যথেষ্ট দীর্ঘসূত্রতার পর ৬৬ বছরের পুরোনো হাজারীবাগের ট্যানারিশিল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। পরিবেশ রক্ষা ও বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করায় এটা নিশ্চয়ই যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু জটিলতা দেখা দিয়েছে ট্যানারি স্থানান্তর করে সাভারের চামড়া শিল্পনগরী পুরোপুরি চালু করার বিষয়ে। মালিক ও শ্রমিকপক্ষের অভিযোগ, অপ্রস্তুত অবস্থায় তাঁদের কারখানা-ছাড়া করা হয়েছে। সব ভালো যার, শেষ ভালো তার। আমরা চাই, খুব দ্রুত আগের চেয়েও বড় আকারে সাভারে চামড়া প্রক্রিয়াজাতকরণ শুরু হোক।
সরকার যা পারেনি, পরিবেশবাদীদের আন্দোলন এবং আদালতের নির্দেশে তা সম্পন্ন হয়েছে। হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীকে দূষণবিরোধী ও উৎপাদনবান্ধব করায় সরকারের গলদ রয়ে গেছে। হাজারীবাগের ২০৫টির জায়গায় সাভারে জমি পেয়েছে ১৫৫টি। হাজারীবাগে যাঁদের গ্যাস সংযোগ ছিল, তঁারাই কেবল নতুন সংযোগ পাচ্ছেন। আদালত আবেদনের ১৫ দিনের মধ্যে সংযোগ দেওয়ার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ মনে হয় প্রস্তুত নয়। কারখানার মালিকেরা সাভারে গ্যাসের বেশি চাপ দাবি করছেন, নইলে উচ্চক্ষমতার বয়লারগুলো চালানো যাবে না। সার্বিকভাবে কারখানা স্থানান্তরে মালিকদের গড়িমসির সমানতালে রয়েছে সরকারি অব্যবস্থাপনা। সুতরাং, নতুন চামড়া শিল্পনগরী পূর্ণোদ্যমে শুরু হতে পারছে না। এ দায় মালিক ও সরকার উভয়ের।
দ্বিতীয় প্রশ্ন হলো, বুড়িগঙ্গাকে বাঁচাতে সাভারের ধলেশ্বরীকে কি দূষিত করা যাবে? অবশ্যই না। কিন্তু দূষণ শোধনের যান্ত্রিক অবকাঠামো এখনো পূর্ণভাবে কার্যকর হয়নি। তাই ধলেশ্বরী নদীর পানি দূষণের আশঙ্কাও থাকছে। এখনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার চালু না হওয়া নিয়েও মালিকপক্ষ অভিযোগ করেছে। পরিবেশ অধিদপ্তর ও বিসিকের এ বিষয়ে জবাবদিহি প্রয়োজন।
হাজারীবাগে কর্মরত অনেক শ্রমিকের চাকরি এবং বকেয়া বেতন নিয়েও অনিশ্চয়তা প্রবল। তাঁদের সাভারে পুনর্বাসন কিংবা আইন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করায় মালিকদের বাধ্য করতে হবে। সাভারে যে শ্রমিকেরা কাজ করবেন, তাঁদের পরিকল্পিত আবাসনের বিষয় উপেক্ষা করা যাবে না। তা ছাড়া চামড়ার সংযোগ শিল্পের জন্য জমি দাবি করাও যৌক্তিক মনে হয়।
ট্যানারিশিল্প রপ্তানিমুখী উদীয়মান বৃহৎ খাত। হাজারীবাগ ও সাভারের মধ্যে টানাটানিতে ইতিমধ্যে এই খাতের ক্ষতি হয়েছে। দ্রুত যাতে অসুবিধা কাটিয়ে ওঠা যায়, তার জন্য সরকারের নীতিনির্ধারকদের নজর থাকা প্রয়োজন। পরিবেশ এবং অর্থনীতির মধ্যে ভারসাম্যই কাম্য।