বৈচিত্র্যময় বৃহত্তর হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির ফলে বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি চালু করেছে ‘হাওর এক্সপ্রেস’ নামের নতুন আন্তনগর ট্রেন। ইতিমধ্যেএই আন্তনগর ট্রেন বিস্তীর্ণ হাওরের সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে প্রান্তিক হাওরবাসীকে।
কিন্তু সমস্যা দেখা দিয়েছে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ নিয়ে। বর্তমানে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকছে। এ কারণে এখানকার মানুষের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। প্রায় প্রতি শুক্রবারেই রাজধানী ঢাকায় কোনো না কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বন্ধ থাকায় নিয়োগপ্রার্থীরা এই ট্রেনটির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপর দিকে নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের অনেক মানুষ রাজধানীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত আছেন। বৃহস্পতিবার বন্ধ হওয়ার কারণে তাঁদের পক্ষেও সাপ্তাহিক ছুটির দিনগুলো পরিবারের সঙ্গে কাটানো সম্ভব হচ্ছে না। যেহেতু ট্রেনটি মধ্য রাতে ঢাকা ছেড়ে যায়, সেহেতু সাপ্তাহিক বন্ধ অন্য কোনো দিন হলে বৃহস্পতিবার অফিস শেষে তাঁরা সহজেই প্রিয়জনের কাছে ফিরতে পারতেন।
তাই সার্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবারের পরিবর্তে অন্য যেকোনো কর্মদিবসে নির্ধারণ করবেন বলে আমরা আশা করি।
তারেক আজিজ
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।