হাসপাতাল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান টানলে যেমন মাথাও চলে আসে, তেমনি চিকিৎসক সম্পর্কে বলতে গেলে চিকিৎসালয় তথা হাসপাতালের কথাও এসে যায়। আর বিলেতের জোক্বুকে পড়েছিলাম: মানুষ অসুস্থ হলে যায় হসপিটালে। হর্স (ঘোড়া) অসুস্থ হলে কোথায় যাবে? কোথায় আবার, হর্সপিটালে!
তা জীবন-নাট্যের-জীবনের হাসি-কান্না, রোমান্স-ভালোবাসার কত অসংখ্য দৃশ্যই না প্রতিনিয়ত প্রতিফলিত হয়ে থাকে বিভিন্ন হাসপাতালে, যেগুলোর অধিকাংশই চিত্তাকর্ষক। নীহাররঞ্জন গুপ্তের লেখা হসপিটাল উপন্যাসটি যঁারা পড়েছেন, তঁারা সবাই একবাক্যে আমার সঙ্গে একমত হবেন। আর আমি যদি আইএসসি পাস করার আগে উপন্যাসটি পড়তাম, তাহলে স্নাতক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি না হয়ে বোধ করি তৎকালে পার্শ্ববর্তী ঢাকা মেডিকেল কলেজেই ভর্তি হতাম।
সে যা হোক। আমার কনিষ্ঠ ছেলে, যে বর্তমানে এক কন্যাসন্তানের গর্বিত বাবা, জন্মগ্রহণ করেছে লন্ডনে; আমি তখন ওখানে আমাদের দূতাবাসে সরকার কর্তৃক পদায়িত। মাত্র ছয় মাস বয়সে ওর পেটের অসুখ হওয়ায় নিয়ে গেলাম নিকটবর্তী নামকরা সেইন্ট জর্জেস হসপিটালে। উইক এন্ডে বড় চিকিৎসকেরা থাকেন না; নবীন চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, পেটের ভেতরে অঁাত প্যঁাচ খেয়ে গেছে, অপারেশন করে ঠিক করতে হবে। বাধ্য হয়ে সম্মতি দিলাম। কিন্তু অপারেশনের পরে তঁারা বললেন, পেট কাটার পূর্বক্ষণেই তা এমনিতে সেরে গেছে; যা হোক, আমরা ওর অ্যাপেনডিক্স কেটে ফেলে দিয়েছি। আমি বললাম, ‘থ্যাংক ইউ ডক্টর, ২০-৩০ বছর পরের একটা অপারেশন এখন সারার জন্য। পরে শুনলাম, নবীন চিকিৎসকেরা হাত পাকানোর জন্য নাকি এসব করে থাকেন। আর এই যদি হয় বিলেতের অবস্থা, তাহলে...।
তো মানুষের শরীরের ভেতরে অ্যাপেনডিক্স বলে একটা উপ-অঙ্গ আছে, যেটার কার্যকারিতা বা প্রয়োজনীয়তা চিকিৎসকেরা অদ্যাবধি বের করতে পারেননি বিধায় নাম দিয়েছেন ‘অ্যাপেনডিক্স’ তথা বাড়তি অংশ এবং অন্য কোনো কারণে পেটে অপারেশন করলে তঁারা এটা কেটে ফেলে দেন; কেননা পরবর্তী সময়ে এটাতে ইনফেকশন হলে পর ২৪ ঘণ্টার মধ্যে অপারেশন না করলে রোগীর মৃত্যু ঘটতে পারে।
তা এটা নিয়েও অনেক মজার গল্প আছে, যেমন: একজন গভীর রাতে পরিচিত শল্য চিকিৎসককে টেলিফোন করেছেন, ‘ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসুন; আমার স্ত্রীর অ্যাপেনডিক্সের ব্যথা বেড়েছে, অপারেশন করতে হবে।’ চিকিৎসক বললেন, ‘গত বছর আপনার স্ত্রীর অ্যাপেনডিক্স অপারেশন করে কেটে ফেলে দিয়েছি। অ্যাপেনডিক্সের অপারেশন

দুবার হতে কখনো শুনেছেন?’ টেলিফোনকারী এবার চিকিৎসককে বললেন, ‘একজনের দুই স্ত্রী থাকতে পারে, এটা নিশ্চয়ই শুনেছেন। ইনি আমার দ্বিতীয় স্ত্রী।’
একদা বিদেশে হাসপাতালে কর্মরত তিন বিশেষজ্ঞ চিকিৎসক তথা সার্জনের মধ্যে কথোপকথন হচ্ছিল। একজন বললেন, ‘আমি লাইব্রেরিয়ানদের অপারেশন করতে ভালোবাসি, কেননা তঁাদের ভেতরে সবকিছু বর্ণমালার বিন্যাস অনুসারে সাজানো পাওয়া যায়।’ দ্বিতীয়জন বললেন, ‘আমার মনে হয় হিসাবরক্ষকদের অপারেশন করাই সবচেয়ে সহজ, কেননা ভেতরে সবকিছু সংখ্যাসূচক।’ এবার তৃতীয়জনের পালা। তিনি বললেন, ‘আমি পছন্দ করি ইলেকট্রিশিয়ানদের, কেননা তঁাদের ভেতরে সবকিছু কালার-কোডেড অর্থাৎ লাল-হলুদ-সবুজ রঙে রাঙানো।’
বলা হয়ে থাকে, একজন আদর্শ সার্জন তথা শল্য চিকিৎসকের নাকি থাকা উচিত সিংহের মতো অকুতোভয় হৃদয়, ইগলের মতো প্রখর দৃষ্টিশক্তি ও নারীদের মতো ক্ষিপ্র হস্তাঙ্গুলি। আরও বলা হয়ে থাকে, সার্জনরা অপারেশনকালে সাদা রুমালে মুখ ঢেকে রাখেন এ জন্য যে তঁারা যদি ভুল করেন, তবে রোগী বেঁচে উঠলে পর যেন তঁাদের চিনতে না পারে; চিনলে সমূহ বিপদের আশঙ্কা।
আর হাসপাতালের অপারেশন থিয়েটারে সংজ্ঞাহীন হওয়ার আগমুহূর্তে রোগী চিকিৎসককে বলেছিল, ‘এটা আমার প্রথম অপারেশন বিধায় খুব ভয় ভয় লাগছে।’ ‘ভয় পাবেন না’, চিকিৎসক সান্ত্বনা দিলেন, ‘এটা আমারও প্রথম অপারেশন।’ আরেক অপারেশনের রোগী তার বঁাচার চান্স কতটুকু জিজ্ঞেস করায় চিকিৎসক নাকি বলেছিলেন, ‘আপনার বঁাচার চান্স শতকরা এক শ ভাগ। এই অপারেশনে গড়ে প্রতি ১০ জনের নয়জন মারা যান। ইতোপূর্বে নয়জন মারা গেছেন; আপনি দশম ব্যক্তি।’
বেঞ্জামিন ফ্রাংকলিন বলেছেন, ‘ঈশ্বর রোগমুক্ত করেন আর চিকিৎসকেরা ফি নিয়ে নেন।’ সবার বেলা কথাটা ঠিক নয়; আমি যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই, তিনি তো ফি নিতেই চান না, সুতরাং আমাকে বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করতে হয়। পক্ষান্তরে, এমনও অনেক চিকিৎসক আছেন, তঁারা যেন একেকটি ‘মানি-মেকিং মেশিন’। এঁদের নাওয়া নেই, খাওয়া নেই, সামাজিকতা নেই; ৩৬৫ দিনই হাসপাতাল আর প্রাইভেট প্র্যাকটিস নিয়ে আছেন এবং দুই হাতে পয়সা কামাচ্ছেন।
আতাউর রহমান: রম্য লেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷