‘হরতাল’—গুজরাটি শব্দ। দাবি আদায়ের মাধ্যম হিসেবে হরতাল শব্দটি ব্যবহার করা হয়। গণতান্ত্রিক দেশে যেকোনো স্বীকৃত জাতি বা গোষ্ঠীর দাবি আদায়ের জন্য হরতাল পালনের অধিকার রয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে হরতালের নামে যে তালহীন বে-তাল আর মাতালের মতো নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, তা অগ্রহণযোগ্য। হামলা চালানো হচ্ছে ডাক বিভাগ, রেলওয়ে, বিভিন্ন মিডিয়ার যানবাহন এমনকি খাবারের দোকান বা হোটেলেও। প্রতি হরতালে নিহত হচ্ছে মানুষ।
ঢাকা চেম্বারের এক হিসাবে সম্প্রতি (সূত্র-৪ এপ্রিল ২০১৩ প্রথম আলো) বলা হয়েছে, হরতালের কারণে এক দিনে এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়। গড়ে বছরে ৪০ দিন হরতাল হয়। সে হিসাবে বার্ষিক ক্ষতির পরিমাণ ৬৪ হাজার কোটি টাকা। হরতালের কারণে ৬ দশমিক ৫ ভাগ হারে জিডিপি ক্ষতিগ্রস্ত হয়। অথচ এই হরতাল না হলে দেশের জিডিপির প্রবৃদ্ধি উন্নীত করা সম্ভব। নৈরাজ্য ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে এ ক্ষতি হরতাল আহ্বানকারী করছে, নাকি হরতাল প্রতিহতকারী করছে, সেটা মুখ্য বিষয় নয়।
তাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সচেতন নাগরিক হিসেবে হরতাল নামের এই ঘৃণ্য অপসংস্কৃতির প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
হীরক লিংকন
রাজশাহী।