হরতাল ও অবরোধ দিয়ে বিরোধী দলের কী লাভ হচ্ছে, বুঝতে পারছি না। এতে শুধু সাধারণ খেটে খাওয়া মানুষ মারা যাচ্ছে, পুড়ে যাচ্ছে; পুড়ে যাচ্ছে ছোট ছোট বিদ্যালয়, পুড়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চার স্বপ্নগুলো, আর বন্ধ হয়ে আছে শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো শত শত দিন ধরে। ফলে সাধারণ মানুষ বিরোধী দলের ওপর চরম বিরক্ত হয়ে যাচ্ছে। এমনকি অন্যেরা গাড়ি পোড়ালেও বদনাম হচ্ছে বিরোধী দলের।
এই অবস্থায় বিরোধী দল যদি হরতাল-অবরোধ বন্ধ করে অন্য কোনো বুদ্ধি বা পন্থা বা সমঝোতায় না যায়, তাহলে তারাও সরকারি দলের মতো মানুষের আস্থা হারাবে।
আজ ৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ও এবং এ লেভেল পরীক্ষা। কিন্তু বিরোধী দলের একগুঁয়েমির দরুন এই ২০ হাজার পরীক্ষার্থী হারাচ্ছে তাদের একটি মূল্যবান শিক্ষাবছর। অভিভাবকেরা বিরোধী দলের নেতার বাসায় ধরনা দিয়েও বিফল হয়ে ফিরে এসেছেন। তিনি দেখা দেননি। এর মাধ্যমে প্রমাণিত হলো, তাঁদের এই আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধেও। আমরা শিক্ষা ও শিক্ষার্থীকে জিম্মি করা আন্দোলন থেকে মুক্তি চাই।
ডা. জেসমিন চৌধুরী, জিগাতলা, ঢাকা।