আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি খাতে ব্যাপক সাফল্য ও কয়েক বছর ধানের উৎপাদন বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি বছর ১২ লাখ টন চাল আমদানির খবরটি নিঃসন্দেহে উদ্বেগজনক। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কিছু সুগন্ধি চাল ছাড়া অন্য চাল আমদানি এবং এতে রাষ্ট্রের ১০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছিল। হঠাৎ করে এ বছর পৌনে চার লাখ টন চাল আমদানি ও আরও আট লাখ ৩৫ হাজার টন চাল আমদানির ঋণপত্র খোলার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বেসরকারি খাতে এই চাল আমদানির পেছনে আন্তর্জাতিক বাজারে হঠাৎ খাদ্যশস্যের দাম কমে যাওয়া এবং দেশীয় বাজারে দাম বাড়ার সুযোগে ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লোটার চেষ্টা করছেন কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। কৃষিমন্ত্রী ভারতের পুরোনো চাল গোখাদ্য হিসেবে ব্যবসায়ীরা আমদানি করছেন বলে দাবি করেছেন। কিন্তু গোখাদ্য হিসেবে আনা চাল যে মনুষ্য খাদ্য হিসেবে বাজারজাত হবে না, তার নিশ্চয়তা কী?
গত কয়েক বছর কৃষকেরা ধান ও চালের ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার কিছুটা বাড়তি দাম দিয়ে কৃষকদের কাছ থেকে ধান-চাল কিনছে। এবার ধান-চালের দাম অপেক্ষাকৃত বেশি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম কমেছে৷ এত দিন ভারতে বাংলাদেশের চেয়ে চালের দাম বেশি থাকলেও বর্তমানে তা অন্তত টনপ্রতি ২০ ডলার কম। এখন চাহিদার বেশি চাল আমদানি হলে স্থানীয় বাজারেও দাম কমে যাবে। সে ক্ষেত্রে ফের কৃষক ধান উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন, যা দীর্ঘ মেয়াদে দেশের জন্য ক্ষতিকর হবে। আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়ে গেলে ব্যবসায়ীরা আমদানিতে উৎসাহ দেখাবেন না। কিন্তু তখন ন্যায্যমূল্য না পাওয়া কৃষককে আবার ধান উৎপাদনে ফিরিয়ে আনা কঠিন হবে।
তাই, ধান-চাল তথা খাদ্যশস্য আমদানির বিষয়টি লাগামহীনভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। সরকারকে এর রাশ টেনে ধরতে হবে। আবার চাহিদার তুলনায় ঘাটতি থাকলে বাজার অস্থিতিশীল হয়ে পড়বে। সে ক্ষেত্রে সমস্যাটির সমাধান খঁুজতে হবে ভেবেচিন্তেই। আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম কমে যাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। কিন্তু সেই আশীর্বাদকে যেন স্বার্থান্বেষী মহল অভিশাপগ্রস্ত করতে না পারে, সেদিকে সুতীক্ষ্ণ নজর দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে ২০১৪-১৫ অর্থবছরে দুই লাখ টন চাল আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেটি যথেষ্ট বলেই আমরা মনে করি।
তবে দেশকে সত্যিকার অর্থে খাদ্যে স্বাবলম্বী করতে হলে টেকসই নীতি ও পরিকল্পনা নিতে হবে। কৃষি উৎপাদনের উপাদানগুলো সুলভে কৃষকের কাছে পৌঁছাতে পারলে বর্তমান ঘাটতি কাটিয়ে ওঠা যাবে এবং চাল আমদানির প্রয়োজন হবে না।