হরতালের আগেই হরতাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হরতালকেন্দ্রিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই দেশে এখন ঘোষিত সময়ের হরতালের থেকে বেশি বিপজ্জনক ও ভোগান্তিপূর্ণ সময় হরতালের আগের দিন। অক্টোবরের শেষ সপ্তাহে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল শুরু হওয়ার আগের দিনই দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণ গেছে পাঁচজন মানুষের। আর গতকাল রোববার থেকে শুরু হওয়া টানা ৮৪ ঘণ্টার হরতালের আগের দিন দেশের বিভিন্ন স্থানে পোড়ানো ও ভাঙচুর করা হলো দুই শতাধিক যানবাহন। এই অঘোষিত সহিংসতা ও নাশকতার দায়দায়িত্ব কার? জনগণের এই সীমাহীন ভোগান্তির প্রতিকারই বা কী?
রাজনৈতিক দলগুলো যখন হরতালের তারিখ ও সময়সীমা ঘোষণা করে, তখন জনগণ জেনে যায়, হরতাল কখন শুরু হবে আর কখন শেষ হবে। ফলে, তারা জীবন-জীবিকার প্রয়োজনে ওই সময়ের মধ্যে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সুযোগ পায়। নিরাপত্তাহীনতার ঝুঁকির কথা বিবেচনা করে কেউ কেউ হয়তো গৃহের বাইরে যাওয়া থেকে বিরত থাকে, গেলেও হয়তো ব্যক্তিগত মোটরযানটি সঙ্গে নেয় না। কিন্তু হরতালের আগের দিন—যা ঘোষিত হরতালের সময়সীমার মধ্যে পড়ে না—মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে যদি যানবাহন না পায়, অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে অকস্মাৎ ভাঙচুর ও অগ্নিসংযোগের মুখোমুখি হয়—এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কী হতে পারে?
এই প্রশ্ন তোলার অর্থ এটা নয় যে ঘোষিত হরতালের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সহিংসতা, নাশকতা, ধ্বংসযজ্ঞ ইত্যাদি সবকিছুই জায়েজ। না, তা মোটেও নয়। কিন্তু হরতালপূর্ব সহিংসতার আকস্মিকতা অধিকতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। হরতালের আগের দিন বা আগের সন্ধ্যা আপাতনিরাপদ সময়ের বাতাবরণে হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ সময়। এর দায় বর্তায় অবশ্যই হরতাল আহ্বানকারীদের ওপর। কারণ, পরের দিনের হরতাল ‘সফল’ করার প্রস্তুতি হিসেবে এক ভীতিকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তারাই এগুলো করছে।
কিন্তু এটা অতি ভয়ংকর এক অপকৌশল। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। হরতাল আহ্বান ও পালনের ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা হরতাল আহ্বানকারীদেরই দায়িত্ব। হরতালের আগের দিনের ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য।