হাওরবাসীর জন্য রোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশের ঈশান কোণে মেঘ জমলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, এই বুঝি শুরু হলো হাওরে ‘আফালের তাফালিং’।
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সারা বছরের কষ্টার্জিত একমাত্র বোরো ফসল কেটে ঘরে তুলতে হয় হাওরবাসীদের। রোদ-বৃষ্টির ফাঁকে ফাঁকে তাদের কাজ করতে হয়; একটু দেরি মানে অকালবন্যায় চোখের সামনে পাকা ধান তলিয়ে যাওয়া।
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বুকফাটা রোদ মানে হাওর কৃষকের কাছে আশীর্বাদ। রাত-দিন ২৪ ঘণ্টা পরিশ্রম করে ধান কাটা, মাড়াই, ঝাড়া, শুকানোর কাজ সম্পন্ন করতে হয়। সর্বক্ষণই তাঁরা আতঙ্কিত থাকেন। খাঁ খাঁ রোদের প্রতিটি মুহূর্তকে তাঁরা কাজে লাগানোর চেষ্টা করছেন।
তবে সমস্যা একটা হচ্ছে, এখানে ধান কাটার লোকের বড় অভাব এবং মেঠো রাস্তায় কাটা ধান পরিবহনে সহজে চলাচল ও চালনা উপযোগী যন্ত্রের অভাব। ধানের চারা লাগানোর যন্ত্রেরও বড় অভাব।
প্রতিদিনই ফোনে হাওরবাসীকে আশ্বস্ত হতে বলি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সারা দেশ প্রচণ্ড রোদে দগ্ধ হচ্ছে, চাতক পাখির মতো মানুষ বৃষ্টি কামনা করছেন। তাদের বৃষ্টির প্রয়োজন অস্বীকার করছি না। কিন্তু এ সময়ে বৃষ্টি না হওয়া হাওরবাসীর জন্য মঙ্গলজনক বলে মনে করি।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এই হাওর এলাকায় দেশের এক-পঞ্চমাংশ ধান উৎপাদিত হয়।
নিয়াজ পাশা, কিশোরগঞ্জ।