প্রতিবছরের মতো যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) চলতি বছর বৈশ্বিক বসবাসযোগ্যতা শীর্ষক জরিপ প্রকাশ করেছে। যথারীতি এ তালিকায় ঢাকার স্থান শেষতমের আগের ধাপে, অর্থাৎ ১৩৯তম। গত বছর এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪০তম। বসবাসযোগ্যতা নির্ধারণে সুপরিসর আঙ্গিকে পাঁচটি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। ঢাকা বিশ্বের দ্বিতীয় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা নগর। এ কথা অবলীলায় বলা যায় যে অপরিকল্পিত নগরায়ণ ও জনবহুলতার কারণে ঢাকায় যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অগণিত।
ঢাকা শহরের মানুষকে প্রতিদিন নানা সমস্যার মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। বাতাসে সিসা, খাদ্যে ভেজাল, গ্যাস-পানি, বিদ্যুৎ-সংকটের সমস্যা বহুদিন ধরে চলে আসছে। গণপরিবহন বলতে যা বোঝায়, তা কি ঢাকায় আছে, উচ্চ খরচে চিকিৎসাসেবা পাওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পড়তে হয় নগরবাসীকে। লাখো-কোটি টাকা খরচ করে শহরের রাস্তার ফুটপাতের ড্রেনগুলো নতুন করে তৈরি করা হলেও শুধু জনসাধারণের মধ্যে সচেতনতার অভাবে কয়েক দিনের মধ্যে ড্রেনগুলোতে আবার ময়লা-আবর্জনা পরে ড্রেনেজ-ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। যানজট দিন দিন বাড়ছে। মাঠ ও পার্কগুলো দখল হয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, গুম ও হত্যার ঘটনায় নগরবাসী উদ্বিগ্ন। সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় ঢাকার জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এরই মধ্যে ঢাকায় সুউচ্চ অট্টালিকা বেড়েছে, সড়ক প্রশস্ত হয়েছে, উড়ালসড়ক তৈরি হয়েছে। কিন্তু ঢাকার জীবনযাপন সুগম ও সুন্দর হয়েছে বলা যায় না। নারী, শিশু ও বৃদ্ধদের জন্যই এ শহর নরক যন্ত্রণার সমান। রাজধানী ঢাকা যেন শত সমস্যার নগর। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে থানা ও জেলা শহরগুলোতে সুযোগ-সুবিধা বাড়িয়ে ঢাকামুখী মানুষের চাপ কমাতে হবে। ঢাকাকে বাঁচাতে দরকার সঠিক কর্মপরিকল্পনা, সবার অংশগ্রহণ ও বাস্তবায়নের সৎ সাহস। ‘আমাদের রাজধানী আমরাই গড়ব’ নিরাপদ বসবাসের জন্য এ উপলব্ধি সবার থাকা জরুরি।
সাধন সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।