রাজধানী ঢাকার হাজারীবাগ থানাসংলগ্ন বৃহৎ হাজারীবাগ বাজার রয়েছে। এই বাজারের বেশির ভাগ দোকান আধা পাকা। নেই পানিনিষ্কাশনের ব্যবস্থা। বৃষ্টির পানিতে সম্পূর্ণ বাজারটি একটি ডোবায় পরিণত হয়। প্রতিদিন এই বাজারে আসে হাজারো ক্রেতা। বাজার মালিক সমিতির নেই উন্নত সভাকক্ষ।
তা ছাড়া ভাসমান বিক্রেতারা বৃষ্টিতে ভিজে পণ্য বিক্রি করেন। বাজারের ভবন না থাকার কারণে ব্যাংকগুলো অনেক দূরের ভবনে খোলা হয়েছে। হাজারীবাগ, কামরাঙ্গীরচর, তাজমহল, কালুনগর, বোরহানপুর, জিগাতলা, বিজিবি-১ গেট, ভাগালপুর ইত্যাদি এলাকার বাসিন্দা হচ্ছে এই বাজারের মূল ক্রেতা।
বৃষ্টির দিনে জলাবদ্ধতার কারণে অনেক দোকানের মালামাল আনা-নেওয়ায় কষ্ট হয়। স্থানীয় সাংসদকে এই সমস্যাগুলো জানানোর পরও কোনো কাজ হয়নি।
এই পরিস্থিতিতে হাজারীবাগ বাজারকে আধা পাকা থেকে ছয়তলায় আধুনিক ভবনে রূপান্তর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাসির উদ্দিন আহমেদ
হাজারীবাগ, ঢাকা।