গত ২৯ ডিসেম্বর সারা দেশে প্রধান বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’কালে ক্যাম্পাসের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিছিলের ওপর হামলা হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষক এবং তাঁরা ‘সচেতন শিক্ষকবৃন্দ’ এই ব্যানারে মিছিল করে ক্যাম্পাসের বাইরে একটি রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছিলেন।
প্রথম আলোর (৩০ ডিসেম্বর) সূত্রে জানা যায়, প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, শিক্ষকদের ওই সমাবেশ থেকে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেই তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিছিল প্রতিহত করেছেন। অর্থাৎ ঘটনার দায় স্বীকার করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক সহকর্মীদের ওপর এমন আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করবেন নিশ্চয়। কারণ, এই আক্রমণ সাদা দলের শিক্ষকদের ওপর হলেও বৃহত্তর অর্থে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘প্রতিহত’ করার নামে তাঁদের ওপর আক্রমণ করা পক্ষান্তরে তা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সম্মানহানি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নির্ভর করে এই প্রতিষ্ঠানটির বিদ্যার্থী ও শিক্ষকদের সম্মান ও অধিকার সমুন্নত রাখার ওপর। প্রথমত, সে মর্যাদা শিক্ষক ও শিক্ষার্থী নিজেদেরই রাখতে হবে; দ্বিতীয়ত, এই মর্যাদা অন্যে যাতে ক্ষুণ্ন করতে না পারে সে জন্য ক্যাম্পাসের সবাইকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৯৭৩ সালের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছে। পাকিস্তান আমলে, এমনকি ১৯৭১-এও ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি কঠোর বিধি দিয়ে পরিচালিত হতো বিধায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তার পরও সব ভয় উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মুক্তিযুদ্ধে অংশ নেন।
এই আদেশের পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে, এমনকি দলীয় রাজনীতির সঙ্গেও যুক্ত হতে পারেন। বিগত শতকের নব্বইয়ের দশকে এরশাদের সামরিক স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের দীর্ঘ আন্দোলনে এবং ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তীকালে ফখরুদ্দীন-মইনুদ্দীনের শাসনবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রের এই আন্দোলন মূলত সূচনা ও সফল করার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকেরা। এ ছাড়া ছোটখাটো সমস্যায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন।
এ প্রসঙ্গে স্মরণ করা যায়, ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী আবদুল কাদেরকে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে চরমভাবে নির্যাতন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত প্রতিবাদের মুখে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয় এবং সেই কমিটির রিপোর্টে প্রমাণিত হয় যে কাদের নির্দোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরকে নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে তখন ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন। অতীত ইতিহাস ও কর্ম সব বিবেচনা করেই আজ তাই জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ সম্মানের চোখে দেখে। এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিদ্যার্থীকে কেউ অপমান করবে—এটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে প্রত্যাশিত হতে পারে না। একইভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর কোনো গোষ্ঠী চড়াও হবে, তাঁদের নাজেহাল করা হবে—এটিও সহনীয় হতে পারে না। আমরা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মিলিতভাবে এ হামলার শাস্তি দাবি করব। পাশাপাশি শিক্ষকদের কর্ম ও ঔচিত্য নিয়েও প্রশ্ন থাকবে আমাদের।
শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্বের কারণেই বিদ্যার্থীরা যে কাজ সহজেই করতে পারে, শিক্ষকেরা তা পারেন না। তিয়াত্তরের আদেশে রাজনৈতিক দলে নাম লেখানো স্বাধীনতা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু রাজনৈতিক দলে নাম লেখানোর প্রতিযোগিতায় নামেননি। তাঁরা রাজনৈতিক দল থেকে দূরে থেকে দলগুলোকে সমর্থন করেন মাত্র। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রধান অংশ নীল, সাদা ও গোলাপি গ্রুপে বিভক্ত হলেও শিক্ষকদের বাকি বিরাট অংশ কোনো গ্রুপেই অবস্থান করে না।
বর্তমানে দেশে যে অবস্থা বিরাজমান, তাতে রাজনৈতিক দলসমূহ স্পষ্টভাবেই পরস্পরের মুখোমুখি। এটি ১৯৯০ বা ২০০৭ সাল নয় যে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ঐক্যবদ্ধ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের পক্ষের সমর্থক যেমন আছে, তেমনি সরকারের বিরোধী পক্ষও বর্তমান। সাদা দলের অবস্থান দ্বিতীয় পক্ষে। তাঁরা শিক্ষকদের একাংশমাত্র। যূথবদ্ধতার শক্তি আর বিভক্ত বা একাংশের শক্তি সম্পর্কে নিশ্চয়ই সাদা দলের নেতারা অবগত। এই দলের শিক্ষকদের আগে ক্যাম্পাসে সরকারবিরোধী একাধিক প্রকাশ্য সভা ও মিছিল করেছেন শান্তিপূর্ণভাবেই। সেখানে কোনো বাধা আসেনি। কারণ, ক্যাম্পাস এই প্রতিবাদের ভাষা বোঝে।
কিন্তু ঔচিত্যের বিচারে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বিষয় ভাবতে হবে: চারদিক যখন পেট্রলবোমায় জ্বলছে, যখন পতাকাবাহী লাঠি ও পতাকাহীন লাঠির প্রকাশ্য হুমকি-হুংকার উঠছে, টেলিভিশন ও মোবাইল ফোনের স্ক্রিনে যখন ভেসে উঠছে যুযুধান দুই পক্ষের ‘সমরসজ্জা’—তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মিছিল নিয়ে ক্যাম্পাস ত্যাগ করার সিদ্ধান্ত আর আগুনে ঝাঁপ দেওয়া সমার্থক হয়ে উঠেছিল কি না! যাঁরা এই সিদ্ধান্তটি দিয়েছিলেন, তাঁরা কতটুকু সঠিক ও যৌক্তিক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি কর্ম হতে হবে সুচিন্তিত। তাঁদের কাছে এমন কর্মসূচি প্রত্যাশিত নয়, যে কর্মসূচিতে অংশ নিয়ে কাণ্ডজ্ঞানহীন আক্রমণকারীদের হাতে নাজেহাল হবেন সাধারণ শিক্ষক, সম্মান ক্ষুণ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
ড. সৌমিত্র শেখর: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]