা থাকলেও উৎসবে অংশগ্রহণ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন বাধ্য হয়েই।
সমস্যাটির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ত্রিশিলা চাকমা
আইন ও মানবাধিকার অনুষদ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।