অনেক দিন পর হলেও ঢাকা শহরে হেঁটে বেড়ানোর একটি অনিন্দ্যসুন্দর স্থাপনা নির্মাণ করা হয়েছে। গাড়িতে চড়ে আবার হেঁটে বেড়ানোর একটি যথার্থ জায়গা নির্মিত হয়েছে। ব্যস্ত শহরবাসী অবসরে একটু প্রাণভরে শ্বাস ফেলতে পারবে। রুটিনবদ্ধ জীবনে যানজটের বাধা পেরিয়ে অবসরে হাতিরঝিলে গিয়ে একটু জিরোনো যাবে। প্রশান্তির সঙ্গে কিছু সময় পার করে আবার ঘরে ফেরা যাবে। হাতিরঝিল প্রকল্পটি একটি সুন্দর প্রকল্প। সত্যি হাতিরঝিল প্রকল্প আমাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। দেশ-বিদেশের সবাই এটির প্রশংসা করেছে।
শুনেছি, সেনাবাহিনীর সদস্যরা হাতিরঝিল প্রকল্প দেখাশোনা করবেন। তখন ভেবেছি, যাক তাহলে এটি বেশ ভালোই থাকবে। কিন্তু বর্তমানে এটির এ কী অবস্থা। চুরি-ছিনতাই ব্যাপকভাবে বেড়ে গেছে। ভাসমান মানুষের সংখ্যাও অনেক। আজেবাজে লোকের সংখ্যাই বেশি। ঘিঞ্জি শহরবাসী যখন একটু প্রশান্তির ছোঁয়া পাওয়ার আশায় হাতিরঝিলে যাবে, সেখানে বিড়ম্বনার শেষ নেই। নিটোল স্বচ্ছ পানি দেখার জন্য সেখানে গেলে দেখা যায়, দুর্গন্ধযুক্ত ময়লা পানি। পানি থেকে উঠে আসা ময়লার গন্ধে নাড়িভুঁড়ি বের হয়ে আসার অবস্থা। ভাসমান মানুষ যত্রতত্র মলত্যাগ করে। তারই বিশ্রী গন্ধে চারপাশ একাকার।
এই চমৎকার সুন্দর স্থাপনাটি যথাযথভাবে দেখাশোনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী নাছরিন
মধ্যবাড্ডা, ঢাকা।