হাসপাতালে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে গত শনিবার শিক্ষানবিশ চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে যে সংঘর্ষ ও মারামারি হয়েছে, তার উৎসে ছিল এক গুরুতর অপরাধ। একজন শিক্ষানবিশ নারী চিকিৎসকের আবাসনকক্ষে অনুমতি না নিয়েই একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী (ওয়ার্ডবয়) ঢুকে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ যদি সত্য হয়, তাহলে এ ঘটনা নারী চিকিৎসকের প্রতি অবমাননা, যা শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দেশে নারীর প্রতি অবজ্ঞা, অবমাননা প্রদর্শন, তাঁদের ওপর নির্যাতন চালানোর যে সংস্কৃতি চলছে, এ ঘটনা তার একটি নিকৃষ্ট উদাহরণ। এর প্রতিকার অবশ্যই হতে হবে।
চিকিৎসকেরা ওই কর্মচারীর বিচারের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ফেরার পথে তাঁদের ওপর কর্মচারীরা হামলা চালান। এরপর শনিবার এর প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা মানববন্ধন করলে কর্মচারীরা তাঁদের ওপর আবার হামলা চালান। এ কারণে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
যেখানে রোগীদের চিকিৎসা হওয়ার কথা, সেই অপারেশন থিয়েটার, জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে। একজন রোগী আক্ষেপ করে বলেন, ‘যাদের কাছে সেবা পেতে আইছি, এহন দেহি তারাই মারামারি করে!’ এটা সত্যিই দুঃখজনক যে সাধারণ মানুষ যেটা বোঝে, হাসপাতালের কর্মচারী ও চিকিৎসকেরা তা বোঝেন না।
পরে এলাকার সাংসদ এসে আলোচনা, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। অভিযুক্ত দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরপরই এ রকম উদ্যোগ নিলে হয়তো মারামারি এড়ানো যেত। সাংসদ একে যথার্থই কর্তৃপক্ষের ব্যর্থতা বলে চিহ্নিত করেছেন। গেটে পুলিশ থাকলেও তারা প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। কারণ, কর্তৃপক্ষ নাকি তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেনি।
মূল অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে হলেও শিক্ষানবিশ চিকিৎসকেরাও দায় এড়াতে পারেন না। তাঁরা ধর্মঘট পালন করেছেন। চিকিৎসা না পেয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। হাসপাতালে মারামারি, ভাঙচুর, ধর্মঘট প্রভৃতি যেন একটি রোগে পরিণত হয়েছে। এই জটিল ব্যাধিরও চিকিৎসা দরকার। কর্মচারী, চিকিৎসক, রোগী, অভিভাবক, কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আন্তরিক হতে হবে।