হাকর নদের দুঃখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকর নদের দুঃখ কেউ বোঝে না, কেউ শোনে না। বেনাপোল স্থলবন্দরের উত্তর পাশ দিয়ে এ নদের ধারা। এর উৎস ভারতের ইছামতী নদী থেকে। বেনাপোল সীমান্তে সাদীপুর গ্রামের ভেতর দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। এঁকেবেঁকে গিয়ে মিশেছে সুদূর কপোতাক্ষ নদে গিয়ে। এককালে এটির ভরা যৌবন ছিল। কলকাতার সঙ্গে যাতায়াতের অন্যতম নৌপথ ছিল এই হাকর নদ।

স্থানীয় প্রবীণদের কাছে এ ধরনের তথ্যই মেলে। এখন সেসব অতীত। রূপকথার মতো। এ নদীর ধারে গেলে বোঝার  কোনো উপায় নেই যে এটি একসময় ঐতিহ্যবাহী নদ ছিল; এর এত রূপ আর যৌবন ছিল। স্টিমার, লঞ্চ, বড় বড় নৌকা এতে চলাচল করত। পানিশূন্য এ নদের বুক চিরে এখন শুধু বাঁধ আর বাঁধ। যে যার মতো এটিকে কায়েমি স্বত্ব বানিয়েছে। চাষ করছে মাছ। এর পানিপ্রবাহ না থাকার কারণে বিরূপ প্রভাব পড়ছে—কি জনজীবন, কি প্রাণিকুলে। তা ছাড়া অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার সময়ও এখান থেকে একফোঁটা পানি পাওয়া যায় না। এ ছাড়া আবাদি জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে।

এ বিষয়ে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

আমিনুল হক

বেনাপোল, যশোর।