এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের পাঁচতলা ভবনে যখন লিফট চলে না, তখন বিপুলসংখ্যক রোগীকে কী দুর্দশায় পড়তে হয়, তার একটি সচিত্র বিবরণ পাওয়া গেল গতকাল প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই লিফটগুলো অচল হয়ে পড়ে। কখনো কখনো একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সে সময় জেনারেটর চালিয়ে বাতি জ্বালানো, পাখা ঘুরানোসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো হয়, কিন্তু মোট ১১টি লিফটের একটিও চালানো হয় না। তখন রোগীদের সিঁড়ি বেয়ে ওঠা-নামা করতে হয়; গুরুতর রোগীদের স্ট্রেচারে করে সিঁড়ি ভেঙে তোলা কিংবা নামানো কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এক তলা থেকে অন্য তলায় যাওয়ার প্রয়োজন স্বাভাবিক। কিন্তু যখন লিফট চলে না, তখন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।
বিষয়টি এমন নয় যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট চালানোর উপযোগী বৈদ্যুতিক জেনারেটর নেই। রোগনির্ণয়ের জন্য প্রতিটি যন্ত্রপাতির সঙ্গে আলাদা জেনারেটর ছাড়াও সেখানে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর আছে। রংপুর গণপূর্ত বিভাগের একজন উপবিভাগীয় প্রকৌশলী নিজেই বলেছেন, সেই জেনারেটর দিয়ে লিফট চলার কথা, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো চলছে না। এই উক্তির আরেকটি অর্থ হলো, জেনারেটরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। হাসপাতালের পরিচালক বলেছেন, লিফট চলছে না—এই খবর তাঁরা গণপূর্ত বিভাগকে জানিয়েছেন। কিন্তু সে জানানোর কোনো সুফল ফলতে দেখা যায়নি, কারণ বিদ্যুৎ চলে গেলে লিফটগুলো চালানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
লিফট চালানোর ক্ষমতাসম্পন্ন জেনারেটর থাকা সত্ত্বেও তা দিয়ে কেন লিফট চলছে না বা চালানো হচ্ছে না—এটা কোনো রহস্যের বিষয় নয়। গণপূর্ত বিভাগ যে যান্ত্রিক ত্রুটির কথা বলছে, সেটাই যদি সত্য হয়, তাহলে এক্ষুনি তা সারানো হচ্ছে না কেন? হাসপাতাল কর্তৃপক্ষই বা এটা নিয়ে দিনের পর দিন নির্বিকার থাকতে পারে?
বিদ্যুৎ চলে গেলেও যেন সব লিফট চালু থাকে—এটা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, তা অবিলম্বে করা হোক।