হাসপাতালে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের আত্মীয়স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের মারামারির ঘটনা যেন নৈমিত্তিক ব্যাপারে পরিণত হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববার ও সোমবার শিক্ষানবিশ চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে রোগীদের আত্মীয়স্বজন ও সাংবাদিকদের সংঘর্ষ হয়েছে। রোববার রাতে এক রোগীর স্বজনদের হাতে এক শিক্ষানবিশ চিকিৎসকের লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীর এক স্বজনকে প্রহার করেছেন। খবর পেয়ে সাংবাদিকেরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে তাঁরাও মার খেয়েছেন। তারপর চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা করা বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় সোমবার আরেক রোগীকে সময়মতো অক্সিজেন দেওয়া হয়নি বলে তাঁর মৃত্যু ঘটলে তাঁর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের মারামারি লেগে যায়। এদিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে গত সোমবার তিনজন টিভি সাংবাদিক ও তিন ক্যামেরাম্যানকে মেরে জখম করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। ওই সাংবাদিকেরা হাসপাতালটিতে গিয়েছিলেন চিকিৎসকদের কর্তব্য পালনে অবহেলার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখে প্রতিবেদন তৈরি করতে।
এসবের ফলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হন সাধারণ রোগীরা; কারণ কোনো হাসপাতালে সহিংস ঘটনা ঘটলেই সেখানে স্বাভাবিক চিকিৎসাকর্ম ব্যাহত হয়; উপরন্তু চিকিৎসক-কর্মচারীরা কাজ বন্ধ করে দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার থেকে চিকিৎসকদের অঘোষিত ধর্মঘটের ফলে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সোমবার এক রোগীর মৃত্যু ঘটেছে তারই মধ্যে। আর ঢাকার মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের আক্রমণের ঘটনায় একটি টিভি চ্যানেল মামলা করলে সে হাসপাতালের চিকিৎসকেরাও কর্মবিরতি শুরু করেন। হাসপাতাল এমন জরুরি চিকিৎসাপ্রতিষ্ঠান, যেখানে কোনো কারণেই চিকিৎসা বন্ধ হওয়া উচিত নয়। আর কোনো পরিস্থিতিতেই দৈহিক বলপ্রয়োগের প্রবণতা গ্রহণযোগ্য নয়।
গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুটি ঘটনা তদন্তের জন্য দুটি কমিটি গঠন করে ভালো করেছে; তদন্তের পর দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট হবে না; সবার ধৈর্য-সহিষ্ণুতা প্রয়োজন। রোগী মারা গেলে চিকিৎসকের ওপর দৈহিকভাবে চড়াও হওয়া যেমন উচিত নয়, তেমনি রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা, কর্মচারীদের দুর্ব্যবহারও গ্রহণযোগ্য নয়। উভয় পক্ষের মধ্যেই গায়ে হাত তোলার যে প্রবণতা লক্ষ করা যাচ্ছে, তা বড়ই দুঃখজনক।