হাতি কি হারিয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ভেসে আসা ভারতীয় হাতিটি
বন্যায় ভেসে আসা ভারতীয় হাতিটি

দলছুট এক বুনো হাতি ব্রহ্মপুত্র নদের বানের জলে ভেসে এসে গত কয়েক সপ্তাহ ব্রহ্মপুত্র-যমুনার চর ও নদীপারে খাবার ও আশ্রয়ের সন্ধানে ঘুরে ফিেরছে। বিপন্ন হাতিটি নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্কিত। হাতি নিজের জন্য হুমকি বা বিপদ আঁচ করলে ভয়ংকর হয়ে উঠতে পারে; সে রকম কোনো বুনো হাতির নাগালে গেলে মানুষেরও বিপদ হতে পারে। তবু মানুষের হাতি দেখার আগ্রহের যেন শেষ নেই। আগন্তুক হাতিটি গত ২৭ জুন থেকে সংবাদ শিরোনাম হয়ে আছে।
স্থলচর প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড়। এরা দলবদ্ধ থাকতে পছন্দ করে। আমাদের দেশে যে হাতিদের দেখা মেলে, এরা ‘এশীয় হাতি’। হাতি সাধারণভাবে তৃণভোজী। ঘাস, লতাপাতা, গাছের বাকল, বাঁশ, ফলমূল, কলাগাছ ইত্যাদি হাতির পছন্দের খাবার। বিশাল শরীরের কারণে তার প্রচুর খাবারের প্রয়োজন হয়। হাতির স্বাভাবিক আবাস ও বিচরণক্ষেত্র প্রাকৃতিক বন ও তৃণভূমি। তাই তাকে টিকে থাকতে হলে প্রাকৃতিক বন থাকা অপরিহার্য। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ১৩টি দেশে এখনো প্রাকৃতিক বনে এশীয় হাতির দেখা মেলে। এদের অধিকাংশই ভারতীয় উপমহাদেশে। বর্তমানে এশীয় হাতির প্রায় ৬৬ শতাংশ বুনো হাতি। অবশিষ্ট চিড়িয়াখানা, সার্কাস বা ব্যক্তিগত মালিকানায় বন্দিদশায় বেঁচে আছে।
বিশ্বজুড়ে হাতি বিপন্ন প্রজাতির প্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় হাতির ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়। হাতি খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় বড় গাছের নিচের অংশে বেড়ে ওঠা গাছপালা পরিচ্ছন্ন করে বনকে বদলে দেয়, প্রতিবেশ-ব্যবস্থায় আনে নিজস্ব ধরনের প্রয়োজনীয় পরিবর্তন। হাতি নিজের প্রয়োজনে পানির জন্য গর্ত খোঁড়ে; তাতে অন্য প্রাণীদেরও খাবার পানি মেলে। বনে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ায় বাধা সৃষ্টি করে হাতির নিয়মিত চলার পথে তৈরি হওয়া শূন্যস্থান। হাতির বিষ্ঠা বনবিস্তারে ভূমিকা রাখে।
বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনে একসময় প্রচুর বুনো হাতি ছিল। এখনো এসব এলাকায় বুনো হাতির দেখা মেলে, তবে তাদের সংখ্যা ভীষণভাবে কমে গেছে। হাতির আবাসস্থল ও খাদ্য সরবরাহ সংকুচিত হওয়ায় হাতির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আমাদের দেশে প্রায় ২০০ বুনো হাতি এখনো টিকে আছে। এ ছাড়া প্রায় ১০০ হাতি বাংলাদেশ, মিয়ানমার, ভারতের মেঘালয়, আসাম, মিজোরাম ও ত্রিপুরার সীমান্ত অঞ্চলে চলাচল করে। আন্তদেশীয় চলাচল ছাড়াও হাতির দল বা দলছুট হাতি তাদের বসবাস এলাকাগুলোর মধ্যে যাতায়াত করে। হাতির চলাচলের পথে মানুষ ঘরবাড়ি, বাগান, ফসলের খেত ইত্যাদি গড়ে তুললে হাতি সেগুলোতে হানা দেয়।
বাংলাদেশে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডও বাড়ছে। বাড়ছে নগরায়ণ। বনাঞ্চলে লোকবসতি, কৃষিকাজ, যোগাযোগের রাস্তা ও অন্যান্য অবকাঠামো গড়ে উঠছে এবং তা সম্প্রসারিত হচ্ছে। এতে প্রকৃতির বন সংকুচিত ও খণ্ডিত হয়ে বিচ্ছিন্ন টুকরো বনভূমি তৈরি হচ্ছে। খণ্ডিত বনাঞ্চল হাতি ও অন্যান্য বন্য প্রাণীর বসবাসের নিরাপদ জায়গা নয়।
বাংলাদেশের বুনো হাতিরা শুধু আবাসিক নয়, পরিব্রাজক হাতিও রয়েছে। তারা বাংলাদেশ ও প্রতিবেশী দেশের মধ্যে আসা-যাওয়া করে। তাই বাংলাদেশ ও ভারত সরকারের সম্মতিতে সীমান্তের বেড়ার কোথাও কোথাও খানিক উন্মুক্ত রাখা হয়েছে। তবে হাতিদের আন্তসীমান্ত চলাচলের আরও কার্যকর ব্যবস্থা দরকার। বিলম্বে হলেও এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে সহযোগিতা সংলাপ শুরু হয়েছে। ২০১৫ সালে দুদেশের বন কর্তৃপক্ষের আলোচনা হয়। মিয়ানমারের সঙ্গেও এ বিষয়ে সংলাপ শুরু করা দরকার।
প্রকৃতিতে হাতি সংরক্ষণের জন্য বন বিভাগ ও আইইউসিএন সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশে হাতি ও মানুষের মধ্যে সংঘর্ষ যেন না ঘটে, হাতির প্রতিবেশ যেন বিপন্ন না হয়, হাতির খাদ্য যেন প্রকৃতিতে সুলভ হয়—এসব লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে শেরপুরের গজনি অঞ্চলে বুনো হাতির উপযোগী খাদ্য চাষ করা হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকার প্রাকৃতিক বন কেটে ফলের বাগান, ফসলি জমি সম্প্রসারণ বেড়েছে। ফলে ওই এলাকার বুনো হাতিগুলো বাংলাদেশের অবশিষ্ট প্রাকৃতিক বনে আসছে। একসঙ্গে ১৫-৩০টি হাতির দল চলাচল করলে শেরপুর, ঝিনাইগাতী, বকশীগঞ্জ সীমান্তসংলগ্ন অপরিসর প্রাকৃতিক বনে হাতিদের পর্যাপ্ত খাবার মেলে না। ফলে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। ফলে মানুষ ও বুনো হাতির সংঘাত দেখা দেয়, কখনো কখনো এ সংঘাত প্রাণঘাতী হয়ে ওঠে।
প্রশ্ন হলো, ক্রমেই সংকুচিত হয়ে আসা প্রাকৃতিক বনের পরিবেশে হাতি কি টিকে থাকবে? বন্য প্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন, তাঁরা আশাবাদী। তবে সে আশাবাদ মানুষের দায়িত্ব সচেতন ও পরিবেশের প্রতি সংবেদনশীল কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল। বন্য পরিবেশে হাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের অবশিষ্ট প্রাকৃতিক বন সংরক্ষণ করতে হবে। খণ্ডিত বনগুলোর মধ্যে হাতির অবাধ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। বন্য প্রাণী সংরক্ষণ চূড়ান্ত বিচারে আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। ছোট এই দেশে প্রচুর মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করার পাশাপাশিই বন্য প্রাণী ও মানুষের সংঘাতহীন সহাবস্থানের কৌশল রপ্ত করতে হবে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।