হরতালের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ৮৪ ঘণ্টার হরতাল আজ সন্ধ্যা ছয়টায় শেষ হলেও সন্ত্রাসীদের ছোড়া বোমা ও ককটেলের আগুনে পুড়ে যাওয়া মানুষগুলোর যন্ত্রণা ও ক্ষত শিগগিরই শেষ হবে না। কেউ কেউ হয়তো আজীবন যন্ত্রণা ভোগ করবেন, স্বজনদের বইতে হবে বেদনার ভার। এর শেষ কোথায়?
প্রথম আলোর খবর অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত রাজধানী ও এর বাইরে অন্তত ৬২ জন আহত ও দগ্ধ হয়েছেন। মারা গেছেন দুজন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যাঁরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তাঁদের কথাই গণমাধ্যমে আসে। অথচ হরতাল আহ্বানকারীদের দাবি, তাঁদের হরতাল হবে শান্তিপূর্ণ। এটাই কি শান্তিপূর্ণ হরতালের নমুনা?
গ্রেপ্তার হওয়ার ভয়ে বিরোধী দলের নেতারা রাস্তায় নামেন না। কর্মীদেরও কদাচিত দেখা যায়। তাহলে এই বোমা-ককটেল ফাটিয়ে মানুষ ও যানবাহন পোড়ানোর কাজটি কারা করছে? তারা কি রাজনৈতিক দলের কর্মী, নাকি পেশাদার অপরাধী? পরিচয় যা-ই হোক না কেন, হরতাল আহ্বানকারীরা এসব সন্ত্রাসী ঘটনার দায় এড়াতে পারেন না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হাতে হরতাল দমনের আওয়াজ তুললেও তাঁর পুলিশ বাহিনী সন্ত্রাসীদের টিকিটিও ধরতে পারছে না।
সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বলে বোমাবাজি-ককটেলবাজিকেই উৎসাহিত করছে। অনেক স্থানে রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। মানুষ মারা ও জাতীয় সম্পদ ধ্বংসের এই মহোৎসব বন্ধ হোক। বন্ধ হোক হরতাল দমনের নামে বিরোধী দলের নেতাদের পাইকারি গ্রেপ্তার-হয়রানিও।
হরতালে বোমা-ককটেলের আঘাতে যাঁরা নিহত হয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আর যাঁরা আহত হয়েছেন, রাষ্ট্রীয় খরচে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অদৃশ্য হুকুমদাতাদের পেছনে অযথাা সময় নষ্ট না করে, সে যে দলেরই হোক প্রকৃত অপরাধীদের ধরুন, শাস্তি দিন, দেখবেন হরতালে বোমা-ককটেল মেরে মানুষ মারা বা গাড়ি পোড়ানোর ঘটনা অনেক কমে গেছে।